Skip to main content

Posts

Showing posts from 2017

ঐশ্বরিক কবিতাগুচ্ছ

ঐশ্বরিক ১ কমবেশি শীতবোধ সকলেরই থাকে। ঈশ্বর বলে ডাকো যাকে, সেও কাছে এসেছিল, ধরেছিল হাত। ভালোবাসা দিয়েছিলে কিংবা আঘাত অথবা ব্যস্ত ছিলে, তাকাওনি তাই। সময় হাঁটতে থাকে, ঋতুরাও যায়, ঘোলাটে সন্ধ্যে নামে শহরের বুকে। খালিপেট ঈশ্বর তবু শীত মাখে। # সপ্তর্ষি_বোস ২৩.১২.২০১৭ ঐশ্বরিক ২ পলেস্তারা ঝরে পড়ে, তারারাও খসে, কার্নিশচ্যুত হয় কেউ ভালবেসে। প্রেম আলো বয়ে আনে, মন শিউলিকে সভ্যতা শান দেয় প্রাচীন ছুরিতে। পাহাড় নদীরা জানে, জানে সব গাছ, নাম জাতি দেশ মাটি ভাগ হবে আজ। মর্যাদা জিতে যায়, ভালোবাসা মরে। ঈশ্বর চোখ মুছে ফের প্রেমে পড়ে। # সপ্তর্ষি_বোস ৩০.১২.২০১৭ # ঐশ্বরিক

#পায়ের_তলায়_সর্ষে ১

 বৃহস্পতিবার সারাদিনে প্রায় সাড়ে তিন'শ কিলোমিটার ড্রাইভ করে আসার পর রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম বিনা প্রস্তুতিতে। সকালে ঘুম ভাঙালো সাইকেলের ঘন্টি। ফ্রেশ হতেই বাপি অর্থাৎ শ্বশুরমশাই বললেন, "চলো অযোধ্যা পাহাড় থেকে ঘুরে আসা যাক।" তাকিয়ে দেখি আমার সহধর্মিনী, যিনি কলকাতায় আমার কোকিলকন্ঠ না শুনে শয্যাত্যাগ করেন না, তিনিও স্বগৃহে ইতিমধ্যেই স্নান সেরে রেডি! আমাকে রেস্ট দেবার জন্যে বাপি আগেই গাড়ি বলে রেখেছেন। সাদা ফুলকো লুচি আর আলুভাজা, সন্দেশ সহকারে সামান্য পেটপুজো করে পাহাড়ে রওয়ানা দিলাম। রাস্তায় সিরকাবাদে দাঁড়িয়ে পুরুলিয়া জেলার স্পেশালিটি 'ভাবরা' খাওয়া গেল, বেসন দিয়ে জিলিপির মত প্যাঁচ করে একরকমের তেলেভাজা। সাথে কাঁচের গ্লাসে চা, আহ্ কদ্দিন পর যে! পাহাড়ে বেড়ালাম কম, মানুষ দেখলাম বেশি। ছোট ছোট গ্রাম, মাটির নিকোনো দেওয়াল, উঠোনে অনবরত কুক্কুক্ করতে থাকা সদ্য ডিমফোটা মুরগীর দল! দু'কামরার প্রাইমারি স্কুলটার বাইরে কিতকিত খেলতে ব্যস্ত কিশোরীরা। প্রোফাইল ফোটো খুঁজে পাইনা অনুযোগ করতে খচাখচ  ঝর্ণার সামনে ছবি উঠে গেল বেশকটা। আমাদের গাড়ির সারথি নুটুকাকু হাতে ধরে পাহাড়ি রাস্তায় উৎরাই ...

