২০১৮ বইমেলায় 'আত্মপ্রকাশ' প্রথম সোপান বইতে স্থান পাওয়া আমার এই গল্পটার সাথে ছিল দিব্যেন্দু গড়াইদা'র আঁকা একটা অনবদ্য ছবি। দুটোই দিলাম।
আমার লেখার বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকির এবং সবচেয়ে কম মৌলিক এই গল্প আসলে তো প্রাচীন। আমি শুধু যথাসাধ্য তার অনুরণন ধরার চেষ্টা করেছি আমার কীবোর্ডে।
দায়বিদ্ধ --- সপ্তর্ষি বোস
১
দিকচক্রবালে অন্ধকার ছেয়েছে, যুদ্ধের অষ্টম দিনের অবসান হল সবে। কুরুক্ষেত্র প্রান্তর থেকে এখনও শববাহী যানগুলি বের হয়ে যায়নি। প্রতিদিনের মত আজও এদিক ওদিক মৃতদের স্তুপ, পক্ষাপক্ষহীন। মহারথীরা নিজ নিজ তাঁবুতে ফিরে গেছেন অল্প কিছুক্ষণ। আকাশে মেঘ করেছিল তাই অপেক্ষাকৃত পূর্বেই আজ অবহার ঘোষিত হয়েছে। এই সূর্যাস্তের সময়টায় দ্বন্দ্ব বড় বেশি রক্তক্ষয়ী হয়ে ওঠে। দু'পক্ষই তাড়াতাড়ি বিপক্ষকে মেরে ফেলবার কথা ভাবে, যাতে করে তাঁবুতে ফিরে সামান্য বেশি বিশ্রাম পাওয়া যায়। আর তাই সম্ভাবনা বাড়ে ভুল করবার, অসিচালনায় মুহূর্তের বিলম্ব অথবা শরনিক্ষেপের সময় জ্যার কৌনিক বিচ্যুতি অনিবার্য মৃত্যুর দিকে ঠেলে দেয়। আজ বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে এখন মেঘ কেটে গেছে। ওই দেখা যায় কালপুরুষ, প্রান্তরের উত্তর পূর্ব সীমানায় কৌরবশিবিরের মাথায়।
শিবিরের মধ্যভাগে একটি বিশেষভাবে সজ্জিত, শতাধিক সৈন্যবেষ্টিত তাঁবু। নিরাপত্তার বহুল সরঞ্জাম বাদ দিলে, বাইরে থেকে পৃথক বলে বোধ হয়না। তবে কৌরব শিবিরের প্রতিটি সেনা ও সেনানায়ক জানে তাঁবুটি বিশিষ্ট। এই শিবিকার ভেতর দীপশিখা কখনো নিভতে দেখেনি কেউ। যেন নিদ্রাদেবীর এই চৌকাঠের পারে প্রবেশ নিষেধ। এই মুহুর্তে তাঁবুটির অভ্যন্তরে চোখ রাখলে দেখা যায় একটি রক্তিম গালিচার উপর দুটি পুরুষ বসে আছে মুখোমুখি, মধ্যে একটি পাশার দান। এদের মধ্যে শুশ্রূগুম্ফধারী ব্যক্তিটি পাশার দিকে তাকিয়ে আপনমনে একটি সুর গুনগুন করে যাচ্ছে। অপরজন অপলক তাকিয়ে আছে তাঁবুশীর্ষের পশ্চিমমুখী রন্ধ্রের দিকে। ডুবন্ত সূর্যের রক্তরশ্মি সে পথে মৃদু প্রবেশ করছে এখনও। মামা শকুনি অনেক আগেই দুর্যোধনের এই আকার লক্ষ্য করেছেন তবু তিনি নিশ্চল। শকুনি স্থিরবুদ্ধি, যুদ্ধে হতাহতের হিসেবে বিচলিত হবার মানুষ নন। কিন্তু দুর্যোধন? তিনি রাজা, গর্বিত কুরুপতি। কুরুক্ষেত্রে প্রতিদিন মধ্যম পান্ডব একাই শেষ করে দিচ্ছেন সহস্র সৈন্যের বুহ্য। ভীমের