ফ্যান বন্ধ, চেক। কম্বল মুড়ি, চেক। প্যারাসিটামল সিক্স ফিফটি, চেক। বউ এসে বলল, লজ্জা করে না ১০১ জ্বর নিয়ে এসিটা চালিয়ে রাখতে? এসি অফ, চেক। মাথার কাছে দুটো মাত্র বই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আর হযবরল। ল্যাপটপটা অন করব নাকি, ইউটিউবে 'হীরক রাজার দেশে' দেখতে পারি। এইসব বুমচাং ভাবছি এমন সময় দেখি একটা চিমসে চেহারার লোক! আমার বাড়িতে ঢুকল কি করে? যাব্বাবা বাড়ি কই! এতো একটা বীচ। আমার পায়ের কাছে এসে ঘাই মারছে ঢেউ। আকাশে মেঘ করে এসেছে আর তার মধ্যে দিকচক্রবালে দুটো জাহাজ। আরো দূরে ভেসে যাচ্ছে। লোকটা আমার পাশে এসে জাহাজ দুটোর দিকে তাকিয়ে জিভ দিয়ে চুক চুক করে আওয়াজ করল। আমি পাত্তা না দিয়ে পিছনদিকে ফিরলাম। প্রথমে দেখলুম আকাশ, তারপর চোখ নামিয়ে জঙ্গল আর জঙ্গল যেখানে শুরু সেখানে চোখ নামিয়ে আমার প্রায় পা অবধি দেখলাম অজস্র শরীর, প্রাণহীন। প্রায় সবাই মাটিতে মুখ থুবরে পড়ে আছে। ওপর থেকে গুলি চালানো হয়েছে তার মানে। দুটো জীপ দেখতে পেলুম। ইউনিয়ন জ্যাক উড়ছে পতপত করে। আরে এটা আমার চেনা তো! 'ডানকার্ক' এর ট্রেলার। কিন্তু এই লোকটা কোত্থেকে এসে উদয় হল? লম্বা রোগা লোকটাকে ভালো করে দেখলুম এইবার...