জোকার

 কাল আলফ্রেডের ফোন থেকে কমিশনার কথা বলার পর থেকেই ব্রুস টেনশনে।  পাগলটা ছাড়া পেয়ে গেছে। শুধু ছাড়া পেয়েছে তাই নয়, কমিশনার গর্ডনের কাছে ডিমান্ড করেছে একটা হেলিকপ্টার! তাকে নিয়ে যাবার জন্যে। কোথায়? কোথায় আবার, ওয়েন ম্যানর। বুড়ো আলফ্রেড ছাড়া সেখানে যখন আর কেউ থাকেই না, বাড়িটা সে ব্যবহার করলে ক্ষতি কী! কমিশনারের অবশ্য এতসব দাবি না মানলেও চলত। কিন্তু ব্রুস অনুমতি দিয়ে দিয়েছে। পাগলটার দাবি না মানলে সে ব্রুসের পরিচয় জনসমক্ষে প্রকাশ করে দেবে, যেটা ব্রুস এখনও চায়না, একেবারেই।  কিন্তু অনুমতি দিলেও, মনটা উচাটন হয়ে আছে যে। সকালের ইনফিউশনটাও বিস্বাদ লাগছে কেমন। ফোনটা বাজল। আবার আলফ্রেড। এবার একটু চিন্তাই হচ্ছে তার। - হ্যালো। - এখনো সিরিয়াস?  মানে কী! এই পাগলটা তার ফোন নাম্বার পেল কী করে? ওদিকের লোকটা কিন্তু ঠিক বুঝেছে ব্রুস কী ভাবছে। - ফোনটা পেয়ে কি সত্যি অবাক হলে ব্রুস? তুমি জানতে না আমাকে এই বাড়িতে ঢুকতে দেবার আগে, আলফ্রেডের কী হবে? - ত তুমি কি আলফ্রেডকে মেরে ফেলেছো... - ধুসস্। হি মেকস আম্যাজিং স্টেকস ম্যান। মাইরি মালটাকে তো তুমি প্রায় সতী সাবিত্রী বানিয়ে রেখেছিলে, আপাতত...

★★★ নরকযন্ত্রনা ★★★

ঘুম ভাঙার পর আজকাল আয়নার সামনে অনেকটা সময় কাটায় চিরঞ্জীভ। সময় কাটায় না বলে কাটাতে হয় বললে বেশি ঠিক হত অবশ্যি। এমনিতে ঘুম ভেঙে যেমন ঝরঝরে লাগা উচিত সেরম'ই লাগে কিন্তু আয়নার সামনে এসে দাঁড়ালেই কী যেন খুঁজতে চায় তার চোখ। সে আতিপাতি করে দেখতে থাকে নিজেকে, কিছু একটা ছিল যেটা মনে পড়েনা আর। শেভিং কিট টার দিকে একবার তাকিয়ে মাথা নাড়ায় চিরঞ্জীভ, তারপর শুধু ট্রিমার বুলিয়ে নেয় নিজের গালে। বাথরুম থেকে বেরিয়ে দু'কাপ কফি বানায়, ব্ল্যাক, চিনিছাড়া। তারপর ফর্মালস পরে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে ওঠার সময় রোজ একটা গন্ধ পায় সে, কিসের গন্ধ তা জানা নেই তবে গন্ধটা খুব মৃদু। বহুদূর থেকে বয়ে আসা সুরের মত যেন রিনরিনে আবেশ ছড়িয়ে যায় তার মনে, কিন্তু কেন সেটা সে মনে করতে পারে না। অফিসে তার কিউবিক্লটা বেশ বড়সড়। ডেস্কে তার নাম, নীচে লেখা 'ডিজাইন লীড'। সারাদিনে মেইল আসে অজস্র, হরেকরকম ওয়েবসাইট পেজ লে'আউট থেকে সেরা বেছে নিতে হয় তাকে। ফিরতি মেইল পাঠায় সেও। তার ডেস্কে একটা ফোনও আছে ঠিক, কিন্তু সেটা সারাদিনে বাজে না। বিকেল পর্যন্ত এই নিয়ে একটা খটকা থেকে যায় তার মনে, তারপর সে ফোনটা তুলে কানের কাছে আনে, ...

আ মরি বাংলা ভাষা...

