Skip to main content

বইপড়া : #তেইশ_ঘন্টা_ষাট_মিনিট

নাম : তেইশ ঘন্টা ষাট মিনিট
লেখক : অনীশ দেব
প্রকাশন : পত্রভারতী (হার্ডকভার, ২৫৮ পাতা)

আচ্ছা, কেমন হত যদি দৈনন্দিনের জরুরী প্রয়োজনগুলো মেটানোর জন্যে আমাদের খেলতে হত একটা করে খেলা আর সেই খেলার হারজিতের ওপর নির্ভর করত আমাদের চাওয়া কিন্তু না পাওয়া সব জিনিসগুলো।

এবার 'জরুরী প্রয়োজনের' জায়গায় রাখুন ন্যূনতম খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার অধিকার। আর 'খেলার' জায়গায় রাখুন লড়াই। আপনারই চেনা কারও সাথে অথবা অচেনা কিন্তু আপনারই মত প্রয়োজনের তাগিদে উঠে আসা কোনো মানুষের সাথে আপনার সংগ্রাম।

চেনা লাগছে? ঠিকই ধরেছেন, খেলার নাম 'জীবন' ওরফে বেঁচে থাকার লড়াই। যেখানে রোজকার চাহিদাগুলো পূরণ করতে প্রতিটি মানুষকে নামতে হয় যুদ্ধে, অন্য মানুষদের হারিয়ে অস্তিত্বের সংগ্রামে থেকে যাবার আশায়।

লেখক তাঁর গল্পে এই টিকে থাকার লড়াইকে আবহ দিয়েছেন আজ থেকে আরো সোয়া তিনশ বছর পরের। যেখানে বৈষম্য আর উঠোন, ব্যালকনিতে বিভক্ত নয়, একটা গোটা শহর ভাগ হয়ে গেছে 'ওল্ডসিটি' আর 'নিউ সিটিতে'। নিউ সিটির প্রযুক্তি, বৈভবের জীবনযাত্রা যেখানে স্বর্গের চেয়ে কিছুমাত্র কম নয়, সেখানে ওল্ড সিটিতে বাড়িঘর ভেঙে এখনশুধুই নোংরা বস্তির ভিড়। মাঠে ঘাস নেই, মাটিতে গাছ নেই, মানুষের হাতে কাজ নেই। অপরাধের সংখ্যা যত বেড়েছে পাল্লা দিয়ে কমেছে চিকিৎসা এবং শিক্ষার সুযোগ। প্রশাসন নেই বললেই চলে কেবল বিনাপয়সার বিনোদন আছে! কেমন সেই বিনোদন?

বিনোদনের যদিও হরেক নাম তবে তার মধ্যেও সবচেয়ে জনপ্রিয় হল 'কিল গেম'! যে খেলার কোয়ালিফায়িং পর্ব আর মূলপর্বে প্রতিযোগীরা কখনো লড়াই করে হিংস্র জানোয়ারের সাথে কখনো একে অপরের সাথে। নিয়ম একটাই, হয় মরো অথবা মারো। সেই খেলার (?) অবিরাম সম্প্রচার হয় দুই শহরেই। নিউ সিটিতে বিজ্ঞাপনের টাকা উসুল করতে আর ওল্ড সিটিতে কারণ, পরের গেমের জন্য চাই আরো আরো উত্তেজনা দিতে পারে এরকম খেলোয়াড়! চাই এমন কাউকে যে জীবনের জন্য লড়বে বেঁচে থাকার তোয়াক্কা না করেই।

গল্পের মূল চরিত্র জিশান কিভাবে এই মারনখেলায় ঢুকে পড়ে আর কিভাবে বিভিন্ন খেলায় সে মহড়া নেয় অসম প্রতিযোগীদের তাই নিয়েই গল্প। আর তার মাধ্যমেই সে এগিয়ে যায় সেই অমোঘ খেলার দিকে, যেখান থেকে কেউ ফেরেনি আজ পর্যন্ত, যার নাম 'কিল গেম'। দিন গুজরানের রোজকার লড়াই থেকে এই গল্পের প্রতিটা লড়াই একটা জায়গায় শুধু আলাদা। আমাদের একেকটা যুদ্ধ জিতে ফেরার পুরস্কার 'একটু ভাল করে বাঁচা', এখানেও পুরস্কার তাই। কেবল ব্যর্থতার মূল্যটা একটু আলাদা। এখানে মুহূর্তের ভুল মানেই হার, হার মানে মৃত্যু।
#সপ্তর্ষি_বোস
অনীশ দেবের লেখা ভয়ের আর কল্পবিজ্ঞানের ছোটগল্প পড়া ছিল এর আগে, তাই টানটান লেখনী সম্পর্কে ধারণা ছিলই। তবে যেরকম সংলাপধর্মী বর্ননা এবং দুতিন বাক্যের প্যারাগ্রাফে পুরো বইটা লেখা হয়েছে তাতে বই পড়াটা আধমিনিটের জন্যেও ক্লান্তিকর হয়নি বোধ হয়। চমৎকার! সত্যি বলতে কি, লেখাটা পড়তে পড়তেই, প্রায় সিনেমা দেখছি এই ভাবনা একবারের জন্যেও না আসাটা অসম্ভব, এতটাই বেশি বেশি করে সিনেম্যাটিক মুহূর্ত ছড়িয়ে রয়েছে পুরো বইটায়।

