বৃহস্পতিবার সারাদিনে প্রায় সাড়ে তিন'শ কিলোমিটার ড্রাইভ করে আসার পর রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম বিনা প্রস্তুতিতে। সকালে ঘুম ভাঙালো সাইকেলের ঘন্টি। ফ্রেশ হতেই বাপি অর্থাৎ শ্বশুরমশাই বললেন, "চলো অযোধ্যা পাহাড় থেকে ঘুরে আসা যাক।" তাকিয়ে দেখি আমার সহধর্মিনী, যিনি কলকাতায় আমার কোকিলকন্ঠ না শুনে শয্যাত্যাগ করেন না, তিনিও স্বগৃহে ইতিমধ্যেই স্নান সেরে রেডি! আমাকে রেস্ট দেবার জন্যে বাপি আগেই গাড়ি বলে রেখেছেন। সাদা ফুলকো লুচি আর আলুভাজা, সন্দেশ সহকারে সামান্য পেটপুজো করে পাহাড়ে রওয়ানা দিলাম। রাস্তায় সিরকাবাদে দাঁড়িয়ে পুরুলিয়া জেলার স্পেশালিটি 'ভাবরা' খাওয়া গেল, বেসন দিয়ে জিলিপির মত প্যাঁচ করে একরকমের তেলেভাজা। সাথে কাঁচের গ্লাসে চা, আহ্ কদ্দিন পর যে! পাহাড়ে বেড়ালাম কম, মানুষ দেখলাম বেশি। ছোট ছোট গ্রাম, মাটির নিকোনো দেওয়াল, উঠোনে অনবরত কুক্কুক্ করতে থাকা সদ্য ডিমফোটা মুরগীর দল! দু'কামরার প্রাইমারি স্কুলটার বাইরে কিতকিত খেলতে ব্যস্ত কিশোরীরা। প্রোফাইল ফোটো খুঁজে পাইনা অনুযোগ করতে খচাখচ ঝর্ণার সামনে ছবি উঠে গেল বেশকটা। আমাদের গাড়ির সারথি নুটুকাকু হাতে ধরে পাহাড়ি রাস্তায় উৎরাই নামার কৌশল শেখালেন, বাড়ির গল্প করলেন নিঃসংকোচে। সন্ধে নেমে আসছে, একটা পাহাড় ওঠা হলনা তাই বারবার বললেন আরেকবার এলে পরে যেন জানাই ওঁকে, এমনিই ঘুরিয়ে দেখাবেন! গেলবছর ফেব্রুয়ারি মাসে কলকাতার একটা রেস্তোরাঁয় 'ডাক ফেস্টিভ্যাল' মিস করে গেছিলাম, তার দুঃখ ছিল, বলেছিলাম কবে যেন। রাতে খেতে বসে দেখি কষা হাঁসের ঝোল তাকিয়ে আছে ভাতের থালার পাশ থেকে। শাস্ত্রে বলে দিন গুজরান আসান হয় রমণীর গুনে, সেই স্ত্রীর মাতাঠাকরুন এরম হলে ছুটিগুলোও যে অনবদ্য হয় সেটা আর লেখেনি কেন কে জানে! তখনই জানলাম শীতের সকালে সাইকেলের ক্রিং ক্রিং আসলে বাড়ি বয়ে নিয়ে আসে স্বাদু হাঁসমাংসের অন্যন্যতা।
সকালে উঠে আবার বেরিয়ে পড়া, যেখানে আমার মাতারানী অপেক্ষায়। তার আগে ওবাড়ি থেকে আমার আপত্তি ধোপে না টিকিয়ে গাড়ির বুটে রেখে দেওয়া হয়েছে কিলোখানেক দেশী টম্যাটো, মুলো উইথ শাক। সেসবের দর লিখে আর নগরবাসীর ঈর্ষা বাড়াব না। যাই হোক, পুরুলিয়া থেকে বাঁকুড়া আসবার জাতীয় সড়কটা, মেয়েদের স্ট্রেটেন করা চুলের মতনই মসৃন আর প্রস্থবহুল সেকথা বলে নেওয়া