 অফিস থেকে ফিরে বিল্ডিংয়ের নীচে দৌড়তে নেমেছিলুম। না না, চিন্তার কিছু নেই, পরিকল্পনা দীর্ঘমেয়াদি নহে, অফার সীমিত সময়ের জন্য। টিল এনার্জি লাস্টস্। যাই হোক তখন রাত ন'টা। কমপ্লেক্সের মধ্যে একপাক হাই-পেস জগিং করেই আমার আবার মিনিট পাঁচেকের বিরতি লাগে। মানে ওই পরের রাউন্ডটা আধা বা পৌনেতে সেরে ফেললেও কেউ zানতি পারবে নি কো, এইসব বলে টলে উৎসাহী মনকে কনভিন্স করবার জন্যে আর কী। তা সেই বিরতিটাই নিচ্ছিলুম, বেসমেন্ট পার্কিং যাবার একখান সিঁড়ির হাতল ধরে হাঁফাতে হাঁফাতে। এমন সময় শুনতে পেলাম, পাতাল থেকে ভেসে এল ঝাঁঝালো মহিলাকণ্ঠ, "আজ আগর সানি কো বেঙ্গলি নেহি আতি, উও সির্ফ তুমহারি ওজা সে।" - "যাঃ শালা, আমি কী করলাম। সানি তো ওড়িয়াও শিখতে পারেনি, সেটা কি তোমার জন্যে ?" পাশাপাশি হতাশ বঙ্গতনয়ের গলা। - হাম কেয়া ওড়িশা মে রেহতে হ্যা? আমি তো হিন্দি ইংলিশ দুটোই শেখালাম! - "কিন্তু ওর মাদার টাং তো হিন্দি নয়।", বাঙালির যুক্তিজাল, হুঁ হুঁ বাওয়া। - বোকা মৎ বনো। ফাদার টাং তো বাংলা নাকি? তুমি একদিনও শিখিয়েছো? পিতাজী কিতনিবার বোলেথে উও নবান্ন নালন্দ মে ভর্তি কারনে কে লিয়ে। তুমি ম...

★★★ শুভ বিজয়া ★★★

মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে ‘প্লাস ফোর ফোর’ অর্থাৎ ইউকে। কোন কারন নেই তবু ফোনটা ধরল অনিকেত। মহালয়ার দিন যে স্কাইপ ইন্টারভিউটা দিয়েছিল সেই কোম্পানির অনেকগুলো রোল লন্ডনে ছিল না? ‘হ্যালোউ।’ গলাটা ইচ্ছে করেই একটু ভারী করল সে। ওপার থেকে অল্প দেরিতে জবাব এল, ইতস্তত, মেয়েলি কন্ঠে। ‘অনিকেত?' ঝিমিঝিমি বৃষ্টির মত বাজল নামটা অনিকেতের কানে। - হু ইস দিস? ‘আমি, কৌশিকী বলছিলাম।', গলায় আড়ষ্টতা না মনের ভুল কে জানে। ‘ওঃ, আর জি কর টু থাউস্যান্ড এলভ্ন তো?’ 'নাহ্, বিএনসি জিরো নাইন।', চাপা হাসিও ভেসে এল এবার। সামান্য সময় নিল অনিকেত। তারপর বলল, ‘বল রে, কেমন আছিস?’ ‘ওই চলছে, যেমন চলে। তোর কী খবর? পুজো কেমন কাটালি বল।’ - গালভারী নাম আইটি, আসলে তো খাদানের চাকরি! ছুটিই ছিল না এবার। অষ্টমীটা ওয়ার্ক ফ্রম হোম করেছি এইটুকুই। - যাঃ! তাহলে বান্ধবীর সাথে বেরোলি কখন? - ধুসস, ওকে তো চিনিস ভাল। পঞ্চমীতে সারারাত হাঁটিয়েছে! প্লাস কাল রাত্রে নবমী স্পেশাল ফ্যামিলি ডিনার বুক করেছিল বালিগঞ্জ প্লেসে। - বেড়ে চলছে তো রে প্রেম, বিয়েটা কবে করছিস? - দেখি… - এটা কোন উত্তর হলো? - হলো না! সে আর কী করা যাবে। ওর সাথে কথা হয়...

নতুন জুতা

- তুমার কনও গ্য়িয়ান যে কবে হবেক কে জানে! - ক্যানে? কী হইছে? - মাঝরাত পেরায়ে গ্যাছে সে খেয়াল আছে তুমার, নাকি কলকেতা যেয়ে সিটাও ভুলছ? - শুনঅ তো আগে। একটা ভাল খবর আছে বলে ন ফোন করলম। - কী খবর? - আমি ফাস্ট হয়েছি! - মানে? - মানে এই এত্তগুলান লোকের মাঝে আমি ইখানে  পত্থম  হইছি। - সত্যি? - বাবা ভৈরবের দিব্যি। - ... - কি হ্যল? কথা বইলবে  ত। - কি বইলব! - যা হোক কিছু। - ফাস্ট হলে যে, উয়ারা কিছু দিবে তুমাকে? - বাবু বইলেছে একটা সনালি মেডেল দিবে। হাঁই বড়, দু ফিট তো হবেকই! - অ। - তুই খুশি লোস? - হ খুশি। তবে তুমার ব্যাটার লেগে দুটা জুতা লাগবেক, জাড়মাস আসছে। - তুমি কিছু চিন্তা করনি, অষ্টমীপূজার দিনে আবার হবেক বইলেছে, উদিন জিতে দু'শ টাকা চেয়ে লিব আমি। ব্যাটার জুতা লিয়েই আসব কলকেতা থেইক্যে। - তুমি সাবধানে থাকঅ। - ঠিকাছে, বাবুরা ডাক দিয়্য়েছে, ভোর তক ঢাক বাজাব, তুমি ঘুমায়ে পড় ইবার।

