"রাজকন্যার ভাগ্যরেখা সন্ধ্যাতারার মতো। নিজগুণে উজ্জল এবং ভাস্বর। কিন্তু সতত একাকী।" এ কথা রাজজ্যোতিষী বলিয়াছিলেন। আজ হইতে একবিংশ বৎসর পূর্বে।
জন্মাবধি রাজকন্যা ওজস্বিনী সে গল্প শুনিয়াছে। অথচ রাজকন্যা কখনও একা থাকে নাই। তাহার জীবনে বহু বন্ধু আসিয়াছে, আসিয়াছে অসংখ্য সহচরী। তা ব্যতীত মাতৃহীন এই কন্যাটিকে পিতা তো বটেই, অন্যান্য সকল পরিজন― এমনকি প্রজারাও অন্তর হইতে ভালোবাসে।
যদিও গতকাল তাহার স্বয়ম্বরে আগত শতাধিক রাজন্য বিফল মনোরথ হইয়া ফিরিয়া যাওয়ার পর, সেই ভবিষ্যদ্বাণী অনেকের স্মৃতিতে পুনরায় আঘাত হানিয়াছে, একথা ওজস্বিনী অনুমান করে। সে জানে যে মহারাজার একমাত্র কন্যা হিসাবে রাজ্যের উত্তরাধিকার তাহার হইলেও, রাজ্যবাসী এখনও নারীকে তাহাদের সর্বাধিপতি মানিয়া নিতে প্রস্তুত নহে।
ওজস্বিনী প্রাসাদ ছাড়িয়া উত্তরাভিমুখে যাইতেছে। শিকারের উদ্যান শেষ হইয়া অনতিগভীর স্রোতস্বিনীর ওইপারে, প্রান্তরের সীমানায় যে পর্ণকুটিরখানি, সেই তাহার গন্তব্য।
রাত্রির মধ্যযামে নিশ্চুপ চরাচর মাঝে হ্রেষাধ্বনি শুনিয়াই পর্ণিকা বুঝিল আগন্তুকের পরিচয়। সে হস্তে প্রদীপ লইয়া কুটিরের বাহিরে আসিল। তাহার স্মিতহাস চেহারা দেখিয়াও রাজকন্যা কিন্তু হাসিল না। ঘোড়া হইতে অবতরণ করিয়া পর্ণিকাকে জিজ্ঞাসা করিল, "ভেবেছিলে আসব না! বিবাহ করে সংসার পালনে রওনা দেব দূর দেশে?"
পর্ণিকা কিছু কহিল না। সে আপন ইচ্ছা অদ্যাবধি মুখ ফুটে বলে নাই। সে ধারণা করিতে পারে না ঠিক কোন নক্ষত্রযোগে রাজদুহিতা ওজস্বিনীর সহিত তাহার সখ্য হইয়াছিল। তদাপি দেশ-কালের রীতিনীতি অগ্রাহ্য করিয়া, দয়িতাকে কামনা করিবে, এমন অসম্ভব কল্পনা তাহার মনে কখনও উদিত হয় নাই। কিন্তু ওজস্বিনী মূঢ় নহে, সে পর্ণিকার মনের গহীন অতলের সংবাদ রাখে। কুটিরে প্রবেশ করিয়াও, পর্ণিকাকে নিশ্চুপ দেখিয়া সে বলিল, "সাদা ঘোড়াটা আজ থেকে তোমার। সকাল হওয়ার আগেই রাজ্যের সীমানা ছাড়িয়ে অনেক দূরে চলে যাব আমরা! আমি আজ তোমাকে নিয়ে যেতে এসেছি।"
পর্নিকা ধীর পদক্ষেপে শয্যায় আসিয়া বসিল। প্রজ্জলিত দীপের মৃদু আলোয় তাহার ছায়াখানি তিরতির করিয়া কাঁপিতেছে। সে অস্ফুটে বলিল, "না।"
ওজস্বিনী স্বাভিমানে জ্বলিয়া উঠিল, "কেন?"
পর্ণিকা বলিল, "তুমি জানো! আমি অনাথা শবরী আর তুমি রাজনন্দিনী। তাছাড়া… তাছাড়া আমরা নারী!"
স্ফুলিঙ্গের মতো লাফাইয়া পর্ণিকাকে শয্যায় চাপিয়া ধরিল রাজকন্যা। বলিল "তাতে কি ভালোবাসা মিথ্যে হয়ে যায়? বলো, আমাদের নতুন সংসারের স্বপ্ন কি অলীক হয়ে যায়?"
বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়াই, চুম্বনে ভরাইয়া দিল তাহার প্রেমাষ্পদার মুখ। ক্রমেই অনুরাগ-আদরে অস্থির করিয়া তুলিল শবরীকে... পর্ণিকা বুঝিল সে সিক্ত হইতেছে।
প্রহরব্যাপী রাগাশ্লেষ শেষ হইলে কুটিরের দরজা খুলিয়া বাহির হইয়া আসিল দুই নারী। ঊষার আলো তখন ফুটি ফুটি করিতেছে। দুইজন আরোহণ করিল দুইটি অশ্বে। তারপর পূর্ব আকাশের অস্তায়মান তারাটির দিকে তীর্যক হাসির বাণ হানিয়া পশ্চিমের জঙ্গলের দিকে পাড়ি দিল ওজস্বিনী এবং অন্ধকারে মিশিয়া তাহার পিছু নিল পর্ণিকা।
#সপ্তর্ষি_বোস
◆◆◆ ~ ◆◆◆
Anari Minds পেজে চলছে পাঠকের লাইনে অনুগল্প লিখবার ইভেন্ট। গল্পের শেষ লাইনটা দিয়েছিল Sanjukta Mukherjee
আজ ২০২০ 'প্রাইড মান্থ'এর শেষ দিনে আমার অঞ্জলি।
Comments
Post a Comment