চোখ বন্ধ করলাম। যে যে দৃশ্য মাথায় প্লে হলো, সেগুলোই এই সময়ে দাঁড়িয়ে আমার প্রিয়তম দৃশ্য। সবকটা প্রিয় সিনেমার লিস্ট থেকে নয় কিন্তু এই দৃশ্যগুলো আমাকে সিনেমার বিষয়ে আর জীবনের বিষয়ে এমন কিছু শিখিয়েছে যা অনন্য। শুরু করলাম।
৫. #রান ২০০৪
২০০৭ সালের 'ওয়েলকাম' এবং '০৮ সালের 'শউরিয়া'(শৌর্য্য) দেখার অনেকদিন আগেই, ২০০৪ এ কেবল টিভির কল্যানে এই দুই অভিনেতা অর্থাৎ যথাক্রমে বিজয় রাজ এবং পঙ্কজ ত্রিপাঠিকে দেখে ফেলেছিলাম আমি। এই সিনেমায় তখন একজন দিল্লির থিয়েটার করে বেড়ানো মানুষ আর আরেকজন ন্যাশনাল স্কুল অব ড্রামা'র ফাইনাল ইয়ারের ছেলে কমেডি রোল করেছিল কয়েক মিনিটের। প্রথমত, কমেডি যে কোনো ভাঁড়ামো নয় সেটা কয়েকমিনিটের অভিনয়ে বুঝিয়ে দেন পরবর্তীকালে বলিউডে 'চরিত্রাভিনেতা' হিসেবে স্তম্ভ হয়ে উঠবেন এমন দুজন। আর দ্বিতীয়ত, দৃশ্যটা এমনিতেই এতখানি মজার যে আস্ত সিনেমাটা ভুলে গেলেও সেটা মনে থেকে যায়।
৪. #কিল_বিল_ভল্যুম_২ ২০০৪
একটি মেয়েকে আধমরা অবস্থায় কফিনে পুরে মাটির নীচে চাপা দিয়ে দেওয়া হয়েছে। মেয়েটার হাত বাঁধা, হাতে শুধু একটা টর্চ।
অসামান্য দক্ষতায় টর্চলাইটের উপস্থিতিটা যে কেবল দর্শকের কথা ভেবেই ওখানে দেওয়া হয়, সেটা তারান্টিনো ভুলিয়ে দিয়েছেন। প্রথমত, আগেই নিয়ত করা হয়েছে যে এইভাবে মেয়েটিকে মেরে ফেলতে চায় তার মানসিক অবস্থান প্রায় 'সেডিস্ট'। দ্বিতীয়ত, কফিনের ভিতরের মেয়েটি টর্চের আলোয় তার জীবনের শেষক'টা মুহূর্ত প্রত্যক্ষ করবে যা দর্শককে উত্তেজনার সীমায় নিয়ে যেতে বাধ্য।
শেষত, টর্চলাইটের কমে আসা ব্যাটারি সময়ের সাথে সাথে মেয়েটির বেঁচে থাকার সম্ভাবনার রূপক হিসেবে কাজ করছে।
ও বলা হয়নি, দৃশ্যটা প্রিয় কারণ টর্চের ব্যাটারি ফুরিয়ে আসার আগেই, অসম্ভব মনের জোরে আর ট্রেইনিংয়ের পারদর্শীতায় কন্যাটি বেরিয়ে আসে কফিনের কাঠের ঢাকনা ভেঙে, মাটির উপর!
