ফেলে আসা আর ফেলে যাবার মধ্যে যে তফাতটা আছে সেটা আমি আগে জানতুম না। ফেলে আসা হচ্ছে একটা পাহাড়ি নদীর মতন। পাহাড়ি নদী দেখতে ছোটখাটো, পাথরের ফাঁক দিয়ে আলগা কিছু জল বয়ে যাচ্ছে বলে ঠেকে প্রথমটায়। কিন্তু কাছে গেলে বোঝা যায় পার হওয়া যায়না মোটে এমনি তার স্রোত। আর ফেলে যাওয়া হল গিয়ে খানিকটা মস্ত নদীর ধারে দাঁড়িয়ে থাকার মত, পার হতে গেলে সাঁকো খুঁজতে হয়। নদীর একপাশ দিয়ে এগিয়ে যাও, যেতেই থাকো, সাঁকোটা মিললে তবেই পৌঁছাবে ওইপারে, তোমার উদ্দেশ্যে।
সাত বছর আগে যখন কলেজ শেষ করেছিলাম সেদিন ভেবেছিলাম, আবার আসব ক'দিনের মধ্যেই। এই ক্লাসঘর যেখানে ক্লাসের চে বেশি মিশে আছে হুটোপাটি, চোরা চাউনি আর নিখাদ বন্ধুতার গুঁড়োমশলা তা ছেড়ে আর যাবই বা কোথায়! অথবা কমন রুম আর তার লাগোয়া বৌদির দোকান, যেখানে বসে তুমুল ঝগড়া করেছি ফুটবল টিম ম্যানেজমেন্টে আমার দক্ষতা প্রমানে আর তারপর সেই বন্ধুর থেকেই কাউন্টার চেয়ে নিয়ে ধোঁয়ায় উড়িয়ে দিয়েছি সব বাওয়াল আর ছড়ানোছিটানো খিটমিট। ভেবেছিলাম ক্যান্টিনের পরোটা ঘুগনি যেটা খাবার পর পিন্টুদা'কে খিস্তি করেছি চারবছর ধরে রোজ, তার চেয়ে অখাদ্য জীবনে আর কিছু কোনদিন হতে পারেনা, তার টানেই আবার ফিরে আসব নিশ্চিত।
#সপ্তর্ষি_বোস
এর মধ্যে দু'তিনটে শহরে কাজ করে কলকাতা ফিরে এসেছি বেশ ক'বছর। মাঝে সাঝে পুরনো বন্ধুদের সাথে গল্প করেছি, আমি এখনো বিটেক সার্টিফিকেট নিতে কলেজ যাইনি। তারা হেসে বলেছে একদিন যাওয়া হোক তাহলে। তাও হয়নি, হবার ছিলনা। এবার গেলাম, একা একাই। উবার নিলামনা। বেশ রোদ ঝলমল সকাল তাই বাসেই যাব, যেমন যেতাম এককালে। আমাদের সময়ের ক্যান্টিনটা হয়ে গেছে ওয়ার্কশপ, কমনরুমে ক্যারম আর টিটি বোর্ড বেড়েছে। পুরো কলেজটাই ঝাঁ চকচকে হয়েছে আরো। শুনলাম টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর মধ্যে সরকারি কলেজ গুলোর পরে পরেই এরাজ্যে পাঁচ নম্বরে স্থান করে নিয়েছে নাকি আমাদের ছোট্ট কলেজটা। ক্লাস শুধু একটা ইয়ারেই শুরু হয়েছে, বোধহয় ফাইনাল ইয়ার। বৌদির দোকান খোলেনি, বাড়ি গিয়ে ডাকতে, পাক্কা দু মিনিট পর চিনতে পারল, আর তারপর দোকান খুলে যে চা'টা আমাকে খেতে দিল, সেগুলোর জন্যেই এই পৃথিবীটা আজও বাসযোগ্য আছে। টিচাররা এখনো জয়েন করেননি সবাই, অনেকেই আর নেই। খেলার মাঠটার দিকে তাকিয়ে দেখলাম, খালি পড়ে আছে। আমাদের টিম শেষ ইয়ারে ফাইনাল খেলেছিল, টাইব্রেকারে হেরে গেছিলাম। সেদিন অনি শুরুতে গোল করে এগিয়ে দেবার পর দু'গোলে হারছিলাম। ইমতিয়াজ বলেছিল ফরওয়ার্ড ছাড়া খেলবেনা, তবু সেকন্ড হাফে নামিয়েছিলাম লেফট উইঙে। নামার চারমিনিটের মাথায় ইমতি মাঝমাঠ থেকে বলটা পায়ে নিয়ে আট-ন'গজের একটা স্প্রিন্ট টানে, তারপর ডানদিকে কাট করে ঢুকেই বাঁপায়ে পাঞ্চশট নিয়েছিল নিয়ার পোস্টে। গোলকিপার নড়তে পারেনি। সামনের রাস্তাতে এখনো সাঁসাঁ করেই পেরিয়ে যায় গাড়িগুলো, একটু স্লো পর্যন্ত করেনা। একটি জুনিয়র মেয়েকে তার সহপাঠী, তোকে তো বন্ধু ভাবি মাত্র, বলাতে এই রাস্তায় সুইসাইড করতে এসেছিল। শেষ অবধি তাকে থাপ্পড় মেরে নামিয়ে আনতে হয়েছিল আর কী।