হাতে নিহত হচ্ছে তার আপন ভ্রাতারা। অথচ এমন তো হবার কথা নয়! কৌরব সৈন্যদল সংখ্যা এবং শক্তিতে অনেক এগিয়ে। বিপক্ষে পঞ্চপান্ডব থাকতে পারে কিন্তু তার আছে অপরাজেয় চিরতরুণ ভীষ্ম, শস্ত্রবিদ দ্রোন। আছেন কৃপাচার্য্য, শল্যরাজ যারা প্রত্যেকেই ভূভারতে আদৃত যোদ্ধা। তবে কি তাঁর সন্দেহই ঠিক? কুরুরাজের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। মাতুল একমনে পাশার দান চালতে ব্যস্ত।
দুর্যোধন বলে উঠলেন, "আমি পিতামহর সাথে কথা বলতে চাই। তাঁকে আমি তাঁর প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে অনুরোধ করব। কর্ণকে আর রণক্ষেত্রের বাইরে রাখতে পারি না।"
‘তা সে এসে কি করবে বলে মনে হয় তোমার?' শকুনি শুধালেন উদাসীন স্বরে।
- ভেবে দেখো মাতুল, অর্জুনকে বধ করা কর্ণের পক্ষে কোন ব্যাপার নয়। তাছাড়া সে কুরুরাজ্যের সেনাধীশ, শুধুমাত্র পিতামহের জেদের কারনে তাকে ব্যবহার না করা মূঢ়তার পরিচয়।
- 'মূর্খের মত কথা বরং তুমি বলছ ভাগ্নে!' উচ্চহাস্যে বলে উঠলেন শকুনি।
সংশয়ান্বিত দুর্যোধন, শকুনি কী বলতে চান? উদ্যোগপর্বে এই মামা এবং প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ ঘোর বিরোধিতা করেছিলেন পিতামহকে যুদ্ধাধিপতির ভূমিকা পালন করতে দেওয়ার। আজ তাহলে বিপরীত ইঙ্গিত কীসের!
- রণক্ষেত্রে প্রতিদিন কী ঘটে চলেছে, তা তোমার জানা নেই তাই একথা বলতে পারলে। পিতামহ প্রত্যহ শয়ে শয়ে শত্রুসেনা নিধন করছেন। অথচ পাণ্ডবরা তাঁর নিকটে আসছে না মোটেই। তারা আমাদের অপর মহারথীদের নিষ্কর্মা করে চলেছে! সাধারন সেনা নয় তারা আক্রমন শানাচ্ছে আমার ভাইদের ওপর। অথচ অপরাজেয় ভীষ্ম তাদের কেশাগ্র স্পর্শ করতে অপারগ।
"বটে! তবে তিনি চাইলেই তা পারবেন।", বলে উঠবার জোগাড় করলেন শকুনি। তিনি শিবিরে অবস্থান করেন না। অদূরের প্রাসাদেই তাঁর বাস। "তুমি যখন কথা বলবে মনস্থ করেছ, তখন যাও। শুধু একটি পরামর্শ। স্বর্ণ বর, পাঁচটি শর।" এই বলে মাতুল বেরিয়ে গেলেন।
ধীরে ধীরে দুর্যোধনের মুখে চিন্তার বলিরেখা ছাপিয়ে ফুটে উঠল রহস্যময় হাসি।
২
ঘনঘন মাথা নাড়ছেন পিতামহ। তাঁর সামনে নতজানু কৌরবতিলক দুর্যোধন। মৃদুস্বরে উচ্চারণ করলেন তিনি, "পাণ্ডবদের পরাক্রম তুমি বিস্মৃত হয়েছ। গন্ধর্বদের বিরুদ্ধে অস্ত্রধারন করে যারা বিজয়ী হতে পারে..." বাক্য অসমাপিত রেখে পুনরায় মাথা নাড়লেন তিনি।
দুর্যোধন বিস্মৃত হননি। কিভাবে ভুলবেন তিনি সেই কলঙ্ক!
