Skip to main content

★★★ নরকযন্ত্রনা ★★★

ঘুম ভাঙার পর আজকাল আয়নার সামনে অনেকটা সময় কাটায় চিরঞ্জীভ। সময় কাটায় না বলে কাটাতে হয় বললে বেশি ঠিক হত অবশ্যি। এমনিতে ঘুম ভেঙে যেমন ঝরঝরে লাগা উচিত সেরম'ই লাগে কিন্তু আয়নার সামনে এসে দাঁড়ালেই কী যেন খুঁজতে চায় তার চোখ। সে আতিপাতি করে দেখতে থাকে নিজেকে, কিছু একটা ছিল যেটা মনে পড়েনা আর। শেভিং কিট টার দিকে একবার তাকিয়ে মাথা নাড়ায় চিরঞ্জীভ, তারপর শুধু ট্রিমার বুলিয়ে নেয় নিজের গালে। বাথরুম থেকে বেরিয়ে দু'কাপ কফি বানায়, ব্ল্যাক, চিনিছাড়া। তারপর ফর্মালস পরে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে ওঠার সময় রোজ একটা গন্ধ পায় সে, কিসের গন্ধ তা জানা নেই তবে গন্ধটা খুব মৃদু। বহুদূর থেকে বয়ে আসা সুরের মত যেন রিনরিনে আবেশ ছড়িয়ে যায় তার মনে, কিন্তু কেন সেটা সে মনে করতে পারে না।

অফিসে তার কিউবিক্লটা বেশ বড়সড়। ডেস্কে তার নাম, নীচে লেখা 'ডিজাইন লীড'। সারাদিনে মেইল আসে অজস্র, হরেকরকম ওয়েবসাইট পেজ লে'আউট থেকে সেরা বেছে নিতে হয় তাকে। ফিরতি মেইল পাঠায় সেও। তার ডেস্কে একটা ফোনও আছে ঠিক, কিন্তু সেটা সারাদিনে বাজে না। বিকেল পর্যন্ত এই নিয়ে একটা খটকা থেকে যায় তার মনে, তারপর সে ফোনটা তুলে কানের কাছে আনে, ডায়ালটোন আছে দিব্যি। একটা নাম্বার আবছা মনে পড়ে, নাইন এইট থ্রী জিরো তারপর? কপালের কাছটায় দপদপ করে ওঠে। সীট ছেড়ে উঠে দাঁড়ায় চিরঞ্জীভ। চারপাশে সবাই কাজ করছে নিজের মত, সে একবার সবার মুখের দিকে তাকিয়ে দেখে। সে কাউকে চিনতে পারে না! গতকালও কি সে এখানেই কাজ করেছিল? গতকাল কি সে এইভাবেই ফোনটা ধরে নাম্বার মনে করতে পারেনি? গতকাল... কিছুতেই মনে পড়েনা কেন!

||

টিয়া নীচু হয়ে মাইক্রোওয়েভের ডোরটা খুলল, হলুদ আলোয় উজ্জ্বল হয়ে উঠল তার গোলাপী মুখটা। ভেতর থেকে বের করল ছ'টা মাফিন্স। চকোলেট আর ভ্যানিলা টু ইন ওয়ান। ভ্যানিলা চিরঞ্জীভের প্রিয় ফ্লেভার, চকোলেট টিয়ার। মাফিন্স গুলো ট্রে তে সাজিয়ে রাখতে গিয়েই মনে হল, আজ এই নিয়ে আরেকবার লাগবে নিশ্চয়, কেন সে ভ্যানিলার সাথে জোর করে চকোলেট মিশিয়েছে! সত্যি নিজেরও মনে হল, তার নিজের যেমন ভ্যানিলা অপছন্দের তেমনি চিরঞ্জীভের অসহ্য লাগে চকোলেট, তাও কেন যে মেশাতে গেল? বোধহয় ফাটল ধরতে থাকা সম্পর্কের কেক'টায় মিলিয়ে দিতে চেয়েছিল দুজনের সব চাওয়া পাওয়াগুলোকে। কে জানে!