মহালয়া Feeling আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর

- যাই বলো ছোটকা, মহালয়া ইজ ওভাররেটেড। - তোকে আমার ভাইপো বলতে লজ্জা করছে রে! - আহা চটছো কেন। সত্যি বলোতো ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠে রেডিও শোনার কোন মানে হয়? তার চেয়ে অফিসে এথ্নিক ডে সেলিব্রেশন এখন ইন। - এইবার পথে এস বাবা। এথ্নিক ডে তে কী করলি তাহলে? - আমি আর কি করব, আপিস্সুদ্দু মেয়েরা শাড়ি টাড়ি পরে ক্যান্টিন থেকে কিউবিকল রাউন্ড মেরে গেল! - মেকাপটা নোটিস করেছিলিস তোপসে? - ইয়ে মানে, আমার উল্টোদিকের মেঘনা, দশটা টু তিনটে লাগাতার ডেস্কে কল নিল তবু চোখের পাতার নীল রং ধ্যাবড়ালো না মাইরি! - তবেই বোঝ! আকাশবাণীর মহালয়া ইজ ওয়েক আপ কল বেটা, ভোর সাড়ে পাঁচটার পর অফিস বেরনো অব্দি তো ড্রেসিং টেবলেই কাটাতে হয়!

★★★দ্য চেন্নাই চ্যাপ্টার★★★ #স্মৃতির_বারান্দা

 'আরেকদিন রাজমা চাউল খেতে হলে আমি চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসব।' অভীক ফোনে মায়ের সাথে কথা বলছিল। কথা অবশ্য ঘুরেফিরে একটাই। সে আর এই 'বিদেশে' পড়ে থাকতে পারবেনা, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কলকাতা ফেরানোর বন্দোবস্ত করা হোক। আমি দীপ কে খুঁজলাম। সে মহারাজ তখন প্লাস্টিকের গ্লাসে তিনভাগ জলের মাথায় একভাগ তরল সোনা ঢেলে চাইনিজ পেগ বানাতে ব্যস্ত। অভীক ফোন কানে দরজা ভেজিয়ে বারান্দায় গেল দেখে আমি এসিটা অন করে দীপকে জিজ্ঞেস করলাম, "এই মালটা কি বরাবর এরকম আতাক্যালানে?"  ত্রিবান্দ্রামে আমাদের ট্রেইনিং হয়েছিল একসাথে, তবে আলাদা ক্লাস, আলাদা হোস্টেল। দীপ আর অভীক সেম কলেজ তাই আগের থেকে বন্ধু। আমি অভীককে চিনেছিলাম চেন্নাইয়ের পোটেনশিয়াল ফিউচার রুমমেট হিসেবে। আর দীপকে অনেক আগেই, ক্লাসের ব্রেকগুলোতে, সিগ্রেট খেতে গিয়ে।  চেন্নাইতে তিনমাস একসাথে থেকে বুঝলাম অভীক আদৌ অভীক নয়, বরং যথেষ্ট ভীতু। বাবার ভয়ে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়েছিল। মায়ের ভয়ে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং। অভীক আসলে 'গুড বয়'। কোনদিন কারো কথার অবাধ্য হয়নি, বাড়ির বেঁধে দেয়া নিয়মের বাইরে যায়নি। বাইরে চাকরি করতে ছ...