পাণ্ডবদের বনবাস শেষের দিকে তখন, শকুনি আর কর্ণের পরামর্শে সঙ্গীসাথী নিয়ে তিনি গেছিলেন দ্বৈতবনে। উদ্দেশ্য প্রমোদবিহার আর সময়সুযোগ অনুসারে পঞ্চপান্ডব এবং পাঞ্চলীকে অপমান করা। উল্টে দুর্যোধন নিজে চরম অবিমৃষ্যকারীতায় দ্বন্দ্বে প্রবৃত্ত হলেন গন্ধর্ব অধিপতি চিত্রসেনের বিরুদ্ধে। কুরুসেনারা পলাতক, দুর্যোধন ও নারীরা সবাই বন্দী, এমন সঙ্কটসময়ে তাদের উদ্ধারে এগিয়ে আসে বৃকোদর ভীম ও ফাল্গুনী। দুই পান্ডবের বিক্রমে মায়ায় পারঙ্গম গন্ধর্বসেনা মুহূর্তে হয়েছিল ছত্রখান। অবশেষে ইন্দ্রজাল ভেদ করে চিত্রসেন স্বয়ং অর্জুনের হাতে ফিরিয়ে দিয়েছিলেন ধৃতরাষ্ট্রনন্দনকে। সেদিন লজ্জায় মাথা কাটা গেছিল তাঁর। ঋণশোধে অর্জুনকে বর দিতে চেয়েছিলেন তিনি। সেদিন মধ্যম পাণ্ডব বিদায় নিলেও দুর্যোধন কিন্তু বুঝেছিলেন পাণ্ডবদের বীরতা সত্যিই দৈবিক পর্যায়ের।
কিন্তু তাই বলে যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরোয়া করলে চলে না। প্রয়োজনে আয়ুষ্মান ভীষ্মকেও সেকথা স্মরণ করিয়ে দেওয়া উচিত বৈকি।
- 'পঞ্চপান্ডব যে প্রবল যোদ্ধা সেকথা কারো অজানা নয় পিতঃ। তারা যে কৌশলী তাও অস্বীকার করিনা। তথাপি আচার্য দ্রোন, কৃপ, শল্য, ভুরিশ্রবাঃ, অশ্বত্থামা এবং সর্বোপরি অমর অজেয় ভীষ্ম, কোন অংশে কম একথা আমি মৃত্যুর পরেও বিশ্বাস করতে পারব না। আমায় ক্ষমা করবেন পিতঃ।' কাতর স্বরে বলে উঠলেন দুর্যোধন।
- কুরুবংশের রক্ষক হিসেবে আমি নিজের জীবন দিতেও প্রস্তুত যদি তুমি জয়লাভ কর, কিন্তু তা আমার অসাধ্য। তাই তুমি বল আর কী প্রকারে আমি তোমাকে এই যুদ্ধে সাহায্য করতে পারি?
- আপনি মহামহিম। আপনি বিদ্বেষ অসূয়ার উর্দ্ধে। আমার একমাত্র অনুরোধ, আপনি অঙ্গরাজ কর্ণকে ক্ষমা করে দিন। হস্তিনাপুর রাজ্যের এমত বিপতকালে আমাদের তাকে প্রয়োজন। আপনি অনুমতি করুন।
কর্ণ ! এই নামটি শোনামাত্র ভীষ্ম দুর্যোধনের থেকে মুখ ফেরালেন। চকিতে তাঁর চোখে ভেসে উঠল এক নারীর অবয়ব, মহারণের প্রাক্কালে যে মানবী তার কাছে সন্তানের প্রাণভিক্ষা করতে এসেছিল, তার প্রতিচ্ছবি। তিনি জানেন সে কেবল তার অসহায় সন্তানস্নেহ মাত্র। জীবন আসলে গণিতের হিসেব বই কিছুই নয়। তিনি এও জানেন আজ সেই মা, এক বনাম পাঁচের দ্বন্দ্বে নির্দ্বিধায় বেছে নেবে নিরাপদ বহুবচন। তবুও, তবুও শান্তনুতনয় তাঁর প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হতে পারেন না। তিনি দেবব্রত, তাঁর বাক্যই তাঁর জীবন, তাই তিনি ভীষ্ম।
