Skip to main content

অ্যাকাডেমির এককাহন

সিনেমা নিয়ে লেখালেখি ছেড়েই দিয়েছি প্রায়। তবু মাঝেমধ্যে পুরনো অভ্যেস চাড়া দেয় আর কী। বিশেষ করে গত বছর অর্থাৎ ২০১৯ এর বিদেশি, প্রধানত হলিউড, ব্রিটিশ এবং কোরিয়ান সিনেমা দেখে মনে হয়েছে এই একটা বছর ফিল্মের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। চিত্রনাট্য এবং নির্দেশনার দিগন্ত ভেঙেচুরে দিয়েছে জোকার বা প্যারাসাইট এবং অন্য সব সিনেমাগুলো। তাই না লিখে উপায় ছিল না। আর অস্কারের চেয়ে ভালো আলোচনার অবসর আর কীই বা হতে পারে।

বলে রাখি, 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ড' বা অস্কারই বিদেশি সিনেমার একমাত্র মাপকাঠি তা আমি মনে করি না। শুধু হলিউড ধরলেও 'স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড' বা 'সানড্যান্স' রয়েছে, বাইরে 'ভেনিস চলচ্চিত্র উৎসব' নিদেনপক্ষে 'বাফটা' আছে, যেগুলোর সম্মান অত্যন্ত তাৎপর্যপূর্ন― কিছুক্ষেত্রে অস্কারের তুলনায় বেশিই। তা সত্ত্বেও অ্যাকাডেমির যে আকর্ষণ সেটা আমজনতা থেকে রূপালী পর্দার তারকা কেউই অস্বীকার করতে পারে না।

সাম্প্রতিককালে অস্কারের মনোনয়ন থেকে প্রাপক বাছাইয়ের পদ্ধতিটাও, অনেক বিতর্ক সামলে বেশ কিছুটা পাল্টেছে। প্রতিটি বিভাগের জন্য আলাদা বিচারকগোষ্ঠী তো ছিলই; ক্ষেত্রবিশেষে এক একটা ক্যাটেগরিতে বিচারকের সংখ্যা হয়ে গেছে কয়েকশ থেকে কয়েক হাজার। তাছাড়া তাঁরা সকলেই সিনেমাশিল্পে কোনও না কোনওভাবে নিজেদের প্রমান করেছেন বলেই এই ভূমিকায় নিয়োজিত হয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল শেষ কয়েক বছরে এই বিচারকদের সংখ্যায় হলিউড এবং বাকি বিশ্বের আনুপাতিক উপস্থিতি প্রায় সমান সমান হয়ে উঠেছে। যে কারণে অস্কারের মনোনয়ন আরও বেশি করে 'গ্লোবাল ভিউ' এবং পারসেপশনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যেটা অ্যাকাডেমিকে আরও পরিণত এবং মজবুত করেছে বলেই মনে হয়।

আপাতত অস্কারের বিভাগ ধরে ধরেই আলোচনা শুরু করব। সেখানে আমার প্রেডিকশন থাকবে সঙ্গে আরও কিছু আলোচনা।

#অরিজিনাল_মিউজিক : দুই খুড়তুতো 'নিউম্যান' ভাই টমাস এবং র‍্যান্ডি মনোনীত এবছর, যথাক্রমে ১৯১৭ আর ম্যারেজ স্টোরি র জন্য। কিংবদন্তী জন উইলিয়ামসের হয়ত শেষতম স্টার ওয়ার্স মুভি বলেই নমিনেটেড। তবু আমার মতে শেষ হাসি হাসবেন আইসল্যান্ডের #হিলডার_গুডনাডট্টির 'জোকার' এর জন্য। তিনি মাত্র সপ্তম মহিলা যিনি এই বিভাগে মনোনীত হয়েছেন বিরানব্বই বছরের ইতিহাসে। এই বছর টিভি সিরিজ 'চার্নোবিল' এর মিউজিকের জন্যেও সম্প্রতি গ্র্যামি পেয়েছেন তিনি।