৩. #ইনগ্লোরিয়াস_বাস্টার্ডস ২০০৯
ইহুদী তরুণী শোসানা প্যারিসে আপাতত নিরাপদ পরিচয়ে বাঁচলেও তার উদ্দেশ্য যাদের জন্য সে ঘর, পরিবার হারিয়েছে সেই নাজিদের উপর প্রতিশোধ নেওয়া। সেই রাস্তায় তাকে অজান্তেই সাহায্য করে নাজিবাহিনীর বীর সৈনিক ফ্রেডেরিক, যে যুদ্ধে মরণপণ লড়াই করার পরেও যখন তার বীরগাথা সিনেমার পর্দায় দেখে তখন সহ্য করতে পারে না শত্রুদের নিধনদৃশ্য।
সিনেমার প্রায় শেষের দিকে ফ্রেডেরিক যখন শোসানার কাছে আসে তার ভালোবাসা সরাসরি জানাতে, সোশানা বাধ্য হয় তাকে গুলি করতে, কিন্তু পরক্ষণেই নিজের মনের দুর্বলতা গোপন না করে ছুটে যায় তাকে সাহায্য করতে। ফ্রেডেরিক শেষ নিশ্বাস ফেলবার আগে তাকে গুলি করে। গুলিবিদ্ধ শোসানার ক্লোজ আপ আর তারপর ক্যামেরা উঠে যায় টপ এঙ্গেল থেকে দুজন কর্তব্যে অবিচল মানুষের নিথর শয্যা দেখিয়ে― যারা দুজনেই হেরে গেলেও, অনুক্ত ভালোবাসার কাছে জিতে যায়।
২. #গডফাদার_পার্ট_২ ১৯৭৪
গডফাদার তখনও গডফাদার হননি, কেবল মাফিয়ার তাড়া খেয়ে সিসিলি থেকে আমেরিকা চলে আসার পর, সেখানেও মাফিয়ার খপ্পরে পড়েছেন। তারপর একদিন উৎসবের দিনে সেই ডনের বাড়ি ঢুকে তাকে গুলি করে যুবক ভিটো করলিওনি। অন্য পরিচালকের হাতে পড়লে ঘটনাটা সেখানেই শেষ হয়ে যেত হয়ত, কিন্তু ফ্রান্সিস ফোর্ড কপোলা দেখালেন ভিটোর ফিরে আসা, ভিড়ের মধ্যে এসে সেই সিঁড়িতে বসা, যেখানে তার স্ত্রী অপেক্ষা করছে তিন সন্তানের সঙ্গে। ভিটো উৎসবের সঙ্গীতের মাঝে মায়ের কোল থেকে তুলে নেয় ছোট্ট মাইকেলকে, তাকে বুকের মধ্যে নিয়ে মাতৃভাষা সিসিলিয়ানে বারবার বলে ওঠে, 'মাইকেল, বাবা খুব, খুব ভালোবাসে তোমাদের!'
মনে পড়ে ভবিষ্যতের একটি দৃশ্য যা দর্শকরা আগেই দেখেছে, শহরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়া সত্ত্বেও যখন মাইকেলের সংসার ভেঙে যাবার মুখে তখন এই বৃদ্ধ গডফাদার বারবার বলেছিলেন, 'পরিবারই সবকিছু'।
১. #স্বদেশ ২০০৪
ভারতের একটা প্রত্যন্ত রেলস্টেশনে একটি বাচ্চা ছেলে মাটির ভাঁড়ে পঁচিশপয়সার জল বিক্রি করে। বালতি হাতে ছুটে ছুটে। বিদেশে থাকা একজন ভারতীয় যাত্রী তাকে দুটো টাকা দিলে এক'টাকা পঁচাত্তর পয়সা ফেরত গুনতে গুনতেই ট্রেন ছেড়ে চলে যায়। যাত্রীর চোখ জ্বালা করে ওঠে, একফোঁটা জল অজান্তেই এসে জমা হয় চোখের কোলে। আমার কাছে সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল এটা। পরিচালককে ধন্যবাদ কোনো নাটকীয়তা না রেখে একদম নিঃসল্ক পরিচিত বাস্তব এইভাবে দেখানোর জন্য।
এই দৃশ্যে শাহরুখ খান, দেশের দারিদ্র্যের নিদারুণ অবস্থা প্রত্যক্ষ করে, একটাও কথা না বলে যে অসহায়তা ফুটিয়ে তুলেছেন তার জন্যই বারবার দেখি আর কাঁদি।
#সপ্তর্ষি_বোস
Comments
Post a Comment