Skip to main content

ডাক্তারি এবং মার খাওয়া

ডাক্তারদের উপর লাগাতার হামলা হচ্ছে রাজ্যে!
খুব নতুন দুর্ঘটনা বলা যায় না। এই অস্বাভাবিক প্রবাহ আমাদের অংশ হয়ে গেছে তা দশকের উপর হলো বৈকি। তবে শুরুটা ডাক্তার দিয়ে হয়নি অবশ্য।
প্রথমে সম্ভবত সরকারি কর্মচারী দিয়ে হাত গরম করেছিলো পাবলিক, তারপর স্কুল-কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের উপর হাত পড়ে― তাতেও সমাজ বা সরকার কারোরই কোনো ভাবান্তর না দেখা দেওয়ায় আরেকটু উঁচু তলার সরকারি কর্মচারী মায় পুলিশ পর্যন্ত এদের হাত থেকে রেহাই পায়নি।

মোটামুটিভাবে সরকারি ডাক্তার বা বৃহত্তর চিকিৎসক সমাজ সম্ভবত শেষ দেওয়াল, যাদের উপর আক্রমণ হলে আর কেউই বাকি থাকবে না।
কাজে গাফিলতি বা ফাঁকি, মনোমতো সিদ্ধান্ত না হওয়া অথবা স্রেফ কথা কাটাকাটি হওয়া― এইসব যারা এই হিংসার সম্ভাব্য কারণ হিসেবে চালিয়ে দিচ্ছেন তারা আসলে কারা?
তারা কি প্রত্যেকেই রাজনৈতিক দল আশ্রিত হুলিগান, গুন্ডা? নাকি তাদের মধ্যেও আছেন অনেক অনেক সাধারণ মুখ, যারা আবার কেউ কেউ মাস্টার, কেউ কেউ কনস্টেবল, কেউ ছোটখাটো-মাঝারি সরকারি-বেসরকারি কর্মচারী?
সংখ্যাতত্ত্ব অনুযায়ী সেটা হবার সম্ভাবনাই প্রবল। অর্থাৎ কিনা যখন মাস্টার ক্যালানো হয়েছে তখনো সেই ভিড়ের মধ্যে এদের প্রতিনিধিরা ছিল! হয়তো শিক্ষক ছিলেন না কেউ কিন্তু বাকিরা ছিলেন। পুলিশকে ঘেরাও করে পিটিয়ে মারার সময় এরাই ছিলেন― কেউ মাষ্টার কেউ ছোটখাটো কর্মচারী, হয়তো পুলিশ ছিলেন না আন্দাজ করা যেতে পারে মাত্র। আবার সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে তার পরিবারকে আটকে রেখে মারধোর, মানহানি করবার সময় হয়তো সরকারি কর্মচারী কিছু ছিলেন না কিন্তু বাকিরা সবাই ছিলেন ভিড়ের অংশ হয়ে।

নেটফ্লিক্স এর জনপ্রিয় সিরিজ "সেক্রেড গেমস"এর প্রথম এপিসোডে একটা সংলাপ আছে, 'এই যে আমরা বারবার বলি এ দেশের কিস্যু হবে না― দেশ মালটা কে? দেশ তো আপনি, আমি, আশেপাশে প্রত্যেকটা মানুষ মিলেই, নাকি!'
দেশটার তখনই কিছু হবে না যখন সম্মিলিতভাবে আমরা কোনো কিছুই করে উঠতে পারব না। তা দেখা যাচ্ছে আমরা ঠিক করে নিয়েছি আমরা মিলিতভাবে দেশের সমস্ত প্রশাসনিক ব্যবস্থার উপর থেকে ভরসা তুলে নিয়ে, বিশ্বাস সরিয়ে নিয়ে যাকে যখন যেমন ভাবে ইচ্ছে হ্যারাস করব, হিংসার আশ্রয় নিয়ে মারধোর করব!
এই তীব্র ঘৃণা, সামগ্রিক রাগের বহিঃপ্রকাশ শাসনযন্ত্র যারা সরাসরি নিয়ন্ত্রণ করেন তাদের কার্যকলাপে ভুল হলে তো দেখি না! কেন তাদের হাতে প্রশাসন আছে বলে? ক্ষমতা আছে বলে? এই 'মব' যদি সত্যিই 'ন্যায়' হয়ে ওঠার ক্ষমতা রাখত― এই জনগণ, এই জনতা জনার্দন নিজেদের জন্য সঠিক শিক্ষিত সংবেদনশীল জনপ্রতিনিধি নির্বাচন করে নিতে পারত না? পারত না চেষ্টা করতে যাতে এই রাষ্ট্রযন্ত্রটা একটু মসৃনভাবে, ভালোভাবে চলে তার ব্যবস্থা করতে! অন্তত চেষ্টাটুকু করতে― আর একান্তই না পারলে, যাদের সরাসরি অঙ্গুলিহেলনে চলতে গিয়ে সিস্টেম হোঁচট খায়, তাদের হাই সিকিউরিটি অফিসের সামনে, কমান্ডো আঁটা বাড়ির সামনে এই বিক্ষোভটা দেখাতে?

