কলেজ ঢুকেছি সবে ক'দিন হল। ক্লাসের ফাঁকে, রিসেসে প্রচুর দাদা দিদির ভিড় হচ্ছে আমাদের ক্লাসরুমের সামনেটায়। কোন এক অজানা কারণে প্রথমদিন থেকেই আমি সেই জটলায় ডাক পাচ্ছি বেশ। এরই মধ্যে বারদশেক প্রপোজ করতে হয়েছে সিনিয়র দিদিদের। ইনোভেটিভ বাংলা খিস্তি তৈরী করে দিতে হয়েছে গোটা পাঁচেক। ট্রেনের ইঞ্জিন হয়ে ক্লাসরুম টহল দেওয়া, তাও হয়ে গেছে। তাই আমি বেশ চেনামুখ। ফলে এখন ডাক এলেও আর ঘাবড়ে যাইনা। সত্যি বলতে এখন আর ঘোড়া বা হাঁসের ডাক ডেকে কাউকে নাবালকসুলভ আনন্দদান করতে হচ্ছেনা। সাধারনত এই সময় মানুষ নিজের সদ্যপূর্ব অতীত ভুলে গিয়ে শক্তিশালীর পক্ষ নিয়ে থাকে, এক্ষেত্রেও তাই হল। কদিন আগে আমি যখন 'ইয়া আলি রেহেম আলি' গানের সাথে কত্থক নাচছিলাম, থার্ড বেঞ্চের গোলগাল ছেলেটা টিফিন বাক্সর আড়ালে ভুস্ভুসিয়ে হেসেছিল, এ আমি স্পষ্ট দেখেছি। তাই আজ তাকে যখন বলা হল, 'কোই মিল গয়া'র জাদু হয়ে সবকটা ডেস্কের সামনে গিয়ে, "ধূঊউউপ ধূঊউউপ" বলে কেরিকেচার করতে হবে, আমি মনে মনে আটখানা। তা সেই আহ্লাদী দন্তবিকাশ বেশ কৌতুকময় হয়ে থাকবে নিশ্চই, না হলে আর পঞ্চাশফিট লম্বা করিডরের উল্টোদিক থেকে আমার ডাক পড়বে কে...