আগে এরকম ছিল না, তাদের বিয়ে হয়েছে প্রায় দু'বছর, তার আগে পাঁচ বছরের প্রেম। একে অপরকে চিনতে বাকি নেই ভেবেই জীবনটা একসাথে কাটিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিল তারা। টিয়ার বেকিংএর শখ, বিয়ের আগে থেকেই, কিছু বিক্রিও হয় চেনাজানার মধ্যেই। রোজগার খুব তা নয়, কিন্তু সময়টা কেটে যায়, সঙ্গে সৃজনশীলতার উচ্ছাস তো আছেই। চিরঞ্জীভ একটা সফ্টওয়ার কোম্পানিতে লীড ডিজাইনার, ভদ্রস্থ স্যালারি, বন্ধুবান্ধব আছে। কিন্তু আজকাল সামান্য খিটিমিটি থেকেই বড় মনকষাকষি হতে সময় লাগেনা তাদের। চিরঞ্জীভ তো ভালোভাবে কথা বলতেই পারেনা, টিয়া নিজেও খুব রেগে যায়, খুচরো রাগ হতেই হয়ত নখ দিয়ে আঁচড়ে দিল ওর হাতে অথবা ঘাড়ে, ভালো লাগেনা আর। কালও সারাদিন তাই চলছিল, টুকটাক কাজের ফাঁকে, একসাথে টিভি দেখতে গিয়েও বেঁকিয়ে টেরিয়ে কথা শোনানো। প্রতিদিন যা হয়, এরপরে টিয়া রাগ করে উঠে যাবে, চিরঞ্জীভ গিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকবে কিছুক্ষণ, তারপর শয্যায় ঝড় উঠলে তবে শান্ত হবে দুজনায়। কাল ব্যতিক্রম হয়েছিল। কাল ঝগড়া করতে করতে উঠে গিয়েছিল টিয়া নয় চিরঞ্জীভ। বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়েছিল একটা। কলেজের পর আর কখনো স্মোক করতে দেখেনি টিয়া তাকে। খুব অবাক হয়েছিল সে। সিগারেটটা শেষ করে টিয়ার কাছে এসে কেটেকেটে বলেছিল, 'আই ওয়ান্ট টু ডাই, ইউ নো'। অনেকদিন পরে মনে মনে চিরঞ্জীভের সাথে একমত হয়েছিল টিয়া।

||

অফিস থেকে ফিরে গাড়িটা পার্ক করতে গিয়ে একটা জিনিস মাথায় এল চিরঞ্জীভের। এত বড় এই কমপ্লেক্সটায় তার ফ্ল্যাট, কিন্তু কোনদিন সে কারো সাথে কথা বলেছে কি? অবশ্যি বলে থাকলেও তার মনে পড়েনা। আজ সকাল থেকে যে সে নিজের সাথে ছাড়া কোন কথা বলেনি সেটা সে মনে করতে পারে শুধু। একবার কথা বলে দেখবে? হতেও তো পারে তার মনে পড়ছেনা এরম কিছু জানা যাবে? দেখাই যাক না, সামনের পার্কিং থেকে যে গোলগাল ভদ্রলোক নামলেন তার সাথে কথা বলে।

- এই যে, শুনবেন একটু প্লীজ।

- চিরঞ্জীভবাবু! নিশ্চয়, বলুন।

ভদ্রলোক তার নাম জানেন দেখাই যাচ্ছে, কিন্তু কী কথা বলবে সেটা সে ভেবে রাখেনি।

- ইয়ে মানে, যদি কিছু মনে না করেন, তাহলে একটা কথা জিজ্ঞেস করব।

- স্বচ্ছন্দে।

- মানে আমি এই কমপ্লেক্সে কতদিন হল আছি, আপনার জানা আছে কি?