উচিত এইখানে। বাড়ি পৌঁছে নির্ভেজাল বিশ্রাম নেব একটা দিন। মোহনা থেকে ইলিশ যেমন যত্নে বরফে মুড়ে শহরের বাজার পর্যন্ত আনা হয়, প্রায় সেরম করে এনেছিলাম দুটো ভ্যাকসিন, বাবার জন্যে। চেনা মেডিক্যাল শপের নারায়ণকাকু কুশল জিগ্যেস করলেন, বললেন ছেলেটা মেকানিক্যাল পাস করে বসে আছে, যদি কিছু করে দিতে পারি। অক্ষমের সামর্থ্য অনুযায়ী, 'চেষ্টা করব', টুকুই বলতে পারলাম। এসব কথার ফাঁকে কখন যেন ইঞ্জেকশন দেওয়া হয় গেছে, বাবা জানতেই পারেনি। শীত ভালোই পড়ে গেছে এখানে। সারাবছর ভাঁজ করা, বাক্সবন্দী হয়ে থাকার পর কদিন রোদ পেলে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায় লেপের ভেতর থেকে। সেটায় ছ'আনা নস্টালজিয়ায় সাথে মিশে থাকে চার আনা পিকনিকের সুবাস। বাকিটা পূরণ করে দেয় চেনা হাওয়ার হটাৎ বদলে যাওয়া আর এদিকে সেদিক থেকে ভেসে আসা অযত্নের চন্দ্রমল্লিকারা। আমরা আসছি শুনে সবজি আড়তের মালিক পাপন দা পাঠিয়েছে পুনকা শাক, ফুলকপি, বাঁধাকপি, মোটা মোটা শিম, বেগুন আরো কী সব। এসব লোড করার পরেও ব্যাক সীটটা খালি খালি যাচ্ছিল। তাতে জায়গা হল, দু'বাড়ি থেকে নেওয়া গোটা চারেক টবসমেত গাছের আর চাল শুকিয়ে ভাজিয়ে আনা মুড়ির টিনগুলোর। ভোরবেলাতেই গ্রাম থেকে দাদা এসেছে। আলের ধারে ক'টা খেজুর গাছ আছে, ঘুমের ঘোরেও নাকে এল সেগুলো এসে হাজির হয়েছে বাড়ির মধ্যে! বুঝলাম কলকাতায় গত সপ্তায় নলেনগুড়ের রসগোল্লা খেয়ে ডাহা ঠকেছি। বারবার বারণ করতেও বাবা পাঁচকিলো আলু নিয়ে এসে হাজির। বলে, "তেত্রিশ টাকায় এ জিনিষ কলকাতায় পাবি তুই?" তাও বটে। তারপর গাড়িতে উঠে মাকে কথা দেওয়া গেল, বাঁকুড়া শহর পার হয়ে, দুর্গাপুর ব্যারেজে ওঠার আগে এবং বর্ধমান ক্রস করার পর জানাব। সবে মুচিপাড়া ক্রসিং দিয়ে এক্সপ্রেসওয়ে ধরে টোলে দাঁড়িয়েছি, মা ফোন করেছে। মৌ কথা শেষ করতে করতে আমি খুচরো গুনলাম। টোল থেকে বেরিয়ে ফোর্থ গিয়ারে দিতে যাব দেখি মৌ তাকিয়ে আছে, মুখের ভাব এমন যে এইমাত্র ফ্লাইট মিস করেছি! চটজলদি দাঁড়িয়ে চা বিস্কুট খাবার ব্যবস্থা করতে পরে জানা গেল, গত রাত্রে যে তার প্রিয় দেশি মুর্গার ব্যবস্থা হয়েছিল, তা থেকে সাত-আটশো গ্রাম রান্নার আগেই তাঁরা সরিয়ে রেখেছিলেন ডিপ ফ্রিজে। সেটা নেবার কথা গাড়ি স্টার্ট করার আগে বেমালুম ভুলে গেছি!
২৮.১১.২০১৭
Comments
Post a Comment