বড়দিন মানে কেক, একথা ভাবতেই ভালো লাগতো ছোটবেলায়। আরেকটু বড়ো হবার পর, সরস্বতী পুজোর আগে কুল খেলে যেমনি সামনের পরীক্ষায় প্রবল ধ্যাড়ানোর চান্স, তার মতো বড়দিন এর আগে কেক খেলেও কোনো অজানা বিপর্যয় আসতে পারে কিনা তাই নিয়ে বুক দুরুদুরু। হাজার হোক, যীশু ভগবান শক্তিতে কিছু কম যান নাকি! বিদ্যাপীঠে পড়ার সময় পঁচিশে ডিসেম্বর ব্রেকফাস্টে পেতাম একটুকরো প্লাম কেক। টার্মিনাল পরীক্ষার ঠিক পরে পরে নতুন বছরের উৎসব অনুষ্ঠান নিয়ে হাজির হতো তখন বড়দিন। সেই অধীর আগ্রহ আর এক আকাশ উৎসাহ স্কুল ছাড়ার পর ফিকে হয়ে এলো। ঠি ক যেমন ফিকে হয়ে গেছে ফেলে আসা টেক্সটবুক অথবা নার্সারী স্কুলের আগে প্রতিদিন মা'র জুতো বাঁধতে শেখানোর স্মৃতি। বড়ো হতে আর বড়দিনটা বড়ো কিছু রইলো না। কলেজজীবন থেকে সে নিখাদ ছুটি মাত্র। কেক শুধু শীতকালের আনুষঙ্গিক হয়ে বেঁচে নেই, সেও বড়ো হয়েছে, এখন তার বাহারি সাজ, রকমারি শোরুম, বহুল ব্যবহার। যাই হোক, অনেকবছর পরে কাল হটাত বড়দিন ভর করলো। কেক কিনতে গেলাম। ঢুকলাম একটি দোকানে যার নামবিপ্লব হয়ে গেছে কিছুদিন আগেই। দরজার বাইরে রঙিন ছাতা লাগিয়ে প্যাকেট কেকগুলো বিক্রি করছে একজন স্টাফ, বাড়তি ভিড় সামলান...