Skip to main content

বেড়াল



বাড়ি থেকে বেরনোর সময় তিতির লক্ষ করল, 'মিষ্টার ক‍্যাটলিং' একদৃষ্টে ওকে আজও দেখছে গত তিন দিনের মতো এবং তিতির জানে আজও রাতে ওর বাড়ি ফেরা হবে না, গত তিন দিনের মতো। ফুলো ফুলো চেহারা, পাঁশুটে রং, ছোটখাটো বেড়াল একটা। রান্নাঘরের দেওয়ালের নীচে যে চিলতে জমিটা আছে, সেখানে গতবছর লন বসিয়েছিল সে। এখন তার উপরে গুলঞ্চ, সর্পগন্ধা, নয়নতারা, আরো কয়েকটা নাম না জানা পাতাবাহার গজিয়ে বেশ ঝুপসো দেখতে হয়েছে। ওখানেই থাকে নিশ্চয়, ওকে দেখে বেরিয়ে এসেছে বাইরে। সামনে এঁটোকাঁটা পড়ে, তবু ভ্রূক্ষেপ নেই, ঠায় তাকিয়ে আছে তিতিরের দিকে। কিন্তু অতটুকুই, ওর চেয়ে বেশি এগিয়ে আসার সাহস নেই। ঠিক অতনুর মতো!

মিডিয়া সেক্টরে ছাঁটাই হচ্ছে শুনে কপি এডিটের পাশাপাশি তিতির স্বেচ্ছায় বাড়তি দায়িত্ব নিয়েছিল প্রিন্ট সুপারভিশন করবার। রাত এগারোটা পার হলে পুরো বিল্ডিংয়ে মানুষ কমে যায়, আর নারী সে একাই। তখন থেকে পুরুষের হরমোনতাড়িত দৃষ্টি তার জামা, জিন্স, কুর্তি, সালোয়ারের উপর দাগ কাটে। প্ল্যান্ট ইনচার্জ রাজেশ অকারণে ডেকে পাঠায় নিজের কেবিনে। নানা অছিলায় হাত দিতে চায় গায়ে। ঠিক যেন বেড়াল। কাছে আসবে, ঘুরঘুর করবে, তার বেশি মুরোদ নেই। বেড়াল একেবারে পছন্দ করে না তিতির।

আজও বাড়ি ফিরতে প্রায় ভোর। অফিস থেকে তিনটের সময় গাড়ি দিয়েছিল ঠিকই কিন্তু ড্রাইভার ছেলেটি তাকে বড্ড ভালোবাসে। মিনমিন করে নয়, গত সোমবার গলা তুলে সরাসরিই বলেছিল, "ম্যাডাম, আপকো প্যার করনা চাহতা হুঁ"। তিতির খুবই অবাক হয়েছিল। পরের দু'রাত ছেলেটা বলেনি কিছু। তৃতীয় রাতে সে নিজেই ডেকেছিল, "গাড়ি রোকো, ব্যাকসিট পে আও।" ধক আছে, ভেবেছিল তিতির, পরিষ্কার চোখ, স্পষ্ট কথা… তাছাড়া তাকে 'প্যার'ও করে সিংহের মেজাজে।

গাড়িটা চলে যেতেই চমক লাগল। দরজার পাশে ও কে বসে! অতনু না? রাস্তার আবছা আলোতেও গেটে দাঁড়িয়ে, সেই মিটমিটে চোখদুটো ঠিক চিনতে পারে তিতির। মেনিমুখো কিন্তু তীব্র ভর্ৎসনাময় চোখ, এই তো অতনুর সিগনেচার। জীবনে কিচ্ছু না হতে পারার যন্ত্রনা সে ভুলত স্ত্রীকে ধিক্কার দিয়ে।
দু'পা এগিয়ে যেতেই লাফ মারল বেড়ালটা, একছুটে গুলঞ্চর ঝোপে গিয়ে সেঁধিয়েছে। একবছর আগে ওখানেই সারারাত কেটে গিয়েছিল তিতিরের। ছ'ফুট গভীর গর্ত খুঁড়তে কষ্টও হয়েছিল বৈকি!

●◆~◆●

আমাদের পেজ, Anari Minds এ চলছে ইভেন্ট, #পাঠকের_ভাবনায়_আনাড়ির_গল্প
গল্পের প্রথম লাইনটি দিয়েছিলেন Basudatta Sarkar। অনেক ধন্যবাদ জানাই তাঁকে।

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...