- তা হয়না পৌত্র। আমি সুতপুত্রের সঙ্গে এক পক্ষে অস্ত্রধারনে সম্মত হতে পারি না। আমার পতন না হলে এই যুদ্ধে কর্ণ কুরুপক্ষে যোগদান করতে পারবেন না। তুমি অন্য কিছু চাও, যা ইচ্ছে।
তীব্র ব্যথার প্রকাশ ঘটল দুর্যোধনের চেহারায়।
- আপনি প্রাজ্ঞ। আপনি জ্ঞানী। কিন্তু আপনার সিদ্ধান্ত আমার বোধের বাইরে।
গবাক্ষ দিয়ে বাইরে দেখলেন ভীষ্ম। অসীম অন্ধকারে আবৃত কুরুক্ষেত্র রণাঙ্গন। হয়ত এই অন্ধকারে শীঘ্রই নিমজ্জিত হবে কুরু পাণ্ডব সহ সমগ্র ভারত। কিন্তু তাও নিজপ্রতিজ্ঞাপাশে আবদ্ধ তিনি। দুর্যোধন আবার বললেন,
- একান্তই যদি এই অনুরোধ আপনি না রাখতে পারেন তবে পিতামহ এমন বর দিন যাতে এই যুদ্ধ, এই রক্তস্রোত এক লহমায় শেষ করে দিতে পারি।
- শতাধিক বছরের ক্লান্তি আমি বয়ে বেড়াচ্ছি দৌহিত্র। তেমন কোন শক্তি থাকলে আমি নিজেই তা প্রয়োগ করতাম!
- আছে। আপনি আমায় সেই শক্তি দিন তবে।
- কী বলতে চাও?
- পাঁচটি তীর, পাঁচটি মারণাস্ত্র।
ক্ষনিকের মধ্যে গৌরাঙ্গ ভীষ্মের মুখ পান্ডুর হয়ে গেল। বুঝতে বাকি রইল না দুর্যোধন সত্যিই পঞ্চপান্ডবের জন্য পাঁচটি মরণবান চাইতেই এসেছে তাঁর কাছে। শূন্যদৃষ্টিতে তিনি তাকালেন কুরুরাজের দিকে। যেন আশা করলেন দুর্যোধন ফিরিয়ে নেবে তার কথা,এই তীব্র হিংসা সংবরন করবে। বৃথা আশা। ধীরে ধীরে নিজের তুনীর থেকে বের করলেন রজতশুভ্র পাঁচটি শর। নিজের শয়ানের ওপর সেগুলি স্থাপন করে ডানহাত ছোঁয়ালেন তার ওপর। তাঁর প্রতিটি আঙ্গুল ছুঁয়ে আছে একটি করে তীর। তারপর চোখ বন্ধ করলেন তিনি।
৩
পিতামহর শিবিকা থেকে কৌরবসম্রাট যখন বের হলেন তখন প্রায় মধ্যরাত। আকাশ আবার ধূমলবর্ন, চাঁদের আলো ঢেকে ঢেকে যাচ্ছে বাদলমেঘের আড়ালে। হস্তিনাপুর নগরীতে, দুর্যোধন ভাবলেন, এখন সন্ধ্যামাত্র। পানশালাগুলি ভরে উঠেছে, ফোয়ারা ছুটছে প্রতিটি অতিথির পানপাত্রে। গণিকারা শশব্যস্ত, রাত্রির দ্বিতীয় অথবা তৃতীয় ভোক্তার জন্যে অপেক্ষা করছে তারা। রাজধানী থেকে দূরে এই প্রান্তরে অবশ্য কোন ব্যস্ততার ইঙ্গিতমাত্র নেই। সেনারা প্রবল শ্রান্তির পর সুসুপ্তিতে আচ্ছন্ন। আকাশে স্তব্ধতা এখনও। ইতিউতি প্যাঁচার ডাক ছাড়া রাতপাখিরাও যেন সংযত। শুধু সম্রাট দুর্যোধনের চলনে চাপল্য। তিনি আজ দুনিয়ার সুখীতম পুরুষ। অপেক্ষা শুধু কাল সকালের। যুদ্ধশেষ করে তিনি বিজিত হবেন আর কয়েক ঘন্টা পরেই।