আমার শহর

শহরের যে অঞ্চলে আমার বাস তার পিনকোড না জানলে কলকাতা বলে চেনা যায় না। একপাশে সেক্টর ফাইভ আর অন্যদিকে রাজারহাটের এসিজেড। তারমাঝে যে ঝাঁ চকচকে রাস্তাঘাট বাড়িঘর দোকানপাট আছে সেখানে একটা জিনিসেরই অভাব সবচে বেশি, তা হল মানুষ। আমার কমপ্লেক্সের মাথায় দাঁড়ালে যে তিনশো ষাট ডিগ্রী ভিউ পাওয়া যায়, সেখান থেকে আমি আজ অব্দি মেইন রাস্তার ট্রাফিক আর স্পেনসার্স এর সামনের কসমোপলিটান ভিড়টা বাদ দিলে, একসাথে একশটা লোক দেখতে পাইনি। # সপ্তর্ষি_বোস তা মানুষ না থাক, বাকিসব দিব্যি আছে। যেমন ধর গিয়ে ছোট  ছোট গুমটি। তাতে পান বিড়ি সিগ্রেট যেমন মেলে তেমনি দরকারমত পাওয়া যায় চাল ডাল ডিম আলু ইত্যাদি। দুটো বাড়ির মাঝে একটা করে সেভেন-আ-সাইড ফুটবল মাঠসমান ফাঁকা জায়গা। তাতে হাজারো জংলী ফুল, আগাছা। তার মধ্যে কোন কোনটায় আবার কমলা বেগুনী ফুলের বাহার। কুঁড়েঘরে রাজকন্যের গল্পটা বোধহয় গাছেদের সমাজেও আছে টাছে হবে। রাস্তা সবকটাই ইয়া চওড়া হলেও আদতে তো এদেশেরই কোন কন্ট্রাক্টরের হাতে তৈরি, তাই ডানদিক বাঁদিক চকাচক কিন্তু মাঝখানে চিমসানো গালের মত খানিক ডোবা থাকবেই। ঘড়ি ধরে মিনিট তেরোর একটা ঝিরঝিরে পশলা হয়ে গেলে সেটা হয়ে যায় সুই...

নামহীন - গদ্য

ধরে নিলাম তুমি আর আমি আলোকবর্ষ দূরে। যদি ধরে নি আমার বাপির তোমার ওপর খুউউউব রাগ। রাখীর দিন হয়তো স্কুলছুট দুজনেই। ধরে নিলাম হদ্দ বেকারের সাথে ব্যালকনিতে দাঁড়ানো নীল সালওয়ারের ভালোবাসা বারণ। ধরে নিলাম তোর বৃষ্টি ভেজা মানা তাই মেঘ করে আসা বিকেলে শেডের নীচে দাঁড়াতে হয়। ধরে নিচ্ছি সানগ্লাসের পিছন থেকে তোমার চোখদুটো আটকে ছিল আমার কোমরেই! ধরে নিইই প্রেম আসলে হরমোনের খেলা। তবু টিউশনফেরতা তোমার হাতে একফালি চিরকুট ধরিয়ে দিয়ে বিশ্বজয়। জানি কমলা তোর অপছন্দ তবু লিপস্টিকে জিভ ছোঁয়াস নিশ্চি ন্তে। তোমার ঠোঁটের ওপর কোল্ড কফির দাগ যত্নে মুছিয়ে দেব আজীবন। আমি হব সং আর তুই হবি সার। চাইনিজ খেতে শিখব চপস্টিক দিয়ে আর তুই হাতে নিবি চিল্ড বিয়ার। আমার লম্বা নখ দিয়ে আঁচড়ে দেব তোমার প্রাচীর। ধরে নেব তুই একটা নদী আর সুখ খুঁজব ডুবসাগরে। তারপর বেলা বাড়ে আর হাপিত্যেশ হয় একটু সবুজের জন্যে। ধরে নিই ঝড় আসবেই, ছুঁড়ে ফেলবে পাহাড়চূড়ো থেকে অবিশ্বাসের নরকে। তখন সোপান বেয়ে অনিশ্চয়তা দোদুল্যমান। শুধু আমার হাতটা আঁকড়ে ধরে থাকবি আর একদিন চুপিসাড়ে গোধূলি নামবে একটা পাণ্ডববর্জিত রেলস্টেশনের চালে। দুটো সন্ধে হওয়া মানুষ বসে থাকব ট...