তবে সব ভাল যার শেষ ভাল, এক্ষেত্রে কিন্তু সব ভাল হয়েও শেষটা ভাল লাগল না। উপসংহার না থাকা হয়ত গল্পের পরবর্তী পর্বের (ষাট মিনিট তেইশ ঘন্টা) জন্য পাঠককে উৎসাহিত করবে কিন্তু তা সত্ত্বেও শেষের দিকের কুড়ি পাতা মতন বেশ তাড়াহুড়ো (rushed writing) করে লেখা বলে মনে হয়েছে।
এছাড়া, গোটা বইতে নায়ককে কেন্দ্র করে, third person limited narration, ব্যবহার করতে করতে হঠাৎ করে একটি চরিত্রের পূর্বাশ্রম বলবার জন্য মাল্টিপল ন্যারেশনে চলে যাওয়া যথেষ্ট অস্বাভাবিক লেগেছে। বিকল্প হিসেবে transitional অথবা parallel timeline ব্যবহার করতে পারতেন লেখক। প্রথমটা অন্য চরিত্রের মুখ থেকে সংলাপের ছলে প্লট ছাড়ানো। দ্বিতীয়টা শুরু থেকেই সমান্তরাল ভাবে আরেকটা ন্যারেশনে চলে যাওয়া।
একইরকম ভাবে 'ওল্ড সিটি', 'নিউ সিটি'র মত অকারণ ইংরেজী শব্দের ব্যবহার সংখ্যায় কম হলেও অপ্রয়োজনীয় মনে হয়। বিশেষত যেখানে নতুন জনরের লেখা লিখে বাংলায় নতুন পরিভাষা তৈরী করার সুযোগও বিদ্যমান।
শেষ দুর্বলতা, সিন্ডিকেট, গেমস করপোরেশন আর পিস ফোর্সের দুষ্টচক্র সম্বন্ধে পাঠককে বেশ কিছু প্রশ্ন ধাক্কা মারে, যেগুলোর কোনো সঠিক ব্যাখ্যা এই বইতে পাওয়া যায় না। এটাও হতে পারে সেগুলো দ্বিতীয় পর্বের জন্য তোলা থাকল। সেটাই যদি হয় তবে প্রশ্নগুলো ছায়াশ্রিতা না হয়ে কুয়াশাবৃত (inquisitive not confounding) থাকলে সম্ভবত অনেক বেশি করে পাঠকমনের আগ্রহের সঠিক পরিচায়ক হত মনে হয়।

গল্পটি লেখা শুরু হয়েছিল ২০০৪ সালে 'কিশোর ভারতী' পুজোসংখ্যায়, শেষ হতে হতে ২০১০। অতএব হলিউড ফিল্মখোররা বুঝে গেছেন নিশ্চয়, 'হাঙ্গার গেমস'(২০০৮) এর সাথে যোগাযোগ টেনে লাভ নেই বিশেষ। বরং যেটা বলার সেটা হল বিদেশে এই জনর ইতিমধ্যেই জনপ্রিয় এবং উপন্যাস আর সিনেমা তিনদশক আগে থেকেই সেখানে স্বীকৃতি দিয়েছে এই ডিসটোপিয়ান (dystopian) দুনিয়ার চর্চাকে। বাংলায়, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে সেরকম বহুলপঠিত ফিউচারিস্টিক (futuristic) থ্রিলার চোখে পড়েনি এই লেখাটির আগে। সেইজন্য লেখককে অনেক ধন্যবাদ। আশা রাখব এই গল্পের আরেকটি পর্ব ছাড়াও ভবিষ্যতে এই পটভূমিকায় আরো গল্প বা উপন্যাসের জন্ম দেবেন অনীশ দেব মহাশয়।
#সপ্তর্ষি_বোস
২১.০৮.২০১৮

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...