'আরেকদিন রাজমা চাউল খেতে হলে আমি চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসব।'
অভীক ফোনে মায়ের সাথে কথা বলছিল। কথা অবশ্য ঘুরেফিরে একটাই। সে আর এই 'বিদেশে' পড়ে থাকতে পারবেনা, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কলকাতা ফেরানোর বন্দোবস্ত করা হোক। আমি দীপ কে খুঁজলাম। সে মহারাজ তখন প্লাস্টিকের গ্লাসে তিনভাগ জলের মাথায় একভাগ তরল সোনা ঢেলে চাইনিজ পেগ বানাতে ব্যস্ত। অভীক ফোন কানে দরজা ভেজিয়ে বারান্দায় গেল দেখে আমি এসিটা অন করে দীপকে জিজ্ঞেস করলাম, "এই মালটা কি বরাবর এরকম আতাক্যালানে?"
ত্রিবান্দ্রামে আমাদের ট্রেইনিং হয়েছিল একসাথে, তবে আলাদা ক্লাস, আলাদা হোস্টেল। দীপ আর অভীক সেম কলেজ তাই আগের থেকে বন্ধু। আমি অভীককে চিনেছিলাম চেন্নাইয়ের পোটেনশিয়াল ফিউচার রুমমেট হিসেবে। আর দীপকে অনেক আগেই, ক্লাসের ব্রেকগুলোতে, সিগ্রেট খেতে গিয়ে।
চেন্নাইতে তিনমাস একসাথে থেকে বুঝলাম অভীক আদৌ অভীক নয়, বরং যথেষ্ট ভীতু। বাবার ভয়ে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়েছিল। মায়ের ভয়ে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং। অভীক আসলে 'গুড বয়'। কোনদিন কারো কথার অবাধ্য হয়নি, বাড়ির বেঁধে দেয়া নিয়মের বাইরে যায়নি। বাইরে চাকরি করতে ছেলের কী পরিমাণ অসুবিধে হবে তা নিয়ে বাবা বিলক্ষণ ওয়াকিবহাল ছিলেন, তাই হাওড়া স্টেশনে দীপকে আলাদা করে ডেকে বলে দিয়েছিলেন, অভীকের খেয়াল রাখতে! আমার মতে দীপ পালকপিতার ভূমিকায় যথেষ্ট সফল। এই যেমন অভীকের শত অনুরোধে উপরোধেও দীপ আমাদের নিশিযাপনে তাকে সামিল করবে না!
আমরা পিজিতে থাকিনা ফলে খাবারের বন্দোবস্ত নিজেদের। দু'চারদিন রেস্তোরাঁয় খেয়ে দেখলাম, পেট আর পকেট দুয়েই টান পড়ছে। ফ্ল্যাটের গেটে সাঁটানো পোস্টার দেখে ফোন করা হল 'প্রেম নর্থ ইন্ডিয়ান ফুড প্লেস' এ। সেই থেকে হোম ডেলিভারি। প্রথমদিকে সপ্তাহে সাতরকম না হলেও, জিরা রাইস, নান, কুলচা, পনির পসিন্দা, চিকেন মসালা ইত্যাদি আলাদা আলাদা খাবার প্রায়ই দিত ঠিকই কিন্তু এখন প্রায় প্রতিদিনই ডাল, রোটি, চাউল আর রাজমা। স্বাদের খারাপ ভাল বোধ লুপ্ত হয়েছে আমাদের জিভ থেকে। এহেন অবস্থায় অভীকের দাবিটা অন্যায় বলা চলে না। তবে চাকরি ছেড়ে বাড়ি ফেরার চেয়ে আপাতত আগামীকাল, শনিবার, সকালে ঠিকঠাক খাবার দোকান খুঁজতে যাওয়া হবে ঠিক হল।
#সপ্তর্ষি_বোস
ঘন্টাখানেক অটো নিয়ে এদিক সেদিক ঘোরা হল বটে তবে যে দুএকটা হোর্ডিং চোখে পড়ল সেগুলো ওই প্রেম নর্থ ইন্ডিয়ান এরই নামান্তর। বিরক্ত হয়ে অটোটা ছেড়ে যখন পদব্রজে ফিরে আসছি অভীক দাঁড়িয়ে পড়ল একটা রাস্তার মোড়ে।
- দীপ, মাছভাজার গন্ধ পাচ্ছিস?
- মাছ? হুম, সঙ্গে মাটন কষাও পাচ্ছি। যত্তসব।
বলে দীপ সিগ্রেট ধরলো একটা। বিশ্বাস করেনি বোঝাই যাচ্ছে। কিন্তু অভীক নির্বিকার। আবার বলল, "সর্ষে দিয়ে রাঁধছে মনে হয়।" এবার আমি একটু এগিয়ে গেলাম, যেদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে অভীক। মাছ কিনা জানা নেই, তবে মেন রাস্তার আশপাশ থেকে রান্নার সুবাস যে আসছে সে নিয়ে সন্দেহ নেই। সেটা যে সম্বর ইডলি নয় তাও পেঁয়াজের ঝাঁজ থেকেই মালুম। খানিকটা এগোলাম। জিওগ্রাফিক্যালি এরিয়াটা শহরের বাইরে, তাই যতই আইটি কোম্পানির রমরমা থাক, সেইভাবে রেসিডেন্সিয়াল হয়ে ওঠেনি এখনো। একটা বড় ফার্নিচারের দোকান আছে বাসস্ট্যান্ডে। আর তার পাশে ছোট জ্যুসের দোকান একটা। যাই দেখে আসি কী কেস!
