রিসেস পিরিয়ডে স্টাফরুমের বাইরে দাঁড়িয়ে ছিলাম আমি আর শুভ। উঁকিঝুঁকি মেরে দেখার সাহস কারোরই নেই। বলা যায় না হয়তো প্রবাল'দা অথবা দুর্গা'দা বের হয়ে এলেন! একজন অংকের বৃহস্পতি অন্যজন কেমিস্ট্রির সূর্য। উঁচুক্লাসের বারান্দায় কান পাতলে অবশ্যি 'শনি', 'মঙ্গল' প্রভৃতি নাম শোনা যায়! এটুকু রিস্ক নিতেই হত, কিছু করার নেই। আমাদের ক্লাস এইটে শক্তি'দার ক্লাস থাকে হপ্তায় একদিন, সেটা আগামীকাল। কিন্তু আজ দেখা করতে না পারলে যেটা হারাব সেটা সারাজীবনেও আর কোনোদিন জুটবেনা। নাইনের তন্ময়দা ঠিকঠাক দিয়েছে তো খবরটা?
শক্তিদা বলেছিল, বিকেলে খেলার পর সারদা ভবনে ওনার রুমে গিয়ে যেন অপেক্ষা করি। লেখক আসবেন সেখানেই। ওখান থেকে সই নিয়েই প্রেয়ার হলে যেতে পারব। এদিকে আমি খেলতে যাব কী, সারা বিকেল ভেবে মরলাম লেখকের অটোগ্রাফখানা কোথায় নেব! একটা ভাল ডায়েরি নেই, বইগুলোও পুরোনো। বিদ্যাপীঠের মুশকিল আসান 'স্টোরে' যাওয়া হল। কাজল'দাকে বললাম সমস্যাটা। কাজলদা একটু ভাবল, তারপর একটা বই নিয়ে এসে দিল, দেখলাম ঠাকুর রামকৃষ্ণের ছবি দেওয়া বই, ওপরে লেখকের নাম। বাহ, ভাল কথা, কিন্তু উনি আমাকে ওঁর লেখা বইতে সই দেবেন আর আমি কিছু দেব না, কী করা যায়!
শক্তিদার রুমে পৌঁছে দেখি দরজা বন্ধ। হলনা তাহলে আর! নিশ্চয় শেষটায় বদলে গেছে স্থান, আমাদের জানানোর উপায় ছিলনা। শুভকে সেকথা বলতে বলতে ছাতের সিঁড়ির দিকে চোখ পড়ল, সেখান থেকে টুকরো আওয়াজ ভেসে আসছে। ওপরে উঠে দেখি সাকুল্যে জনা কুড়ি ইলেভন টুয়েলভের দাদা, দুটো শতরঞ্চি পেতে বসবার ব্যবস্থা করছে ছাদের মাঝখানে। দরজা থেকে দূরের কোণাটায় শক্তিদা, দু হাতে অনেকগুলো খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে। আর তার পাশে ছাতের কার্নিশে দাঁড়িয়ে লম্বা, রোগা, চোখে গোল ফ্রেমের চশমা চোখে 'লেখক'! আমার স্বপ্নের চরিত্রদের জনক!
শতরঞ্চি পাতা হল, ইশারায় আমাদেরও বসতে বললেন শক্তিদা। কথা শুরু করলেন লেখক নিজেই। বললেন, এইবারে অনেকদিন পরে এলেন তিনি এদিকে। তারপর শব্দের এদিক সেদিক, যৌবনে যখন দেওঘর রামকৃষ্ণ মিশনে পড়াতেন, তখনকার কথা, ঠাকুর আর স্বামীজীর মজার মজার গল্প। সবাই হাসছি আমরা, বড়রা সাহস করে ওঁর কথার মাঝে টিপ্পনীও কাটছে মাঝেসাঝে, উনি পাতলা ঠোঁটে মুচকি হেসে তার চেয়েও সরস মন্তব্য করছেন অবলীলায়! আমি শক্তিদার পাশেই বসে, তায় এতখানি ছোট, বলতে সাহস হচ্ছেনা কিছুই, তবে মনেমনে ভারী অবাক হয়ে ভাবছি, এই দাদাগুলো কি, 'ইতি পলাশ' পড়েনি! 'শিউলি', 'রুকুসুকু'? কিছু বলছেনা কেন তবে কেউ!