একটা রাজ্যের অন্যতম প্রধান, লাইফলাইনসম হাসপাতালে ঢুকে হুজ্জোতি করার সাহস যাদের থাকে অথবা স্কুল চালু অবস্থায় দঙ্গল বেঁধে প্রধান শিক্ষককে মারবার, শিক্ষিকার শ্লীলতাহানি করার মত দুর্বিনয় যাদের থাকে, যারা মনে করেন ব্রিজ ভেঙে পড়লে সরকারি ইঞ্জিনিয়ার বা কর্মচারীদের কাছে জবাবদিহি চাওয়া বা সরাসরি বিচার করে নেওয়া আসলেই ন্যায্য, তারা তাদের এলাকার জনপ্রতিনিধি নির্বাচনে কোন বিচক্ষণতাটা দেখান সেটা আজ জানতে চাই!

এইযে সামগ্রিকভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, ধাপের পর ধাপ পেরিয়ে বিচারের কাঠামো― তাকে ছেড়ে বেরিয়ে আসার এই এত উৎসাহ, তাতে করে 'দেশটার কিচ্ছু হবে না', এই লাইনটাকে আমরা ভবিষ্যৎ নয় খুব তাড়াতাড়ি বর্তমান করে তুলতে চলেছি।
 
তাই সুষ্ঠু সমাজের সাথে অসুস্থ অসামাজিকতার এই শেষ লড়াইটাতে আমি ডাক্তারদের পাশেই আছি। জনসাধারণের জন্য যে চিকিৎসকরা ভাবেন এ নিয়ে আমার মনে অন্তত এতোটুকু সন্দেহ নেই, তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয় তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন অত্যন্ত কষ্টে এবং দায়ে পড়েই নিচ্ছেন। তারা সুস্থভাবে কাজে যোগ না দিতে পারলে সে আমাদের পরাজয়।

পুনশ্চ: উপরে যে ভিড়ের কথা বললাম, বিডিও, হেডমাস্টার, ইঞ্জিনিয়ার, পুলিশকে গণধোলাই দেওয়ার যে ভিড়― তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে কোনো ডাক্তারকে কোনোদিন দেখিনি, উপস্থিতির কথা শুনিওনি। তার জন্য আমি চিকিৎসক সমাজকে অশেষ ধন্যবাদ দিই।

তবে এন্ট্রান্স পরীক্ষা মাতৃভাষায় দেবার দাবিই হোক বা মেডিকেল কলেজে হোস্টেল পাওয়ার জন্য আন্দোলন― অচিকিৎসক সমাজের একটা বড় অংশকে চিকিৎসক সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দেখেছি বিলক্ষণ। তাই ডাক্তাররাও নিজেদের পেশা বা 'ফ্রেটারনিটির' বাইরে সমাজ যখন অসুস্থ হচ্ছিল, অশিক্ষা তার মাথায় গিয়ে রক্ত  ক্ষরাচ্ছিল― অন্তত পক্ষে দুর্ঘটনার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থানটুকু নিতে পারতেন!

কারণ ইতিহাস বইতে কিন্তু লেখা থাকবে না, গণতন্ত্র যখন চিতায় উঠেছিল, সমাজের একটা অংশের লোক যখন মার খাচ্ছিল আগেই, চিকিৎসকরা তখন শপথধর্ম পালন করতে ডায়ালিসিস করতে ব্যস্ত ছিলেন।

এইটুকুই।

#সপ্তর্ষি_বোস

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...