- নমস্কার নস্করবাবু।
- হুঁ।
- আরে ও নস্করবাবু, শুনছেন।
- আচ্ছা লোক তো আপনি! যখন তখন এসে বিরক্ত করেন।
- হেঁ হেঁ, বোঝেনই তো ডিউটি বলে কথা।
- বলুন কী চাই।
- ওই যে, ইএমআই।
- সে তো গত হপ্তায় কমপ্লিট।
- তাই হতে পারত, তবে দিনদশেক আগে লাঞ্চটাইমে একটা এক্সট্রা ডেবিট করে ফেলেছেন কিনা।
- এক্সট্রা ডেবিট? মানে! ঠিক বুঝলাম না।
- দোলের আগেরদিন, ইরফানসাহেবের টেবলে গিয়ে, ‘অহো, কী খুশবু আসছে ভায়া’, বলে হামলে পড়েননি বলছেন?
- অ। তা আপনিই বলুন, রুটি-আলুভাজামার্কা আপিসে কেউ টিফিনবাক্স ভর্তি ‘হালীম’ নিয়ে আসে?
- উনি আনলেন আর আপনি তাই বলে সুরুৎ করে আদ্ধেকটা সাবড়ে দিলেন!
- আহা দেবভোগ্য জিনিস, কালেভদ্রে জোটে।
- সে তো বটেই, তাতে করে এই আকালের বাজারে আপনার লোন গেল বেড়ে।
- ক্ কিন্তু গেল সোমবার সরকারের একধর্মে তোষননীতি আরেকধর্মে দমননীতি নিয়ে ঝাড়া আধঘন্টার লেকচারটা দিলুম যে হরুর দোকানে! শুনে হবু কাউন্সিলর দত্তবাড়ির ছোটছেলেটা অব্দি বললে, ‘কাকা তোমার কথা শুনে মনে হচ্ছে আরেকটা সিপাহী বিদ্রোহ লাগল বলে!’, তার বেলা?
- তাতে খানিক পেব্যাক হয়েছে ঠিকই, তবে এ তো আর বাড়ি গাড়ি নয় মশাই, উল্টে সময়ের সাথে অ্যামাউন্ট বাড়তেই থাকে।
- তা, কদ্দিন হল আমার লোনটার?
- তা প্রায় বছর তিরিশেক। ক্লাস ফাইভে দশমীর দিন, আপনাদের বাড়ির প্রতিমা বের করে দেখা গেল, একটা সোনার দুল মিসিং।
- হুম। বাড়ির সবাই বলছিল, ইসমাইল চাচাই পেয়েছে কিন্তু দেয়নি। ঢাকীদের পয়সা দিতে এসে নাকি মন্দির চাতালে একলা ছিল অনেকখন। বড়জ্যেঠু বলেছিল, ‘দুধকলা দিয়ে কালসাপ পুষলে এই হয়!’
- সেই তো। সেদিন থেকেই দশবছরের আপনি, যুক্তি বন্ধক দিয়ে, বিশ্বাস করতে শুরু করলেন, ওরা খারাপ লোক।
- তবে কিনা...
- আবার ‘তবে’ কিসের নস্করবাবু? ইদানীং আপনি একটু বেচাল করেছেন বটে। পার্কসার্কাসে খাওয়াদাওয়া, লাভ জিহাদের সমর্থনে ফেসবুক স্ট্যাটাস ইত্যাদিত্যাদি। অবশ্যি সেসবই প্রায়শ্চিত্ত করে নেবার উপায় আছে’খন।
- কিরকম?
- মিনিমাম কষ্ট। শনিবার করে সন্ধেবেলায়, হরুর দোকানে যাবেন, আপনার বড়জ্যেঠুর কথাটা বলবেন। ইসমাইল যে কতবড় চোর, সেটাতো বলবেনই। জঙ্গিবাদ, অত্যাচারের ইতিহাস, এসব গুঁজে দিতে ভুলবেন না যেন। আর আপনার কথার যে একটা দাম আছে, সে তো দত্তদের ছোট ছেলেটাই বলে।
- তাহলে এই আপনার ইএমআই?
- আজ্ঞে। সন্ধে হয়ে এল,আজই শনিবার, বেরিয়ে পড়ুন তবে। আমাকে আবার ইরফানসাহেবের ওখানেও যেতে হবে। হোলিতে বাচ্চা কলীগদের সাথে রঙটঙ মেখে যা নয় তাই করেছেন। ওনাকেও এক্সট্রা ইএমআইয়ের তাড়াটা না দিলেই নয়।
- এজেন্টবাবু, আপনিই তাহলে বেরিয়ে পড়ুন।
- আফটার ইউ স্যার, আপনি বের হলেই…
- আমি আর ইএমআই দেব কিনা ভাবতে হবে। কাল থেকে, বড়জ্যেঠুর কথাটা আর অ্যাদ্দিনের বিশ্বাস দুটোই বরং লকারে রেখে আসব, কোনও কাজের না দেখলাম।
- নস্করবাবু, আপনি বোধহয় বুঝতে পারছেন না, ওরা সত্যিই ভাল লোক নয়!
- আপনি বিদেয় হন দিকি। বাড়িতে নারায়ণপুজো, সিন্নিটা আবার আমার হাতেই মজে ভাল। একদিন ফ্রিজে রেখে পরশুদিন ইরফানভাইয়ের জন্যেও নিয়ে যেতে হবে। বারবার করে বলে দিয়েছেন কিনা।
#সপ্তর্ষি_বোস
১০.০৩.২০১৮
১০.০৩.২০১৮
Comments
Post a Comment