Skip to main content

ছোটবেলার পূজাবার্ষিকী


দশ বছর বয়সও হয়নি তখন, হঠাৎ এক দাদা দিয়ে গেল সে বছরের পূজাবার্ষিকী আনন্দমেলা। পাশের বাড়ির দাদা, পুজোতে ওরা যাবে বেড়াতে। আমার হাতে এল এক আশ্চর্য স্বর্ণখনি। আমার আলাপ হল কাকাবাবুর সঙ্গে। উদ্ধার করলাম হারিয়ে যাওয়া জোজোকে। মজে গেলাম একটা তিনতলা পোড়ো বাড়িতে বসে রহস্য সমাধান করা প্রাক্তন ম্যাজিশিয়ানের আলোছায়ার জাদুতে― কিকিরা। ইয়েতি রহস্যের কিনারা করতে চাওয়া সত্যসন্ধানী অর্জুন একধাক্কায় আমাকে চিনিয়ে দিল সুপারহিরোইক গোয়েন্দা আর মফস্বলের গ্র্যাজুয়েট ছেলের চিন্তাভাবনার তফাৎ।

সেই শুরু। পরের বছর থেকে পূজাবার্ষিকী প্রকাশ হওয়ার পরের দিনই সকাল সকাল চলে আসে আমার বাড়ি। আর আমি হুমড়ি খেয়ে পড়ি, কাকাবাবু এই বছর কোথায় দেখতে, ভালো ভুত আর গুপ্তধনলোভী মহাজন নাকি সেজে থাকা কাপালিক আর সিঁধ কাটা চোর― কে জিতে যায় শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে দুনিয়ায়। আমি আশ্চর্য হই, সুয়োরানী দুয়োরানী আর দুষ্টু রাক্ষসীর কথা বাদ দিয়েও এমনি মায়াবী রূপকথা কী করে লেখেন শৈলেন ঘোষ! আমি চমকিত হই বিমল করের কিকিরার ঝিকিয়ে ওঠা শানিত বুদ্ধির তলোয়ারে। অবাক হয়ে ভাবতে বসি, কী করে, দিলু অমন অলৌকিক ফিল্ডিং করে!

তারপর একদিন কাকতলীয়ভাবেই হাতে উঠে আসে আরেকটা পুরনো, আমার হাতেখড়ি বয়সের একটা পূজাবার্ষিকী আনন্দমেলা! শারদীয়া ১৩৯৯!
প্রিয় লেখকের প্রয়ানের ঠিক পরের শারদীয়া এইটি। তাই শঙ্কুকাহিনী ছিল মোট তিনটে। ছিল পাণ্ডব গোয়েন্দা, ছিল কার্ভালোর বাক্স, ছিল সঞ্জীববাবুর দুই মামা! আর হ্যাঁ সোনার মেডেল!! আমার পড়া প্রথম শীর্ষেন্দুর সায়েন্স ফিকশন, পাতালঘর পড়েছি আরো কিছুদিন পরে। এবং দিস ওয়ান ইস দ্য বেস্ট ফ্রম হিম, টিল ডেট।
এরা সবাই আমার প্রিয় কিন্তু তারপরেও আমি চোয়ালে চোয়াল চেপে, বারবার পড়েছি, 'শিবার ফিরে আসা'। জীবনে বিশেষ কিছু হতে পারিনি তবে কিছু করবার আগে প্রতিবার মনে ভেসেছে, ভোরবেলা ঘুগনির ডেকচি নিয়ে কয়েকমাইল রিকশা চালিয়ে ঘাম ঝরানো শিবার ফাইট! ক্লাস নাইন থেকে ঠিক করেছিলাম, একদিন ছবি বানালে, এটাই হবে আমার প্রথম গল্প। হয়নি, তবে হবে না কে বলেছে! শিবা যদি পারে...

যাই হোক সঙ্গে দিলাম সেইবছরের শারদীয়ার সূচী। দেখলে মন ভালো যেমনি হয়, তেমনি মন খারাপ ভিড় করে এখনকার অধিকাংশ সূচীপত্র পাশাপাশি রাখলেই।

আর বেশি টানব না, শুধু একটা লেখার কথা মনে করব। সম্ভবত ১৪০৬, শৈলেন ঘোষের উপন্যাস। একটি তিব্বতী পরিবারের ছোট ছেলের লামা হয়ে যাওয়ার আখ্যান। পড়তে পড়তেই কেঁদে ভাসিয়েছিলাম, দিব্যি মনে আছে। লেখকের নাম অন্য বড় এবং ভারী নামের আড়ালেই থাকে আজকাল তবে এই লেখাটা আজও আমার পড়া শ্রেষ্ঠ শিশু-কিশোরসাহিত্য। ইয়েস শ্রেষ্ঠ। উপন্যাসের নাম 'খুদে নায়কের নামটি রুং'।

#সপ্তর্ষি_বোস 
২৩.০৮.২০১৯

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...