সেদিনও ছিল দুপুর এমন, জুলাইয়ের মেঘ থমথমে যেমন। একসাথে এসেছিলাম অনেক টিন-এজ পার হবনা কি হব'র দল। দাদাদের আপাতসহজ প্রশ্নালাপ, দিদিদের চাপা হাসি, স্যার ম্যাডামদের গম্ভীর চলাচল, ঘিরে কেটেছিল কলেজের প্রথমদিন। তারপর অনেকটা যেমন আর সবার হয়, খানিকটা যা অন্য কারো হয়না আর কিছুটা যা শুধুই আমার হয়েছে মিলেমিশে কাটতে লাগল একটা একটা সপ্তাহ, তারপর সেমেস্টার আর বছর। ডজন খানেক মিলে একটা তুমুল গ্যাং বানিয়েছিলাম আমরা, যার মধ্যে ছিলাম পড়াকু ফাঁকিবাজ, লড়াকু শান্ত, হিন্দু জেইন, বাড়িতে পার্টি হয়-বাড়িতে বাবা নেই, ছেলে মেয়ে, কলকাতা মফস্বল সব্বাই। সেই আমরা একসাথে কলেজ কেটেছি, সাইন্স সিটিতে ফুচকা খেয়েছি, পুজোতে নেচেছি, মাথা ভেঙে দিয়েছি কাউন্টার স্ট্রাইকে, একগ্লাস থেকে চুমুক মেরেছি। ফোর্থ ইয়ারে উঠে শুনলাম ক্যাম্পাসিং হবে। একসাথেই গেছিলাম, ইন্টারভিউ দিয়ে সোজা চায়নাটাউন। মনে আছে রেসাল্ট দিয়েছিল প্রায় দশদিন বাদে! পরদিন একসাথে কেউ কলেজ যাইনি। দু'এক জন কিকরে জানি চাকরিটা পেয়ে গেছিলাম, তারা সকাল সকাল কলেজ গিয়ে লাইব্রেরী ইত্যাদিতে ভিড়ের মাঝে বসেছিলাম। মনে হয়েছিল এমনটা না হলেই ভাল হত। এরপর যেমন বাংলা সিনেমায় দেখায়, ঠিক তেমনি সব থেমে গেল। আর আমরা একসাথে কলেজ যেতামনা, কথা হতো আলগা কিছু। আমি আর দু'এক জনা দায়িত্ব পেয়েছিলাম পরের সবকটা ক্যাম্পাসিং কভার করবার। সেখানে গিয়ে বাকিদের সাথে কথা বলে, রিটন টেস্টে সাহায্য করে মনে হয় কোন অজানা পাপ ধুয়ে ফেলার চেষ্টাও করতাম। সবার সেই সুযোগ ছিলনা। তাই শেষ সেমেস্টার হয়ে যাবার পর যে পার্টিটা করেছিলাম সেটায় ছিলাম মাত্র তিনজন! কেউ বিদেশ চলে গেল পড়তে, যারা প্রথমে পায়নি তারাও ধীরে ধীরে চাকরি পেয়ে গেল তবু কুচিকুচি করে ছিঁড়ে উড়িয়ে দেওয়া চিঠি পড়া যায়না। মনে আছে কলেজে প্রভিশনাল সার্টিফিকেট আনতে যাবার দিন সংখ্যাটা দশ পার হয়নি। সেইদিন কলেজ থেকে বেরিয়ে ভেবেছিলাম আবার আসব ফিরে, খুব তাড়াতাড়ি।
#সপ্তর্ষি_বোস
কলেজের বাইরে এসে দেখি মেঘ করেছে আবার। মেঘের ফাঁক থেকে একটা ফালি রোদ একবার মুখ দেখল আমার, যেন বলল গুডবাই। তারপর ফোঁটা বৃষ্টি রাস্তায়। বৃষ্টি পড়ুক, আরো খানিক। ধুলোগুলো সব ধুয়ে চলে যাক, কালোগুলোকে নিয়ে যাক মনের থেকে। ক্যাব নিলাম একটা। রিস্ক নেওয়া যাবেনা, অফিস যেতে হবে আবার। আজ আর 'ফিরে আসব' ভাবলাম না। কলেজটাকে এতদিন শুধু ফেলেই গেছিলাম, আজ পুরোপুরি ফেলে এলাম।
১৪ই জুলাই' ১৭
Comments
Post a Comment