- এই যে, শুনছেন...
- আ আমাকে বললেন?
- ইয়ে মানে, কাছে আসবেন না প্লিজ, ওইখান থেকেই কথা হোক।
- আচ্ছা বলুন।
- আপনার নামে সিনেমা হচ্ছে বম্বেতে, জানেন তো?
- আমার নামে? মাফ করবেন, ভুল হচ্ছে কিছু, আমি নেহাতই...
- হ্যাঁ, জানি জানি। আপনি ছাপোষা এলআইসি এজেন্ট― এই বলবেন তো!
- আরে না, এলআইসি নয়, বড়বাজারে হিম্মতলাল মফতলালের একাউন্ট দেখি।
- বটে! আপনি বলতে চান, ডান কাঁধ থেকে আড়াআড়ি বাঁদিকে ঝোলানো ওই কালো ব্যাগটায় আপনার সাইলেন্সার দেওয়া, নাইনএমএম নেই?
- নাইম এমেন? সাইলেন্সার! এসব কী বলছেন আপনি? আমাকে দয়া করে যেতে দিন, বাড়িতে দেরি হয়ে যাচ্ছে।
- স্ট্রেঞ্জ! বাড়ি আছে? এবারে তো বলবেন বাচ্চাও রয়েছে।
- বেড়ে ধরেছেন কিন্তু! ছোটটা সাত, বড়মেয়ে এগারো।
- ওসব ভনিতা ছাড়ুন! সত্যি করে বলুন তো, আপনিই বব বিশ্বাস কিনা?
- কাছাকাছি। তবে বব নয়, 'বাবু'। মা ডাকত, এখন আর কেউ ডাকে না।
- ধুর মশাই, মুডটাই মাটি করে দিলেন! আপনার রোলে জুনিয়র বচ্চনকে কেমন মানাবে সেই নিয়ে গসিপ করব ভাবলাম, আর এদিকে...
- এই জুনিয়র বচ্চনটা কে?
- অ্যাঁ! এর পরে তো বলবেন, শাশ্বত চ্যাটার্জিকেই চেনেন না!
- ইয়ে, চেনা উচিত ছিল, বলুন?
- ন্যাহ। আপনি দেখছি নেহাতই, ওই যাকে বলে বেরসিক!
- হেঁ হেঁ, ঐটেই আমাদের হতে হয় কিনা।
- একাউন্টেন্সিতে?
- এহ্ রামো। একাউন্টেন্সিতে হতে যাবে কেন। আমার নাইট জবের কথা বলছি, সান্ধ্য উপার্জন।
- তাতে বলিউডের খবর রাখা বারণ?
- বুঝিয়ে বলছি, আপাতত আলাপটা সেরে নিই। কোলাপ্সিবলের ওপাশটায় দাঁড়ান, এক মিনিট... নমস্কার
#সপ্তর্ষি_বোস
২৫.১১.২০১৯
Comments
Post a Comment