জ্যুসের দোকানটা নেই। তার জায়গায় যেটা আছে তার সামনে একটা ভারী পর্দা নামানো, অবশ্য দিব্যি পর্দার এপাশ থেকেই গন্ধ পেলাম নন-সাউথ ইন্ডিয়ান হেঁশেলের। পর্দা সরিয়ে ভেতরে ঢুকে দেখি মাথায় গামছা বাঁধা সাদা স্যান্ডো আর বারমুডায় একমুখ হাসি নিয়ে একজন বেঁটেখাটো লোক টেবিলে রাখা সারিসারি টিফিনবাক্সে খাবার ভরছে। খাবারের দিকে নজর দিতেই কী ভাষায় কথা বলতে হবে বুঝে ফেললাম। ভাত, আলুপোস্ত, সর্ষে দিয়ে মাছ, পটল আলুর তরকারি। অভীকের মুখটা দেখলাম বেইজিং এর সেই অলিম্পিক স্টেডিয়ামটার মত হয়ে আছে, আস্ত লবস্টার পায়চারি করতে করতে ঢুকে পড়বে এত বড় হাঁ !
রাহুলদা মেদিনীপুরের মানুষ ওড়িশা হায়দ্রাবাদ ঘুরে শেষ বছর দশেক চেন্নাইতে। স্টেশনের কাছে একটা বেশ বড়সড় বাঙালি হোটেলে রান্না করত এতদিন। এইবার নিজেই ছোটখাটো কিছু করতে এই চত্বরে থিতু হয়েছে। সেদিন রাত্রে হোম ডেলিভারির ওপর আরশোলা ঘুরে বেড়াল। রোববার সকালে রাহুলদার ওখানে খেতে যাবার আগে, প্রেম নর্থ ইন্ডিয়াকে বকেয়া দিয়ে বিদায় জানালাম। সেই শুরু, তারপর রোজদিন কষা মুরগী, চিংড়ির মালাইকারি অথবা কাতলার কালিয়া নিদেনপক্ষে পোনামাছের ঝাল। রাহুলদার খাবার স্বাদে গন্ধে নিরুপমা তো বটেই তার চেয়েও বড় কথা ফ্ল্যাটের চার দেওয়ালের বাইরে কারো সাথে নিয়মিত বাংলায় গল্প করার এই সুযোগটা আমাদের কাছে মরুভূমিতে টিউবওয়েল খুঁজে পাবার চেয়ে কম ছিলনা মোটেই। ফলে খুব তাড়াতাড়ি জমে গেল সম্পর্কটা। শুক্কুরবার করে অফিস থেকে ফেরার পথে দোকানে খানিকটা ছোটমাছ ভাজা আমাদের জন্যেই রাখা থাকে আজকাল। ইদানীং অভীককে আনুপাতিক হারে পানীয় অনুমোদন করেছে দীপ। আমাদের তৃতীয় রাউন্ডে তার শুরু এবং পরিমান অর্ধেক! মাসদুয়েক পরে রোববার দুপুরে সবে চিকেন কোর্মা এবং রুই পোস্ত সহযোগে লাঞ্চ শেষ করে রাজকীয় মেজাজে কিংস ধরিয়েছি, রাহুলদা দোকান থেকে বেরিয়ে এসে বলল, "তোমরা সবজি মার্কেটটা চেন?"
- "সেলুনের উল্টোদিকে বাঁহাতের গলিটা দিয়ে তো?", আমি জিগালাম।
- হ্যাঁ, ওটার পাশ দিয়ে মিনিটখানেক হাঁটলে একটা ইলেক্ট্রিকের দোকান পড়বে। দোকানের পাশের গেটটাই আমার বাড়ি আর কী। বুধবার রাত্রে দোকানে এসোনা, ওখানে খেতে যেতে হবে একটু।
- আচ্ছা ঠিকাছে। বৌদির রান্না খাওয়াবে নাকি দোকানে কিছু সমস্যা?
"সেরম কিছু না আসলে সেদিন ঈদ তাই বাড়িতে দাওয়াত দিচ্ছি একটা ছোট করে। তোমরা এস কিন্তু", বলে ভেতরে চলে গেল।
অভীকের মুখটা দেখলাম শুকিয়ে আমসি, দীপ থাকতে না পেরে বলে উঠল, "রাহুল মন্ডল বলেছিল না, নামটা?"