- মুশকিল! আমার তো ধরুন এই সপ্তাহটা পুরোটাই মনে আছে, আপনি ডেফিনিটলি তার আগে এসেছেন, কারণ তিনদিন আগে সকালে গাড়ি বের করার সময় সকালে আপনাকে দেখে ধাঁ করে আপনার নামটা মনে পরে গেল। তার আগের দুদিন হাতড়ে বেড়াচ্ছিলুম।

চিরঞ্জীভ একবর্ণও বুঝতে পারল না, ভদ্রলোক কি বলতে চাইছেন। তার মুখের হতভম্ব ভাব দেখে কিছুটা নরম করে বললেন এইবার ভদ্রলোক, 'আপনার কি কিছু মনে পড়েছে? মানে ধরুন কোন নাম, কোন মুখ অথবা ফোন নাম্বার? কাল সকাল থেকে কী করেছিলেন মনে পড়ে?'

পাথরের মত ভারী লাগছে মাথাটা। কী বলবে সে? কোনক্রমে বলতে পারল সে, 'আ...আমি একটা ফোন নাম্বার মনে করতে চেষ্টা করছি, আজ সকাল থেকে!'

ভদ্রলোক পিঠে হাত রাখলেন, লিফটের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, 'চিন্তা কোরনা, আমিও এই স্টেজ পার হয়েছি কোনসময়, যদিও এখন তা মনে নেই। সামনে ডানদিকে যে মহিলা, বাগানে বসে আছেন, সম্ভবত কাল এসেছেন। সকালে আমার সাথে তিনবার আলাপ করেছেন, এখন নিশ্চিত আবার ভুলে গেছেন। কখনো তোমারও এই অবস্থা ছিল।'

ফ্ল্যাটের দরজা খুলে কিচেনে গিয়ে দু'কাপ চায়ের জল চাপাল চিরঞ্জীভ। চা পাতা দিতে গিয়ে হটাৎ মনে হল তার, সে তো কস্মিনকালে লাল চা খায় না! লাল চা, ব্ল্যাক কফি কিচ্ছু না। কী একটা মনে হওয়াতে ফ্রিজের দিকে এগিয়ে গেল, নীচ থেকে দু'নম্বর শেলফে একটা দুধের প্যাকেট রাখা। ডেট নেই, তবে পুরনো নয় বোঝাই যাচ্ছে। দুধটা একটা কাপে ঢালতে ঢালতে সে আরেকবার চমকালো। চায়ের জলটা, দুকাপ কেন?

||

বিকেল থেকে সবে সূর্যের আলোটা নিভেছে যখন আজ চিরঞ্জীভ বাড়ি ফিরল। ব্যাগটা রেখেই চা খেতে ইচ্ছে হল তার। নিজেই বানিয়ে নেবে। জলটা চাপিয়ে, চা পাতা চিনি দিয়ে মনে পড়ল। আবার লাল চা আর দুধ চা আলাদা বানাতে হবে! টিয়া লিকার টি, তার ঘন দুধের চা। কিছুই মিল নেই তাদের মধ্যে! কী করে যে প্রেমটা হয়েছিল। শুধু যে ঝগড়া হচ্ছে তা'ই না, কেন কে জানে আজকাল সে 'মৃত্যু'র বিষয়ে আগ্রহ অনুভব করছে খুব। মাঝে মধ্যে খুব একা লাগলে তার মনে হয় এর চেয়ে মরে যাওয়া আর কী খারাপ হবে! টিয়া অন্য রুমে আছে, লকড। সকালে কিছু একটা ঝামেলা হয়েছিল বোধহয়। এই জিনিসটা মাথা গরম করে দেয় চিরঞ্জীভের। সে বুঝতে পারেনা কিভাবে আট ঘন্টা আগের একটা তুচ্ছ কথা কাটাকাটি এখনো ইম্পর্ট্যান্ট হতে পারে! যাক্গে, সে নিজের চা নিয়ে বসল, টেবলে তিনটে মাফিন্স রাখা আছে। চকলেটের সাথে ভ্যানিলা মেশানো, অদ্ভুত! খেতে ভালো সেটা গর্বের সাথে স্বীকার করতে পারে অবশ্যি সে, টিয়ার বেকিং লা জবাব।

