একটা সময় বড় হবার জন্যে কী আকুলিবিকুলি! শীতের সন্ধ্যেবেলা হাফপ্যান্টে ভর্তি চোরকাঁটা আর হাঁটুর নীচে সাদা সাদা খড়ি নিয়ে বাড়ি ফিরলে মা বলে, ‘ছেলেটা দিন দিন বাবার মত হচ্ছে! খাওয়া নেই দাওয়া নেই, সারাক্ষন খেলে বেড়ানো!’ মা’রা সারাক্ষন বকে কেন কে জানে! কখনো আমায়, কখনো বাবাকে। তারপর রাত বাড়ে, দেওঘর থেকে মধুপুর যাবার এক্সপ্রেস ট্রেনের সাথে দেখা হয়ে যায় মধুপুর থেকে দেওঘরগামী প্যাসেঞ্জার ট্রেনের। তারা ইঞ্জিনের কালো ধোঁয়ায় উড়িয়ে দেয়, নিজেদের মধ্যে জমা গল্প। পড়ার টেবলে নেমে আসে একরত্তি মাথা আর ঘুম ঘুম ধোঁয়া। সেইসময় মাথায় এসে পড়ে একটা মুঠো করা হাতের আঙুলের শক্ত গাঁট অথবা গ্রাম্ভারী স্বরে, ‘পড়া ফেলে ঘুম হচ্ছে নাকি? এক্ষুনি ট্রেন আর সিগন্যাল পোস্টের অঙ্কটা করে আনো, পাঁচবার।’ দাঁতে দাঁত চেপে ধরে, ‘আর যাই হোক, বাবার মত হবই না কোনোদিন! মা ঢের ঢের ভাল।’ মাধ্যমিকের ইংরেজিতে লেটার না পেলে, দীঘির জলে হাবুডুবু স্নান সেরে উঠে আসার পর যেমনি, তেমনি কানে লাগে, ‘পাড়ায় বাপের মুখ দেখানো যায় না অকালকুষ্মান্ড ছেলের জন্য!’ চাকরির ইন্টারভিউ বা স্টার্ট আপ শুরুর ফান্ডিং জোগাড়ের লড়াই অথবা রঞ্জির একটা ম্যাচে...