সন্ধ্যে নামছিল আমাদের সেই পাথুরে শহরের ওপর। বর্ষার মেঘ কেটেছে ক'দিন মাত্র হল। এখন একটা ফুরফুরে হাওয়া দেয় শেষ বিকেলে। সেইসময় শক্তিদা নারকোল কুচি দিয়ে মুড়ি মেখে খবরের কাগজের ঠোঙায় ধরিয়ে দিয়েছেন হাতে হাতে, প্রেয়ার হল থেকে ভেসে আসা, "খন্ডন ভব বন্দন জগ'র সুরে সুর মিলিয়েছি আমরা সবাই। গান থামতে আড্ডাতেও অল্প বিরতি। আমি সেই ফাঁকে এগিয়ে গেলাম, সন্ধ্যারতির পোশাক, ধুতি পাঞ্জাবি পরা, শ্যামলা বেঁটে, প্রায়ই অসুখে ভোগা আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম, বিদ্যাপীঠের হসপিটালের বেডে আমার একমাত্র সঙ্গী বইগুলির স্রষ্টা, শ্রী সঞ্জীব চাটুজ্যের দিকে।
একহাতে 'পরমপদকমলে' বইটা বাড়িয়ে দিয়ে বললাম, নাঃ কিছুই বলতে পারলাম না, ভেবলে গিয়ে তাকিয়ে রইলাম শুধু। তিনি বইটা হাতে নিয়ে বললেন, "এই বইটা তুমি পড়েছ?"
- না, আজ কিনলাম। তবে বাকি সব পড়েছি!
মাথা নাড়িয়ে আমার সরল স্বীকারোক্তি। উনি মিটিমিটি হাসলেন, বললেন, "আচ্ছা বেশ, বলো তোমার প্রিয় চরিত্র কে?"
প্রিয় চরিত্র! পলাশ? রুকুও হতে পারে। রুকুসুকুর দাদুও তো খুব প্রিয়, আমার তো দাদুই নেই কোনো। আচ্ছা বড়মামা? আর শিরিন? এটা বলা যাবেনা, শিরিন তো প্রেম! মনেমনে পাতা ওল্টাচ্ছি সব বইগুলোর... 'প্রিয় বই', জিগ্যেস করলে ভালো হত! সহজ উত্তর, 'ইতি তোমার মা'। হটাৎ কী মনে হল বলে ফেললাম, "বুড়ো আর শ্যামল!"
হো হো করে হাসলেন তিনি। শক্তিদাও যোগ দিলেন সেই হাসিতে। তারপর বললেন, "বুড়ো, কার নাম জানো?"
- হ্যাঁ। আপনার ডাকনাম।
সামনের লোকটাকে এখন আমার ঠিক, 'বড়মামা'র মত লাগছে অথবা বুড়োর দাদু!
- "তাহলে তো তুমি সত্যিই সব পড়ে ফেলেছো দেখচি!" গলায় কৌতুক। "আচ্ছা 'শ্যামল' তোমার কেন প্রিয় বল তাহলে?"
আমার মনে পড়ে গেল, বুড়োকে দোষী প্রমান করতে সাক্ষী দিতে এসে শ্যামল বলেছিল, "আমি অনুতপ্ত।... ওই বুড়ো আমার বন্ধু ছিল।... আমিও ভাল হতে চেয়েছিলুম। হতে পারিনি।... আমাকে কেউ ভাল হতে শেখায়নি। বলেছে মস্তান হও। মস্তান হলে তুমি নেতা হবে। নেতা হলে তোমার অনেক টাকা হবে। বলেছে, চোর হও, সাধুদের দিন শেষ।"
এত কথা অবশ্যি বলে উঠতে পারলাম না, শুধু বললাম, "ওই যে, শেষটায় 'শ্যামল' কেমন ভাল হয়ে যায়!"
আবার হাসলেন তিনি, মন ভাল করে দেওয়া একটা হাসি, বুকপকেট থেকে একটা কালি পেন বের করে সই দিলেন। আমি দুইঞ্চি বাই চারইঞ্চির 'মা সারদা'র ল্যামিনেটেড ফটোফ্রেমটা ওনাকে দিতেই চশমার আড়ালে চোখদুটো নেচে উঠল যেন! খুশি খুশি গলায় বলে উঠলেন, "ঠাকুর ছাড়তে বলেন, আর 'মা' ধরতে! আগে ধরতে হয়, তবেই না ছাড়তে শিখবে।"
পুনশ্চ, এই গল্পের একটা পুনশ্চ আছে সেটা ছবিতে সইয়ের নীচে তারিখটার কারণে। সন্ধে সাড়ে ছ'টা বাজছিল ঘড়িতে, আবছা আধা চাঁদ ছিল আকাশে, যখন আমাকে উনি জিগ্যেস করেছিলেন, ওরম একটা বাজে ছেলে শ্যামল কেন আমার প্রিয়? এদেশে, সাড়ে ছ'টা, লন্ডনে বেলা আড়াইটে, জিএমটি দুপুর দেড়টা। নিউইয়র্কে সকাল ন'টা, অর্থাৎ, হাইজ্যাক করা দ্বিতীয় এয়ারক্রাফটটা তক্ষুনি আছড়ে পড়ছে, বিশ্বের উচ্চতম বিল্ডিংটার পেটে, সভ্যতার বুকে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে একটা।
#সপ্তর্ষি_বোস
০৪.০৩.২০১৮
Comments
Post a Comment