টিয়ার বালিশের নীচে একটা লেখা পাওয়া যায়। তাতে লেখা ছিল, যে তাদের দুজনের দুজনার প্রতি ভালবাসায় সে নিঃসন্দেহ। তাদের মধ্যে সমস্যা এমন কিছু নয় কিন্তু চিরঞ্জীভের ধারণা তারা আলাদা আলাদা থাকলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু টিয়া এই জীবনে আর তার থেকে আলাদা হতে চায়না। একসাথে বেঁচে থাকা যদি দুর্বিষহ হয়ে ওঠে তাহলে একসাথে মরে যাওয়া তার শ্রেয় মনে হয়। চিরঞ্জীভের ল্যাপটপে একটা সেভ্ড নোট ছিল। সেখানে সে লিখেছিল, সে জানে সে ভালো বন্ধু, ভালো প্রেমিক বা ভালো স্বামী হয়ে উঠতে ব্যর্থ। টিয়াকে ছাড়া বেঁচে থাকা সে কল্পনাও করতে পারেনা, কিন্তু সে এটাও চায়না যে তার জন্যে টিয়ার জীবনটা দিনদিন কঠিন হয়ে যাক। তাই সে চায় সেপারেশন নিতে, যে কথাটা আবার টিয়া কোনমতেই শুনতে রাজি নয়।

মাইক্রোওয়েভের নীচে ঘুমের বড়ির ফয়েল পাওয়া যায় ষাট টা। সাথে নোটগুলো পাওয়ার দরুন, "তরুণ দম্পতির আকস্মিক মৃত্যু", শিরোনামের খবর নিউজ চ্যানেলে বেশিদিন স্থায়ী হয়নি।

||
গাড়িতে উঠতে গিয়ে গন্ধটা আবার পেল চিরঞ্জীভ। একটা বিশেষ কোন মিষ্টি পারফিউম, যেটা পেলেই তার মনটা উদাস হয়ে যায়, একটা মুখ ছায়া ছায়া মনে এসেই আবার মিলিয়ে যায়। সে মনে করাতে জোর দিলনা, কালকের ভদ্রলোক বারণ করেছিলেন। আজ সকালে উঠেই সে বুঝতে পেরেছে তার গতকালের কথা মনে আছে। কতক্ষণ থাকবে সেটা জানা নেই যদিও। আপাতত সে অফিস পৌঁছালো। অনেক ব্যস্ত মানুষ এদিক ওদিক যাচ্ছে আসছে, যাদের কাউকেই সে চেনেনা বা চিনতে পারছে না। নিজের কিউবিকলে কাজ করতে করতে ফোনটার দিকে তাকাল সে। একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে কয়েকটা ডিজিট মাথায় ঘুরতে থাকল। ফোর ডাবল সেভেন ওয়ান ডাবল থ্রী... বারবার আওড়াতে আওড়াতে তার মনে হল এটা কি তার চেনা কোন ফোন নাম্বার? কিন্তু তাই বা কী করে হয়, ফোন নাম্বার ছয়'সংখ্যার হয়না সে নিশ্চিত। ফোনটা তুলে কল লগটা দেখতে থাকল সে। প্রায় প্রতিদিন একটা নাম্বার ডায়াল করা, নাইন এইট থ্রী জিরো। চার প্লাস ছয়, কিন্তু আগে না পরে? প্রথমে পরে দিয়ে দেখা যাক, ফোর ডাবল সেভেন ওয়ান ডাবল থ্রী নাইন এইট থ্রী জিরো... নট এ ভ্যালিড নাম্বার। তাহলে কী নাইন এইট থ্রী জিরো ফোর ডাবল সেভেন ওয়ান ডাবল থ্রী? কলটা স্তব্ধ হয়ে আছে। কোন শব্দ নেই, ফোনটা কোথাও পৌঁছেছে কিনা কে জানে! আবার করবে? থাক। ফোনটা নামাতে যাবে চিরঞ্জীভ যখন একটা যান্ত্রিক কন্ঠ বেজে উঠল অন্য প্রান্তে, "ইউ হ্যাভ রীচড টিয়া বেকারিজ। দুঃখিত, বেকারী অনির্দিষ্টকালের জন্য বন্ধ।"

#সপ্তর্ষি_বোস
 ০৫.১১.২০১৭

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...