সিঁড়ি জিনিসটা খতরনাক। কারণ বাকি সবকিছুর মত সিঁড়ির ডানদিক, বাঁদিক হয় না। উপর আর নীচে হয়। ঠিক সময়ে সঠিক সিঁড়ি ভেঙে ফেলতে পারলে নাকি জীবনটাই পাল্টে যায়, এমন কথা কান পাতলে শোনা যায় হামেশাই। অবিশ্যি জীবনবাবুর হিসেবের খাতায় স্টেপ জাম্প করে উপরে উঠেই ফের সাপের মুখে পড়েছেন আর দিব্যি পপাত চ, এও কিছু কম নয়। তবে কিনা সেই যখন উপরে উঠতেই হবে একটা বচ্ছরকার মলিন সুতির শাড়ীর আঁচলের মতন নরম শ্যাওলা রাস্তায় হাঁটলে খানিক জিরেন। পথে একটা জলসাঁকো, মাথার উপর ভিড় করে আসা স্মৃতিগাছের বিশাল বিশাল ডাল, আর মাখাসন্দেশের একচামচমাফিক মোলায়েম বাতাস। এরকম সিঁড়ি বেছে নেবার আগে কেবল একটাই জিনিস দেখে নেওয়ার― সিঁড়ির বাঁকে, যেখানে চোখের শেষ, সেইখানে আলোটা খুব জোরালো নয় তো! না হলেই নিশ্চিন্তি। আর হলে? ওইটেই ফাঁকি, ওইটাই আলেয়া। ব্যস! #সপ্তর্ষি_বোস