Skip to main content

সকালের জন্ম


'সকাল' জন্ম নেয় সূর্যের কোল থেকে সে তো আমরা জানিই, তাই না! আর আমরা এও জানি যে, সেই সকাল হাঁটি হাঁটি পা পা করে বড় হয় সব্জিওয়ালার ঝুড়িতে, রাজমিস্ত্রির মশলা মাখতে মাখতে অথবা পার্কের বেঞ্চিতে জগিংয়ের ফাঁকে চুটকি আমুদে গল্পে।
তারপর একফাঁকে পাশের ফ্ল্যাটের চোখ গোলগোল ছেলেটার মতন অথবা মেজবৌদির ডানপিটে পুচকিটার মতন হটাৎ করেই সে হাঁটতে শিখে যাবে। হাঁটবে রান্নার দিদির ভাতের ফ্যান গালতে গিয়ে। ছুটবে চাষীর আলে জল দিতে দিতে। দৌড়বে আপিসের জুতোর মসমস আওয়াজ করে।
সকালের বয়স বাড়লেই আমরা তাকে 'বেলা' বলে ডাকব। যেমনি পুচকেরা হয়ে যায় 'ঋতুপর্ণা' অথবা 'ঋত্বিক'।

যদিও আমার বায়োলজিক্যাল ক্লক অনুসারে, ভোর পাঁচটা একটা মেরিডিয়ান, আক্ষরিক অর্থেই ঘুমের মাঝখান বলা চলে। তবু ভোরবেলা উঠে পড়লে আর চারদিকে চেয়ে দেখলে ছেড়ে আসা ঘুমের জন্যে মনখারাপ করে দাঁত খিঁচিয়ে বসে থাকা আমার ধাতে সয় না। বরং মনটা ভাল হয়ে যায় এই ভেবে যে একটা সকাল হয়ত উল্টে দেবে কালকের সব বেঠিকগুলো। হয়ত সত্যিই একদিন সব দাঙ্গা থেমে যাবে জাস্ট সূর্য উঠলেই। একদিন কেমো নিতে যাওয়া প্রতিটা মানুষ কাজে যোগ দেবে সকাল হলে। একদিন গতরাতে মার খাওয়া মানুষটা ঠিক ঘুরে দাঁড়াবে, আর দাঁড়িয়ে হাসিমুখে বলবে, "কিরে আরো মারবি?" আর তখন উল্টোদিকের লোকটা চোখে একপুকুর অবাক হওয়া নিয়ে তাকিয়ে দেখবে একটা আধমরা লোক শুধু উঠে দাঁড়ায় নি! সে হাঁটছে, হাসছে আর হাসতে হাসতে সকাল মেখে নিচ্ছে সারা গায়ে।
#সপ্তর্ষি_বোস
১৯.০৪.২০১৮

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...