#অ্যানিমেটেড_ফিচার : ডিজনির দুটো সিকোয়েল 'টয় স্টোরি ৪' এবং 'হাউ টু ট্রেন ইওর ড্রাগন ৩' মনোনয়নে থাকলেও এইবার লড়াই মূলত নেটফ্লিকসের দুটি, 'ক্লাউস' এবং 'আই লস্ট মাই বডি' এবং ইন্ডি প্রোডাকশন লাইকার  অরিজিনাল 'মিসিং লিঙ্ক' এর মধ্যে।
শেষ হিসেবে যদিও সান্তাক্লজের বিনির্মিত অরিজিন স্টোরি #ক্লাউস জিতবার সম্ভাবনা বেশি।

#ফরেন_ল্যাঙ্গুয়েজ : গল্প, চিত্রনাট্য এবং ট্রিটমেন্টের জন্য সিনেমার ইতিহাসে জায়গা করে নেওয়া কোরিয়ান মাস্টারপিস #প্যারাসাইট ছাড়া আর কারও জিতবার সম্ভাবনা নেই। তা সত্ত্বেও বলে রাখি, প্যারাসাইট যদি বেস্ট পিকচারের ভোট পায় তাহলে এই ক্যাটেগরিতে উত্তর ম্যাসিডনিয়ার বনমৌমাছি পালকদের জীবন নিয়ে চারবছর ধরে তিনশ ঘন্টার ফুটেজ শ্যুট করে বানানো ডকু-ফিচার 'হানিল্যান্ড' জিতে যেতে পারে।

#অরিজিনাল_স্ক্রিনপ্লে : আবারও প্যারাসাইটের নাম নিতেই হচ্ছে কিন্তু সম্পর্কের জটিলতার গল্প এবং দুর্লভ কিছু অর্গানিক মুহূর্তের সৃষ্টি করা 'ম্যারেজ স্টোরি'র জন্য #নোয়া_বম্বাখ। 

#অ্যাডাপ্টেড_স্ক্রিনপ্লে : কেবলমাত্র সংলাপের কথা ভাবা হলে 'দ্য টু পোপস' আবার পিরিয়ড ড্রামাকে অথেন্টিকলি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে গ্রেটা গারউইগের 'লিটল উওম্যান' ― দুইই লড়াইতে থাকলেও শেষ পর্যন্ত খেতাব জিতবার শ্রেষ্ঠ দাবিদার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান একটি পরিবারের মা-ছেলের গল্প 'জোজো র‍্যাবিট' এবং লেখক নির্দেশক #তাইকা_ওয়াইতিতি, যিনি থর রাগনারক পরিচালনার জন্য খ্যাতনামা।

#ডকুমেন্টারি : #হানিল্যান্ড। বেস্ট ফরেন ফিচার এবং ইন্টারন্যাশনাল ডকু দুই বিভাগে মনোনীত হযে আগেই ইতিহাস গড়েছে। এই তথ্যচিত্রটির বিশেষত্ব ট্রিটমেন্টে ক্যামেরার উপস্থিতি বা শ্যুটিংয়ের তাগিদ বুঝতে না দেওয়ায়। 'ফ্লাই অন দ্য ওয়াল' টেকনিক অ্যাট ইটস বেস্ট।

#সিনেমাটোগ্রাফি : দুটো কথা শুধু। 'সিঙ্গল শট'! সুতরাং #রজার_ডায়াকিন্স ফর ১৯১৭।

#ভিস্যুয়াল_এফেক্টস : প্রায় ষোল কোটি ডলার খরচ হয়েছে বটে তবু ইল্যুমিনাটি সফটওয়্যারের ডি-এজিং টুল কামাল দেখিয়েছে বৈকি। আশির কাছাকাছি কয়েকজন কিংবদন্তীকে আরো পঞ্চাশবছর কম দেখানোর জন্যই অস্কার পাওয়া উচিত #দ্য_আইরিশম্যান' এর।

#সাউন্ড_মিক্সিং : যুদ্ধের সিনেমায় শব্দের ব্যবহার চিরকালই গুরুত্বপূর্ণ। #১৯১৭ হাঁটতে হাঁটতে জিতে যাওয়া উচিত।