ধর্মের জি, রাজনীতির রা, সিয়াচেনের ফ — হল জিরাফ

ফ্যান বন্ধ, চেক। কম্বল মুড়ি, চেক। প্যারাসিটামল সিক্স ফিফটি, চেক। বউ এসে বলল, লজ্জা করে না ১০১ জ্বর নিয়ে এসিটা চালিয়ে রাখতে? এসি অফ, চেক। মাথার কাছে দুটো মাত্র বই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আর হযবরল। ল্যাপটপটা অন করব নাকি, ইউটিউবে 'হীরক রাজার দেশে' দেখতে পারি। এইসব বুমচাং ভাবছি এমন সময় দেখি একটা চিমসে চেহারার লোক! আমার বাড়িতে ঢুকল কি করে? যাব্বাবা বাড়ি কই! এতো একটা বীচ। আমার পায়ের কাছে এসে ঘাই মারছে ঢেউ। আকাশে মেঘ করে এসেছে আর তার মধ্যে দিকচক্রবালে দুটো জাহাজ। আরো দূরে ভেসে যাচ্ছে। লোকটা আমার পাশে এসে জাহাজ দুটোর দিকে তাকিয়ে জিভ দিয়ে চুক চুক করে আওয়াজ করল। আমি পাত্তা না দিয়ে পিছনদিকে ফিরলাম। প্রথমে দেখলুম আকাশ, তারপর চোখ নামিয়ে জঙ্গল আর জঙ্গল যেখানে শুরু সেখানে চোখ নামিয়ে আমার প্রায় পা অবধি দেখলাম অজস্র শরীর, প্রাণহীন। প্রায় সবাই মাটিতে মুখ থুবরে পড়ে আছে। ওপর থেকে গুলি চালানো হয়েছে তার মানে। দুটো জীপ দেখতে পেলুম। ইউনিয়ন জ্যাক উড়ছে পতপত করে। আরে এটা আমার চেনা তো! 'ডানকার্ক' এর ট্রেলার। কিন্তু এই লোকটা কোত্থেকে এসে উদয় হল? লম্বা রোগা লোকটাকে ভালো করে দেখলুম এইবার...

★★★ছোড় আঁয়ে হমম্★★★

ফেলে আসা আর ফেলে যাবার মধ্যে যে তফাতটা আছে সেটা আমি আগে জানতুম না। ফেলে আসা হচ্ছে একটা পাহাড়ি নদীর মতন। পাহাড়ি নদী দেখতে ছোটখাটো, পাথরের ফাঁক দিয়ে আলগা কিছু জল বয়ে যাচ্ছে বলে ঠেকে প্রথমটায়। কিন্তু কাছে গেলে বোঝা যায় পার হওয়া যায়না মোটে এমনি তার স্রোত। আর ফেলে যাওয়া হল গিয়ে খানিকটা মস্ত নদীর ধারে দাঁড়িয়ে থাকার মত, পার হতে গেলে সাঁকো খুঁজতে হয়। নদীর একপাশ দিয়ে এগিয়ে যাও, যেতেই থাকো, সাঁকোটা মিললে তবেই পৌঁছাবে ওইপারে, তোমার উদ্দেশ্যে। সাত বছর আগে যখন কলেজ শেষ করেছিলাম সেদিন ভেবেছিলাম, আবার আসব ক'দিনের মধ্যেই। এই ক্লাসঘর যেখানে ক্লাসের চে বেশি মিশে আছে হুটোপাটি, চোরা চাউনি আর নিখাদ বন্ধুতার গুঁড়োমশলা তা ছেড়ে আর যাবই বা কোথায়! অথবা কমন রুম আর তার লাগোয়া বৌদির দোকান, যেখানে বসে তুমুল ঝগড়া করেছি ফুটবল টিম ম্যানেজমেন্টে আমার দক্ষতা প্রমানে আর তারপর সেই বন্ধুর থেকেই কাউন্টার চেয়ে নিয়ে ধোঁয়ায় উড়িয়ে দিয়েছি সব বাওয়াল আর ছড়ানোছিটানো খিটমিট। ভেবেছিলাম ক্যান্টিনের পরোটা ঘুগনি যেটা খাবার পর পিন্টুদা'কে খিস্তি করেছি চারবছর ধরে রোজ, তার চেয়ে অখাদ্য জীবনে আর কিছু কোনদিন হতে পারেনা, তার টানে...

