Skip to main content

★★★'হরমোন'★★★

অধুনা নিউটাউনের যে আবাসনে আমার বাস, তাহার কাছাকাছি অপর কয়টি আবাসন ব্যতীত, অন্য লোকালয় আমার দৃষ্টিগোচর হয় নাই।
আশেপাশে নির্মীয়মান বহুতল রহিয়াছে প্রভূত। সেইসব বহুতলের দ্বার অথবা গবাক্ষ নাই, কেবল উঁচু মিনারের ন্যায় উপরে উঠিয়া গিয়াছে। সরকার কর্তৃক মেহগনিসদৃশ পিচ রাস্তা তৈয়ার করা হইয়াছে, অপেক্ষাকৃত জনবহুল দুই-চারিটি বিন্দু যুক্ত করিবার অভিপ্রায়ে কিছু সংযোগকারী রাস্তাও বিদ্যমান। তেমনি একটি রাস্তা আমার বাসস্থানের সম্মুখ হইতে খানিক দূরে অবস্থিত পেট্রোল পাম্পের নিকটে গিয়া উঠিয়াছে। পথমধ্যে দুইটি অসম্পূর্ণ ফ্ল্যাটবাড়ি এবং কাঁটাগাছের ঝোপ ব্যতীত কিছু দেখা যায় না। এই রাস্তায় আলোকবর্তিকা অপ্রতুল।
আমি আপিস হইতে ফিরিতেছিলাম। অকস্মাৎ বাড়ির সামনে আসিয়া খেয়াল করিলাম আমার দ্বিচক্রযানটি বার্তা দিবার প্রয়াস করিতেছে যে, তাহার জ্বালানী আবশ্যক। একেই ঘোর বর্ষণ, তদুপরি সময় প্রায় রাত্রি নয় ঘটিকা, তাই প্রথমে ইতস্তত বোধ করিতেছিলাম। কিন্তু ভাবিলাম, কল্য প্রভাতে সাপ্তাহিক ফুটবল অনুশীলনে যাইবার পূর্বে যখন জ্বালানী লইতেই হইবে তখন...
অতঃপর বাইক বিপরীতমুখে আনিয়া উল্লিখিত রাস্তায় অগ্রসর হইলাম। সামান্য পরেই একখানি বৃহৎ চতুষ্চক্রযান আমার পথমধ্যে আসিয়া পড়িল। এমত বর্ষণমুখর রাত্রিকালে কেহ ফ্ল্যাট দেখিতে আসিবার সম্ভাবনা স্বল্প। যানটির সম্মুখ আসনদ্বয়ের মধ্যে আলো জ্বলিতেছিল। দেখিলাম চালক পুরুষটি নিবিষ্টমনে ধূম্রপানে ব্যস্ত এবং সঙ্গিনীটি তাহার যাবতীয় মনোযোগ মোবাইলে দান করিয়াছেন। প্রত্যয় হইল তারা পথ হারাইয়াছেন। আপন দ্বিচক্রযানের গতিবেগ কিঞ্চিৎ কম করিলাম কিন্তু ইহারা মানুষ অপেক্ষা গুগলে সামান্য অধিক বিশ্বাস রাখেন বলিয়া বোধ হইল।
পেট্রল পাম্পে দাঁড়াইয়া আপন মোবাইল দেখিয়াছিলাম। সহধর্মিনী বার্তা পাঠাইয়াছেন, "খিচুড়ি প্রস্তুত, ঘরে ফিরিয়া তোপসেগুলান ফ্রাই কোরো।"
আমার মন ফুরফুরে হইয়াছিল, উপরন্তু বাইকে জ্বালানী অপর্যাপ্ত। ফলতঃ ফিরিবার পথে গতিবেগ ছিল বেশি। দুইটি চেনাজানা কাঁটাঝোপ অতিক্রম করিবার পর সেই চেনা চতুষ্চক্রযান পুনরায় দৃশ্যমান হইল। তবে এখন আর তাহা স্থির নহে। তাহাকে চলমান বলা চলে কিনা জানা নাই, তবে দোদুল্যমান বলা যায়।
আমি বাল্যকালে 'টাইটানিক' চলচ্চিত্র দেখিয়াছিলাম। সাম্প্রতিক অতীতে 'পি কে' দেখিয়াছি। 'নৃত্যরত যান', প্রত্যক্ষ করিয়া বিলক্ষণ চিনিলাম এবং যত্পরোনাস্তি পুলকিত হইলাম। দেখিলাম, উহাদের সমীপে কোনো আলো জ্বলিতেছে না। অকারণ বিরক্ত করা সমীচীন হইবে না বলিয়া আপন যানের সম্মুখে আলোকবর্তিকাটি নিভাইয়া দিলাম।
রাত্রের আহারাদি সম্পন্ন করিয়া এক্ষণে মনে পড়িল, তীব্রবেগে দুলিতে থাকা যানটির কথা। পুরুষটি যতদূর মনে পড়ে কৃশ চেহারার এবং স্ত্রীলোকটিও অনুরূপ। কিন্তু ব্যবহারের যানটি বৃহদাকার, সম্ভবত 'হিউন্ডাই ক্রেতা' অথবা বিক্রেতা ধরনের কিছু হইবে।
বুঝিলাম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে হরমোন!
#সপ্তর্ষি_বোস

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...