Skip to main content

আমার শহর


শহরের যে অঞ্চলে আমার বাস তার পিনকোড না জানলে কলকাতা বলে চেনা যায় না। একপাশে সেক্টর ফাইভ আর অন্যদিকে রাজারহাটের এসিজেড। তারমাঝে যে ঝাঁ চকচকে রাস্তাঘাট বাড়িঘর দোকানপাট আছে সেখানে একটা জিনিসেরই অভাব সবচে বেশি, তা হল মানুষ। আমার কমপ্লেক্সের মাথায় দাঁড়ালে যে তিনশো ষাট ডিগ্রী ভিউ পাওয়া যায়, সেখান থেকে আমি আজ অব্দি মেইন রাস্তার ট্রাফিক আর স্পেনসার্স এর সামনের কসমোপলিটান ভিড়টা বাদ দিলে, একসাথে একশটা লোক দেখতে পাইনি।
#সপ্তর্ষি_বোস
তা মানুষ না থাক, বাকিসব দিব্যি আছে। যেমন ধর গিয়ে ছোট ছোট গুমটি। তাতে পান বিড়ি সিগ্রেট যেমন মেলে তেমনি দরকারমত পাওয়া যায় চাল ডাল ডিম আলু ইত্যাদি। দুটো বাড়ির মাঝে একটা করে সেভেন-আ-সাইড ফুটবল মাঠসমান ফাঁকা জায়গা। তাতে হাজারো জংলী ফুল, আগাছা। তার মধ্যে কোন কোনটায় আবার কমলা বেগুনী ফুলের বাহার। কুঁড়েঘরে রাজকন্যের গল্পটা বোধহয় গাছেদের সমাজেও আছে টাছে হবে। রাস্তা সবকটাই ইয়া চওড়া হলেও আদতে তো এদেশেরই কোন কন্ট্রাক্টরের হাতে তৈরি, তাই ডানদিক বাঁদিক চকাচক কিন্তু মাঝখানে চিমসানো গালের মত খানিক ডোবা থাকবেই। ঘড়ি ধরে মিনিট তেরোর একটা ঝিরঝিরে পশলা হয়ে গেলে সেটা হয়ে যায় সুইজারল্যান্ডের চোপড়া লেক। ধুলো বালিহীন টলটলে জল, এখুনি মাধুরী গা ধুতে আসবেন বলে। এসব ছাড়াও আছে মখমলী ঘাস বিছানো ফুটপাথ, শ্রাবণমাস স্পেশাল। তাতে উচ্চিঙড়ে ঘুরে বেড়ায়, ভালোবেসে দেখলে গঙ্গাফড়িং। রড বের করা আধঢালাই সব বাড়িগুলোর নীচে কালো সাদা পাটকিলে খয়েরি কয়েকটা লালু ভুলু থাকে। খুব দামি গাড়ি পাশ দিয়ে সোঁ করে চলে গেলে কেঁউকেঁউ করে ওঠে খালি। আমায় কিছু বলেনা কেন কে জানে! আমার ট্যালেন্টের দাম জানলে কি আর কুকুর হত এই জন্মে। যাকগে যেখানে মানুষই কম সেখানে এত এত ফ্ল্যাটবাড়ি বানানোই বা হয় কেন আমি তাই বুঝে উঠতে পারিনি আজও। তবে এই এত্তকিছুর মাঝেও ফাঁক পেলে ওপরে তাকিয়ে দেখে নিতে পার, একটা এমন জিনিস যেটা এশহরে এখনও পাওয়া যায় হয়ত মনেই নেই। খানিকটা নিখাদ নীল। হয়ত একটা ফর্সা মেঘবালিকা আর একটা দস্যি মেঘবালক খুনসুটি করছে তার মাঝেই। দেখে নিও মাটিতে দাঁড়িয়ে শহরের শেষ ইঞ্চি আকাশটাও ফ্ল্যাট অথবা বিজ্ঞাপনে আটকে যাবার আগে পর্যন্ত।
: ২১.০৮.২০১৭






Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...