কোলকেতা ইজ বেঙ্গল দ্য রেস্ট ইজ জঙ্গল : #স্মৃতির_বারান্দা

 কলেজ ঢুকেছি সবে ক'দিন হল। ক্লাসের ফাঁকে, রিসেসে প্রচুর দাদা দিদির ভিড় হচ্ছে আমাদের ক্লাসরুমের সামনেটায়। কোন এক অজানা কারণে প্রথমদিন থেকেই আমি সেই জটলায় ডাক পাচ্ছি বেশ। এরই মধ্যে বারদশেক প্রপোজ করতে হয়েছে সিনিয়র দিদিদের। ইনোভেটিভ বাংলা খিস্তি তৈরী করে দিতে হয়েছে গোটা পাঁচেক। ট্রেনের ইঞ্জিন হয়ে ক্লাসরুম টহল দেওয়া, তাও হয়ে গেছে। তাই আমি বেশ চেনামুখ। ফলে এখন ডাক এলেও আর ঘাবড়ে যাইনা। সত্যি বলতে এখন আর ঘোড়া বা হাঁসের ডাক ডেকে কাউকে নাবালকসুলভ আনন্দদান করতে হচ্ছেনা। সাধারনত এই সময় মানুষ নিজের সদ্যপূর্ব অতীত ভুলে গিয়ে শক্তিশালীর পক্ষ নিয়ে থাকে, এক্ষেত্রেও তাই হল। কদিন আগে আমি যখন 'ইয়া আলি রেহেম আলি' গানের সাথে কত্থক নাচছিলাম, থার্ড বেঞ্চের গোলগাল ছেলেটা টিফিন বাক্সর আড়ালে ভুস্ভুসিয়ে হেসেছিল, এ আমি স্পষ্ট দেখেছি। তাই আজ তাকে যখন বলা হল, 'কোই মিল গয়া'র জাদু হয়ে সবকটা ডেস্কের সামনে গিয়ে, "ধূঊউউপ ধূঊউউপ" বলে কেরিকেচার করতে হবে, আমি মনে মনে আটখানা। তা সেই আহ্লাদী দন্তবিকাশ বেশ কৌতুকময় হয়ে থাকবে নিশ্চই, না হলে আর পঞ্চাশফিট লম্বা করিডরের উল্টোদিক থেকে আমার ডাক পড়বে কে...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...

★★★ অথ তিরুবানান্তপুরাম কথা ★★★ #স্মৃতির_বারান্দা

সিংহের গর্জন আর বাজপাখির তীক্ষতা, এই দুয়ে মেশানো কোনো কণ্ঠস্বর কল্পনা করা সম্ভব? কল্পনা করতে হয়নি। সে আপাত অসম্ভব বাস্তব হয়েছিল আজ থেকে পাক্কা ছ'বছর আগে। স্থান, চেন্নাই-তিরুভনন্থপুরাম এক্সপ্রেস, এসি থ্রি টিয়ের। গন্তব্য, ত্রিবান্দ্রাম, জীবনের প্রথম চাকরির জয়েনিং লোকেশন। আমরা একসাথে বেশ কয়েকজন সতীর্থ। আমার কূপেই রয়েছে দুই ঘনিষ্ঠ বন্ধু, সপ্তক আর তন্ময়। চার বছর এক বেঞ্চে ক্লাস করার পর, চাকরিও একসাথে। সারারাত গুলতানি করে শেষরাতে ঘুমিয়েছি মাত্র। তার মধ্যেই হটাত ওই ঘুমভাঙানিয়া। "তিন্নাম্ ইডলিয়া?" সে যা আওয়াজ তা জিন্দেগী মে কভি আউর আয়ে না রাব্বা! কবি বলেছিলেন, কানের ভিতর দিয়া মরমে পশিল। আমার মনে হল, ঘুমের দুয়ার খুলে হৃদয় হানিল সে! ডিসেম্বরের সকাল, তায় কম্বলের আরাম ছেড়ে উঠতে ইচ্ছে করল না স্বভাবতই। ট্রেন যা গতিতে চলছে তা শ্বশুরবাড়িতে নববধূর প্রথম প্রাতকেও হার মানাতে পারে। তার যেন আড়মোড়া ভাঙতেও লজ্জা। আমরা পৌঁছনোর কথা একটু পরেই, জয়েনিং এর একদিন আগে। আমাদের দলের মধ্যে কেরালা কেউ আগে আসেনি। উৎসাহ এতো যে, মিলন মেলাপ্রাঙ্গন কম হবে। "তিংনাম ইডলিয়া?" সেরেছে, আমার মাথার পিছনে...