Skip to main content

অসমাপ্ত গল্প

আজকাল আমার লেখা কমে গেছে। এটাও সেই অর্থে লেখা নয়। আসলে আমি লেখার জন্য সময় বা সুযোগের চেয়েও বেশি যেটা চাই সেটা হলো, কী লিখব তার একটা স্পষ্ট ধারণা। প্লট বা চরিত্র আমাকে ভাবায় না, তারা এমনিই মাথার মধ্যে রোজদিন হেঁটেচলে বেড়ায়। আমি লিখলাম বা না লিখলাম তাদের কিছু যায় আসে না। কখনো কখনো খেয়াল করে দেখেছি, অনেকদিন থাকতে থাকতে মাথার ভেতরেই চরিত্রদের বয়স বাড়ে, নিজস্ব জগৎ তৈরী হয়। এমনকী তাদের রকমসকম পাল্টে গিয়ে প্লট পাল্টে গিয়েছে এরকম হামেশাই হতে থাকে।
সবচেয়ে অদ্ভুত হয় যখন এক গল্পের চরিত্ররা হঠাৎ করেই চলে আসে অন্য একটা গল্পে! যেমন ছিল একটা কাপল! হিসেবমতন তাদের থাকার কথা একটা মিষ্টি প্রেমের গল্পের নায়ক নায়িকা হয়ে। তারা ভালোবাসবে, ঝগড়া করবে, খুব ভাব হবে তারপর ছাড়াছাড়ি! একদম ফাইনাল হয়ে আছে ছেলেটা স্টেশনের মধ্যে ঢুকবে আর মেয়েটা বাইরে, রাস্তার ওপাশে দাঁড়িয়ে রয়ে যাবে, চোখে রাগ, জল, প্রেম সব নিয়ে। ছেলেটা যাবে তো যাবেই, ফিরে তাকাবে না একবারও।
আরেকটার গল্প ছিল মজার, একটা গোয়েন্দা গল্প। সেখানে হবে কী, একটি মেয়ের স্বামী হারিয়ে গেছে বলে সে এসেছে এক প্রাইভেট ইনভেস্টিগেটরের কাছে। গোয়েন্দা প্রৌঢ়, রিটায়ার্ড মিলিটারি, ঈষৎ স্থূলকায়, কানের পাশের চুলে পাক ধরেছে খানিক, চশমা পরেন আর পেপার পড়েন। খুব চিন্তিত হলে চশমা খুলে নিয়ে তার ডাঁটিটা চেবানোর চেষ্টা করেন। মেয়েটি তাকে বলেছে তার ছোট্ট সুখের সংসার একদিন কেমন করে উল্টে গেছে, কাজে বেরিয়ে তার স্বামী আর ফেরেনি, সে কী করবে কিছুই বুঝতে পারছে না! ইনভেস্টিগেটর কাজে নেমে পড়েন, কিছু সূত্রও পান, এবং একটি সম্ভাব্য ক্লুয়ের খোঁজে এসে পড়েন শহর থেকে দূরে একটা ছোট্ট স্টেশনে, যেখানে ঢুকেই তিনি দাঁড়িয়ে পড়েন, কী একটা যেন মনে পড়ে গেছে এই চিন্তায়।

এতদূর অব্দি সব ঠিকঠাক ছিল, এই গোয়েন্দা, স্বামীকে খুঁজতে চাওয়া মেয়েটি, প্রেমিকা মেয়েটি আর তার ভালোবাসার পুরুষটি ছিল নিজের নিজের আলাদা জীবন নিয়ে আমার মাথারই ভেতর। কিন্তু সেদিন একটা স্টেশনে এসে নামতেই দেখতে পেলাম দুটো গল্প এসে কেমন জুড়ে যাচ্ছে একটা আরেকটার সাথে। সামনে দাঁড়িয়ে সেই রিটায়ার্ড আর্মিম্যান, চিন্তিত গোয়েন্দা, আর দরজা দিয়ে ঢুকছে সেই প্রেমিক ছেলেটি যার ছেড়ে আসার কথা নিজের দয়িতাকে, রাস্তার ঐপারে। কিন্তু ছেলেটির পাশে হেঁটে আসছে সেই মেয়েটি যার স্বামী হারিয়ে গেছে বলে গোয়েন্দা এসে পৌঁছেছেন এই স্টেশনে। আমি নিশ্চিত রাস্তার ঐপারে এখন কেউ দাঁড়িয়ে নেই। কেউ দাঁড়িয়ে ছিল না কোনোদিনই। কারণ প্রেম ফেলে কাজে বেরিয়ে যাচ্ছে না ছেলেটি। মেয়েটার স্বামী হারিয়ে যায়নি কখনোই। গঙ্গা যমুনার স্রোতের মতো একটু পরেই মিলে যাবে দুটো গল্প, বইবে এক খাতে। আলাদা করবার উপায় থাকবে না আর। আর কয়েক পা পরেই আমার গল্পের হিরো, চশমার ডাঁটি মুখ থেকে নামিয়ে আমার কাছে এসে দাঁড়াবেন, বলবেন, "এক্সকিউজ মী, ডু আই নো ইউ?" আমি হেসে বলব, নাঃ কিছুই বলব না। হেসে বেরিয়ে যাব স্টেশন থেকে, মাথার থেকে আরও কয়েকটা জীবনকে মুক্তি দিয়ে।

#সপ্তর্ষি_বোস 
২০.০৪.২০১৯

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...