Skip to main content

★★★ শুভ বিজয়া ★★★

মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে ‘প্লাস ফোর ফোর’ অর্থাৎ ইউকে।

কোন কারন নেই তবু ফোনটা ধরল অনিকেত। মহালয়ার দিন যে স্কাইপ ইন্টারভিউটা দিয়েছিল সেই কোম্পানির অনেকগুলো রোল লন্ডনে ছিল না?


‘হ্যালোউ।’ গলাটা ইচ্ছে করেই একটু ভারী করল সে।


ওপার থেকে অল্প দেরিতে জবাব এল, ইতস্তত, মেয়েলি কন্ঠে।


‘অনিকেত?'


ঝিমিঝিমি বৃষ্টির মত বাজল নামটা অনিকেতের কানে।


- হু ইস দিস?


‘আমি, কৌশিকী বলছিলাম।', গলায় আড়ষ্টতা না মনের ভুল কে জানে।


‘ওঃ, আর জি কর টু থাউস্যান্ড এলভ্ন তো?’


'নাহ্, বিএনসি জিরো নাইন।', চাপা হাসিও ভেসে এল এবার।


সামান্য সময় নিল অনিকেত। তারপর বলল, ‘বল রে, কেমন আছিস?’


‘ওই চলছে, যেমন চলে। তোর কী খবর? পুজো কেমন কাটালি বল।’


- গালভারী নাম আইটি, আসলে তো খাদানের চাকরি! ছুটিই ছিল না এবার। অষ্টমীটা ওয়ার্ক ফ্রম হোম করেছি এইটুকুই।


- যাঃ! তাহলে বান্ধবীর সাথে বেরোলি কখন?


- ধুসস, ওকে তো চিনিস ভাল। পঞ্চমীতে সারারাত হাঁটিয়েছে! প্লাস কাল রাত্রে নবমী স্পেশাল ফ্যামিলি ডিনার বুক করেছিল বালিগঞ্জ প্লেসে।


- বেড়ে চলছে তো রে প্রেম, বিয়েটা কবে করছিস?


- দেখি…


- এটা কোন উত্তর হলো?


- হলো না! সে আর কী করা যাবে। ওর সাথে কথা হয় তো তোর?


- হ্যাঁ, মাঝেসাঝে।


- তুই এই বছর আসবি, বলেছিল যেন একবার।


- অগাস্টে ভেবেছিলাম, তখনই নম্বর নিয়েছিলাম তোর। ভাবলাম আড্ডা দেব। কিন্তু যাওয়া হলো না।


- তুইও তো একটা বিয়ে-টিয়ে করতে পারিস, মাসিমা তো একাই থাকেন শুনেছি।


‘বিয়ে করলে কী হবে? সে কলকাতায় বসে আমার মা'কে সামলাবে আর আমি ইংল্যান্ডে একা একা সংসার?’ হাসতে হাসতে জবাব দেয় কৌশিকী।


‘সেটা নয়, কিন্তু কতদিন বাড়ি আসিসনি বল তো! বছর পাঁচেক?’


- দুরর। বারো সালে তো এমবিএ করতে গেলাম। আর এখানে শিফট করার আগে, ষোলোর বইমেলায় গেছি তো। তুইই কলকাতায় ছিলি না নিশ্চয়।


'হুম।', কথা ছোট হয়ে আসছে অনিকেতের।


কৌশিকী থামল একটু, তারপর নরম করে বলল আবার।

‘আমাদের শেষ পুজোটা মনে আছে তোর?’


‘টু থাউস্যান্ড ইলভন। সবে পাস আউট হলাম। জয়েনিং দেয়নি তখনো।’


- হ্যাঁ। সেবার শ্রাবনী আর আমি মিলে তোকে প্রচুর খাটিয়েছিলাম!


- হুম। আর গাদাগুচ্ছের খরচ! রেস্তোরাঁ, সিনেমা অ্যান্ড হোয়াট নট।


হাসিতে ঝড় ওঠে কৌশিকীর স্বরে। ‘সেই সব হিসেব তুমি তোমার হবু বউয়ের কাছেই পেশ করো নাহয়, তখনও অ্যাকাউন্ট ছিল তার।’


- অ্যাঁ! এটা জানতাম না। শ্রাবনী তো বলেছিল তখন, সবই নাকি তোর আইডিয়া!