আমাদের তিনজনের অফিস এক জায়গায়, মায় ফ্লোর অব্দি সেম। রোজ কাজ শেষ করে অভীক অপেক্ষা করে আমাদের জন্যে। দীপের দেরি হয় খানিকটা, আমার মাঝামাঝি। কিন্তু আজ আমি কাজ শেষ করে বসে আছি অনেকক্ষন হয়ে গেল, দীপও রেডি। অভীককে দেখতে পাচ্ছি বসে আছে দুটো ফ্রেশার্স মেয়ের সাথে। কী না কি টেস্ট কেস বানাচ্ছে! দুবার সিগ্রেট ব্রেক নেবার পর দীপ আর থাকতে পারলনা। গিয়ে বলে এল কীসব। একটু পরে আমরা তিনজন বাসস্ট্যান্ডে। বাস থেকে নামার পর প্রথম কথা বলল অভীক।
- তোরাই রাহুলদার বাড়ি চলে যা বুঝলি, আমার তেমন ঠিক লাগছে না শরীরটা। দোসা খেয়ে নেব একটা ভাবছি।
দীপের চোখদুটো জ্বলে উঠল হটাৎ। "নাটকগুলো বাপের হোটেলে দেখিও হারামজাদা। একটা লোক উৎসবে নেমন্তন্ন করেছে, না খেতে চাইলে ওখানে গিয়ে খাবার খাবিনা, রাস্তায় যাত্রা মারাস না।"
ব্যস, অভীকের কথা বন্ধ হয়ে গেল। যদিও আমাদের সাথে হাঁটা শুরু করেছে তবু বেশ বুঝতে পারছি ওর জীবনে এরকম অভিজ্ঞতা প্রথমবার এবং অবঞ্ছিতও বটে।
#সপ্তর্ষি_বোস
ইলেট্রিকের দোকানটা বন্ধ, কিন্তু পাশের গেটটা পুরোটাই দারুন করে লাইট দিয়ে সাজানো। সবুজ টুনিবাল্বের ডিজাইন করা। ভেতর থেকে অল্প হ্যালজেনের আলোও আসছে। কয়েকটা বাচ্চা দেখি, বাইরে আসছে হাতে আতশবাজি নিয়ে। দিওয়ালির মত লাগছে পুরো। ভেতরে ঢুকে দেখি বড় উঠোন একটা। ডানপাশে বাড়ির লাগোয়া সিমেন্টের বারান্দা। সেখানে শতরঞ্জি পাতা, ভেতরেও বসার ব্যবস্থা আছে নিশ্চয় কারন সেখানে থেকে চুরির রিনঝিন আসছে, বাতাসে ভেসে আসছে মেয়েদের হাসির ঝঙ্কার। শতরঞ্জিতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বারো তের জন। দুটো চেনামুখ পেলাম, আমাদের ওদিকেই অফিস, দোকানে একসাথে খেতে আসে। কানপুরের ছেলে, একজনের নাম অমিত আরেকজন আখলাক বোধহয়। বাঁদিকের শেষ কোনায় দেখি আলাদা করে একটা হ্যালোজেন লাগানো, তার নীচে একটা পেল্লাই উনুন, ওপরে একটা বিশাল হাঁড়ি, পাশে দাঁড়িয়ে রাহুলদা আরেকজনের সাথে কথা বলছে। আমাদের দেখে এগিয়ে এসেই দীপকে সামনে পেয়ে জড়িয়ে ধরল, বলল, "অফিসের পর কষ্ট করে এলে কি যে বলব তোমাদের!"
- "কিছুই বলবেনা", জবাব দিল দীপ, "ঈদ মুবারক।"
আমিও এগিয়ে গেলাম, ততক্ষনে অভীকের সাথে কোলাকুলি করতে এসে গেছে উত্তরপ্রদেশের ছেলেদুটো।
শরবত আর মিষ্টি শেষ করার পর যখন বিরিয়ানির প্লেট হাতে হাতে এগিয়ে দিল রাহুলদা আমি অভীকের দিকে তাকালাম। সে মক্কেল চিকেনের লেগ পিস হাতে নিয়ে অমিতকে বোঝাচ্ছে কেন কলকাতার বিরিয়ানি হায়দ্রাবাদের চেয়ে কম স্পাইসি হয়েও বেশি স্বাদু। বোঝ কান্ড! রাহুলদার সেই মেজাজি বিরিয়ানি সেদিন অভীক আরো চারবার নিয়েছিল মনে আছে, মোটামুটি কলকাতার যেকোন স্ট্যান্ডার্ড রেস্তোঁরার দুপ্লেট তো হবেই। একফাঁকে আমাকে এসে বলে গেল, "সরি ভাই, না এলে মিস করতাম।" আমি মুচকি হাসলাম শুধু।
ফিরে আসছি, রাহুলদা মিষ্টি পান হাতে ধরিয়ে বলল, "কাল কিন্তু বাইরে খেতে হবে, সারাদিন দোকান বন্ধ।"
- "ঈদ কি কালকেও?", অভীক জিজ্ঞেস করল।
- "না না। দোকানে তো পুজো করাতে হবে। গণেশ পুজো যে কাল, গনেশ চতুর্থী!"
#সপ্তর্ষি_বোস
#স্মৃতির_বারান্দা
২৫.০৮.২০১৭

Comments
Post a Comment