কুরুক্ষেত্রের দক্ষিণ পশ্চিমে, ইন্দ্রপ্রস্থ যেদিকে, সেখানে শিবির ফেলেছে পাণ্ডববাহিনী। তারও ইষৎ পশ্চিমে শুরু হয় আদিম মহাদ্রুমের সারি। এ বনানী ঘন, এ জঙ্গল প্রাচীন, এই অরণ্য দুর্গম। তবে প্রাথমিক দুর্গমতা কাটিয়ে মাইলখানেক পার হয়ে এলে দেখা যায় এক অপূর্বসুন্দর জলাশয়। স্বচ্ছ সবুজ বারি, চারপাশে অসংখ্য রংবেরঙের ফুলগাছ যেগুলো গ্রাম্য রমণীদের নববধূ প্রত্যক্ষ করার উচ্ছলতায় প্রায় ঝুঁকে পড়ছে জলের উপর এবং সৃষ্টি করেছে এক অপূর্ব মায়াবী পরিবেশ। স্থানটি ব্রহ্মসাগর নামে পরিচিত। মধ্যরাতের স্বল্প জ্যোৎস্নায় দেখা যায় এক ঘনশ্যাম পুরুষ দাঁড়িয়ে আছেন জলাশয়ের উত্তরপ্রান্তে, উত্তরের প্রতীক্ষায়। নিশ্চুপ সরোবরের থমকে যাওয়া বাতাস কেঁপে উঠল হটাৎ। অদূরে কিছু প্যাঁচার ডানা ঝাপটানোর আওয়াজ শোনা যায়। শ্রীকান্ত পুরুষটি স্মিত হাসলেন তারপর হাতে তুলে নিলেন একটি বংশী। অরণ্য ভরে উঠল মন্দ্র সুরের মূর্ছনায়। নিশিপক্ষীর দল মুখর হয়ে উঠল, তারা আলাপে মগন হয়েছে সেই সুরের সারথির সাথে। আকাশের মেঘ কেটে গিয়ে নীলাভ দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠল চরাচর, একটি কৃষ্ণবর্ণ ঘোড়া এসে দাঁড়াল মুরলীধরের পাশে।
নিজের তাঁবুর সামনে কৌরবাধিপতি যখন এসে পৌঁছালেন তখন শিবিকারক্ষীরা তন্দ্রায় অচেতন। অভ্যন্তরে দীপ তখনো জ্বলছে। রক্ষীদের দেখে আজ বিরক্ত হবার সময় নেই তাঁর। জনশূন্য শিবিকার অভ্যন্তরে বাতিগুলি এমনভাবে সজ্জিত যাতে বাইরে থেকে ভেতরের প্রতিটি বস্তুর ছায়া দেখা যায়। দুর্যোধন নিশ্চিন্ত হলেন, সমস্ত কুশল, কোন বিপদ অপেক্ষা করে নেই। তাঁবুর পর্দা সরিয়ে প্রবেশ করলেন তিনি আর সাথে সাথেই একটা মিষ্টি কিন্তু তীব্র ঝাঁঝালো ঘ্রাণ আবৃত করে ফেলল তার ইন্দ্রিয়াদি। ধীরে ধীরে শয্যার ওপর বসে পড়লেন তিনি, দেখতে পেলেন এক ছায়ামূর্তিকে শিবিকার প্রবেশপথে। ছায়ামূর্তি এগিয়ে আসতে তিনি চিনতে পারলেন তাকে, অস্ফুটে বিড়বিড় করে বললেন কিছু, নিজের মনেই। আগত পুরুষটি সময় দিল তাঁকে, তারপর বাড়িয়ে দিল দুই হাত। দুর্যোধনের মস্তিস্ক সচল হয়ে উঠছে এইবার, তাঁর সামনে দাঁড়িয়ে মধ্যম পান্ডব! এই সেই বীর যোদ্ধা অর্জুন যার শর স্বয়ং গন্ধর্বও রোধ করতে পারেন না। দুর্যোধন জানেন কী হতে চলেছে, তিনি জানেন নিরস্ত্র অর্জুন দুহাত বাড়িয়ে কী নিতে এসেছে তার কাছে। কিন্তু এ অসম্ভব! এই মহাযুদ্ধে বিজয়ের প্রাক্কালে তিনি শত্রুর মারনাস্ত্র তুলে দেবেন তারই হাতে, সেও কী হয়! সত্যিই কি আজ ফাল্গুনী এসেছে তার প্রাপ্য উপহার আদায় করে নিতে? সেই বর আজ চাইতে