- বোঝো! নেক্সট টাইম দেখা হলে ওর মাথায় কাঁঠাল ভাঙ্গব দেখিস। তবে তার আগে তোরা বিয়েটা করে ফ্যাল দিকি।


- তার আগে কেন? বিয়েতে না আসার প্ল্যান করেছিস নাকি!


- আহা তা হতে যাবে কেন। তবে যাবার জন্য নিদেনপক্ষে একটা ডেট দরকার তো।


'তা বটে।'

একটু চিন্তিত শোনায় অনিকেতের গলা। একটু ভেবে নিয়ে সে'ই বলে আবার। ‘তা হলে মার্চ ধরে রাখ। কী বলিস?’


- ব্র্যাভো। ডান।


- আরে দেখেছিস বলতেই ভুলে গেছি, শুভ বিজয়া রে।


ফোনটা শেষ করে লাগেজগুলো একবার কাউন্ট করে নেয় কৌশিকী। মা'কে নিয়ে ট্যাক্সিতে উঠে বলে দেয়, "দাদা, এয়ারপোর্ট।"

যে নম্বরটা থেকে কল গেছে অনিকেতের কাছে সেটা তার অফিস থেকে রাউট করা। তবু এবার পৌঁছে লন্ডনের নম্বরটাও চেঞ্জ করে ফেলবে সে।

শ্রাবনী যেমন বলেছিল, অনিকেত নাকি কৌশিকীকে এখনও ভুলতে পারেনি, কথা বলে কিন্তু পরিস্থিতি অনেক সহজ মনে হল তার।

বাড়িতে পুজো কাটিয়েও পাড়ার মন্ডপে যেতে না পারার যে কী হু হু  মনকেমন তা কাওকে বোঝানো যায় না। শ্রাবনী কি কোনদিন বুঝবে? মনে হয় না। দিল্লির ফ্লাইট বোর্ড করার আগে তাকে এসএমএস করে দেবে সে।


এবার বিয়েটা হয়ে যাওয়া উচিত।


||


সাত বছর আগে এরকম একটা বিকেলেই শ্রাবনী কাঁদো কাঁদো হয়ে তার বাড়ি এসে বলেছিল, "নিকেত পাগল হয়ে গেছে তোর জন্য। তুই প্লীজ ওকে না করে দে।"


অনিকেত যে লাট্টু হয়ে গেছে সেটা কৌশিকী আগেই বুঝেছিল। কিন্তু শ্রাবনী তাকে এইচ এসের কোচিং থেকে ভালোবাসে, সেটা জানা ছিল না।


এই কদিনে অনিকেত তার জীবনে বিশেষভাবে এসেছে তো সত্যিই। বেস্ট ফ্রেন্ড ভার্সেস প্রথম প্রেম, চয়েসটা খুব সিম্পল ছিলনা।


সেইদিনই সন্ধেয় অনিকেত ওর সামনে হাঁটু মুড়ে প্রোপজ করবার ঠিক আগের মুহূর্তে, কৌশিকী ওকে চড় মেরেছিল একটা। বলেছিল, "ডোন্ট ইউ ডেয়ার, আমি জাস্ট বিয়ন্ড ইওর রীচ।"


মন্ডপ থেকে ঠাকুর বেরিয়েছিল তখন সবে। ঢাকে বোল উঠছিল, 'ঠাকুর থাকবে কতক্ষন/ ঠাকুর যাবে বিসর্জন'। চারদিক ধুনো আর ধূপের ধোঁয়ায় ঢেকে। কৌশিকী পিছন ফিরেছিল যাতে তার চোখের চিকচিকে আলো কারও সামনে ধরা না পড়ে।


অনিকেত শুধু ডেকে তার কাঁধে কড়ে আঙ্গুলটা ছুঁইয়ে বলেছিল, "শুভ বিজয়া"।


Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...