- চিন্ময় তরফদার যে, আসুন আসুন! এবারের পাণ্ডুলিপিটা এনেছেন তো?
- হুঁ, আসলে...
- বেশ বেশ। ওই কোণার টেবলটায় রেখে দিন, কেমন?
- ইয়ে মানে, পাণ্ডুলিপি রাখব না ভাবছি!
- আরে, প্রুফ আমি করিয়ে নেব'খন।
- তা নয় ঠিক...
- টেবলটা ওইদিকে। বইমেলায় রিলিজ করতে হলে আর দেরী করলে চলে নাকি মশাই!
- মুন্সীবাবু, এইবারটা থাক। বই করার দরকার নেই।
- অ্যাঁ! বই থাক! কী বললেন?
- আজ্ঞে, আপনার শ্রবণশক্তি লাজবাব!
- গেল শনিবার সংবাদপত্রে ষোল পয়েন্টের বিজ্ঞাপন চলে গেছে, "আসছে শীতে, পাঁচটা খুন, আসছে আবার 'তুম্বাচুন'!"
- আপনারই দৈনিক, আপনি ঠিক সামলে নেবেন জানি...
- বটে! তা আমাদের বাদ্দিলে কারা আপনার ওই উদ্ভট গোয়েন্দা গপ্প করবে? 'দত্ত'স্'?
- নাঃ। বললাম যে, এইবারে বই থাক।
- বই ছাড়া নিউটাউনের ফ্ল্যাটের লোন শুধবেন কী করে শুনি।
- শুধব না, বেচে দিয়ে আন্দুলের উঠোনঘেরা দু'কামরায় চলে যাব হয়ত। দেখি...
- চিন্ময়বাবু... কী দরকার! নাহয় ওই লোনের ক্লোসিং চেকটা আমিই লিখে দিচ্ছি। এই সই করলুম, হাতে নিন দিকি।
- দরকার নেই, রেখে দিন।
- দরকার নেই? রেখে দেব? ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আপনি আমাদের চিফ গেস্ট হলে ভাল হতো... তাও চলবে না?
- বেড়ে খেলেছেন। তবে মিস হয়ে গেল! চুক্ চুক্...
- এহেঃ, সঙ্গে সপরিবারে ইউরোপ ট্যুরটা বলিনি না? কী ভুলোমন যে হয়েছে, সরি!
- যেমনি ভুল করে পরের পর সংস্করণে লেখকের নামটা দিতে ভুল হয়ে যায়, তাই না?
- সে তো স্পেশাল বিজনেস স্ট্র্যাটেজি মশাই! তবে পাঠকরা কী বেস্টসেলার লেখকের নাম জানতে বাকি রেখেছে নাকি? অ্যাই দেখুন, দফতর থেকে হাজারখানেক চিঠি আপনার আসল নামে!
- বেশ ঘোড়েল লোক তো আপনি! অ্যাদ্দিন চেপে রেখেছিলেন!
- মা স্বরস্বতীর কাছে কান ধরতুম দু'বচ্ছর ধরে, এভরি নাইট, বিফোর বেড।
- এগুলো সব আমার ফ্যানদের চিঠি?
- সব নয়। আগেরগুলো দফতর থেকে আনালে, আরও হাজারদুয়েক হবে বই কী, তাছাড়া মেল রয়েছে কয়েক'শো।
- এতদিন লজ্জা করেনি আপনার, আমাকে প্রাপ্য থেকে বঞ্চিত করতে?
- কী বলছেন মশাই, ফি বছর আপনি যে রয়্যালটি পান, সেটা আমাদের হাউসে হাইয়েস্ট!
- টাকাটাই সব নয় মুন্সীবাবু।
- আহা সব তো নিশ্চয় নয়, রেগুলার গেস্ট ইন সরকারী অনুষ্ঠানস্... ইত্যাদির জন্যে সুপারিশ যায় জানেন নিশ্চয় আপনি?
- আর পাঠাবেন না। সুপারিশ দিয়ে আমার পেট চলে না!
- ফ্যান লাভ দিয়ে চলবে ভাবছেন নাকি মশাই? তাহলে ফেসবুক করলেই পারেন!
- করব বৈকি। তবে ওই চিঠিগুলোর থেকে যেটা পাওয়া যায় তার নাম রসদ আর সঙ্গে লেখার খিদে। সেটা আপনি অফার করতে পারবেন না।
- রক্ষে করুন, খিদে আর রসদ একসাথে পাওয়ার কাব্যিটা মাথায় ঢুকছে না, চিন্ময়বাবু!
- ক্যাশ আর কাইন্ডসের গদি ছেড়ে বের না হলে ঢুকবেও না।
- তা'লে পাণ্ডুলিপি?
- একমিনিট... এই যে, রিকোয়েস্ট পাঠিয়ে রাখলাম। ফেসবুক থেকে কপি করে নেবেন, কেমন!
#সপ্তর্ষি_বোস

লাভলি!
ReplyDelete