#এডিটিং : অ্যান্ড্রু বাকল্যান্ড ফর #ফোর্ড_ভার্সেস_ফেরারি। কার রেসিংয়ের সিনগুলো অদ্যাবধি এই জনরায় দেখা অন্যতম সেরা, শ্রেষ্ঠ না হলেও।

#কস্টিউম_ডিজাইন : 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' যদিও সেই অর্থে পিরিয়ড ফিল্ম নয় তবু এই ছবিতে কস্টিউমের ভূমিকা বিশাল। তাই পুরস্কার পেলে অবাক হব না।

#অ্যাক্টর :  
অ্যাডাম ড্রাইভার অন্য যেকোনও বছরে এই বিভাগে জিতে যেতেন ড্যাং ড্যাং করে। কিন্তু 'জোকার'এ #ওয়াকিম_ফিনিক্সের অতিমানুষী অভিনয় এযাত্রা তাঁকে বঞ্চিত করবে।

#অ্যাক্টরেস : সারাবছর ধরেই #রেনে_জেলউইগর, 'জুডি' তে নামভূমিকায় অভিনয়ের জন্য এই বিভাগে ছাপ মার্কা উইনার। শেষ মুহূর্তে কোনও আপসেট হওয়ার আশঙ্কাও দেখছি না। কয়েকমাইল পিছনের সবচেয়ে কাছাকাছি থাকতে পারেন সার্সা রোনান, 'লিটল উওম্যান'এ মুখ্যচরিত্রে অভিনয়ের কারণে।

#সাপোর্টিং_অ্যাক্টর : তারান্টিনোকে খালি হাতে না যেতে দেওয়ার ইমোশন সরাতে পারলে ওয়ান্স আপন এর ব্র্যাড পিট নয় জিতবেন ছিয়াত্তর বছর বয়সী #জো_পেসি ফর দ্য আইরিশম্যান

#সাপোর্টিং_অ্যাক্টরেস : #ফ্লোরেন্স_প্যু - লিটল উওম্যান এর জন্য, না জিতলেও আমার বাজি হিসেবে থাকলেন নাহয়। যদিও এই সিনেমায় তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করা লউরা ডার্ন 'ম্যারেজ স্টোরি'র জন্য এই বিভাগের সব পুরস্কারই জিতে চলেছেন এই বছর।

#পিকচার
#ডিরেক্টর
 সবচেয়ে মর্যাদার এই দুই পুরস্কার আমার মতে জিততে পারে 'প্যারাসাইট' আর তার নির্দেশক বং জুন হো। যদিও #১৯১৭ #স্যাম_মেন্ডেস জুটি হয়ত ভাগ বসাবে একটি বা দুটি বিভাগেই। টেকনিক্যাল মাস্টারির পাশাপাশি পরিচালক যুদ্ধের যে ভয়ঙ্কর সুন্দর মানবিক প্রভাব দেখিয়েছেন সেটা অস্কারের ট্র্যাডিশন মেনেই হয়তো পুরস্কৃত হবে। সেক্ষেত্রে বেস্ট ফরেন বিভাগের সান্ত্বনা পুরস্কারেই সন্তুষ্ট থাকতে হবে 'প্যারাসাইট'কে। আপাতত আমি একটা চান্স নিলাম।

পরিশেষে বলি অনেক অনেক বছর পরে সেরা দশের মনোনয়ন থেকে পাঁচ যদিও বেছে ফেলা যায়, তার থেকে এক বাছাই করা অত্যন্ত কঠিন। আইরিশম্যান, জোজো র‍্যাবিট, ম্যারেজ স্টোরি, প্যারাসাইট এবং ১৯১৭ অস্কারের ইতিহাসে একই বছরে না থাকলে হয়তো প্রতিটিই পুরস্কার পেতে পারত, এতই ভালো। তাই ২০১৯ সিনেমার জন্য ভালো বললে কিছুই বলা হয় না, দৃষ্টান্তমূলক বলা চলে। ২০২০ এর চেয়েও ভালো হোক, এই আশা করলাম নাহয়।

#সপ্তর্ষি_বোস
০৯.০২.২০২০

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...