এসেছে অর্জুন যা তাকে দুর্যোধন দিতে চেয়েছিলেন প্রানরক্ষার ঋণশোধ করতে! পার্থ একাই এসেছে ঠিকই কিন্তু তিনি জানেন আসলে সে একা নয়। তাকে আড়াল থেকে চালনা করছে এক কৃষ্ণকায় যদুবংশজ। বাসুদেব অদৃশ্য থেকে এই রণক্ষেত্রের প্রতিটি দৃশ্য পরিচালনা করে চলেছেন অহরহ। আর যদি তাই হয় কুরুরাজ নিরুপায়। নিরস্ত্র শত্রুকে আক্রমন করা ক্ষত্রিয়ধর্মে পাপ। প্রানের বিনিময়ে দেওয়া উপহার তিনি অদেয় করতে পারেন না। তা রাজোচিত ব্যবহার নয়। অতএব, পিতামহ ভীষ্মের শক্তি নিঃশেষ করে বানানো পাঁচটি স্বর্ণবাণ তিনি তুলে দিলেন অর্জুনের হাতে।
৪
নতশির হয়ে নিজের শিবিরে বসেছিলেন দেবব্রত। রাত্রি ভোর হয়ে এল প্রায়। অপরাজেয় বরপ্রাপ্ত ভীষ্ম নিজের শেষ ইচ্ছাশক্তিটুকু ত্যাগ করে পাণ্ডবদের জন্য স্বর্নশর প্রস্তুত করার পরেই কুরুরাজ তা চেয়ে নিয়েছিলেন।
মহাবীর ভীষ্ম ততক্ষনে বুঝেছেন দুর্যোধন শুধু তাঁকে অক্ষম এবং অপারগ এক বৃদ্ধ শুধু মনে করে তাই নয়, সুচ্যগ্র পরিমান ভরসাও হয়তো করে না। তার সন্দেহ পাণ্ডবদের উপর স্নেহের বশে ভীষ্ম সাম্রাজ্যের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন! হা ঈশ্বর যদি তাই হত তবে আজ আসমুদ্রহিমাচলমহাভারতের অধীশ হতে পারতেন এই চিরতরুণ বয়োবৃদ্ধ।
তিনি তো চাইলেই যুদ্ধে পান্ডবপক্ষে যোগদান করতে পারতেন, হৃষীকেশ কৃষ্ণ জানেন এই ধর্মযুদ্ধে তিনি যুধিষ্ঠিরের জয়লাভ চেয়েছিলেন। তা সত্বেও কোন প্রাচীন বোধ তাকে সাম্রাজ্যের পক্ষে, সিংহাসনের রক্ষার্থে কৌরববাহিনীতে যোগদানে বাধ্য করেছিল তা হয়ত তিনি নিজেও জানেন না। হায় নিয়তি, শতাধিক বছর আগে যিনি সত্যের পথে থাকতে চেয়ে এই সিংহাসন অস্বীকার করেছিলেন তাঁকে আজ অবিশ্বাসের শিকার হতে হয় সাম্রাজ্যের কাঠগড়ায়!
বাইরে শোণিতসূর্য উদগতপ্রায়। আবার সহস্রাধিক সৈন্য নিদ্রা ভেঙে প্রস্তুত হবে যুদ্ধের জন্যে, জীবন আর মৃত্যুর মাঝে গিয়ে দাঁড়ানোর জন্যে। নবম দিনের যুদ্ধে পিতামহ প্রবল শরবর্ষণে পান্ডববাহিনী মথিত করবেন। কুরুবৃদ্ধের অমানুষিক বিক্রমে অস্থির হয়ে কেশব কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির দিনান্তে সাক্ষাতে আসবেন তাঁর কাছে। দেবব্রত ভীষ্ম নিজেই তাঁকে জানাবেন শিখন্ডীকে বর্ম হিসাবে ব্যবহার করে তাকে বধ করবার উপায়। মহাভারতকথা বিস্তৃত হবে বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার সর্পিল দ্বন্দ্ব সাথে নিয়ে। চিরচেনা যেই পথ।
Comments
Post a Comment