Skip to main content

বড়দিন

 বড়দিন মানে কেক, একথা ভাবতেই ভালো লাগতো ছোটবেলায়। আরেকটু বড়ো হবার পর, সরস্বতী পুজোর আগে কুল খেলে যেমনি সামনের পরীক্ষায় প্রবল ধ্যাড়ানোর চান্স, তার মতো বড়দিন এর আগে কেক খেলেও কোনো অজানা বিপর্যয় আসতে পারে কিনা তাই নিয়ে বুক দুরুদুরু। হাজার হোক, যীশু ভগবান শক্তিতে কিছু কম যান নাকি! বিদ্যাপীঠে পড়ার সময় পঁচিশে ডিসেম্বর ব্রেকফাস্টে পেতাম একটুকরো প্লাম কেক। টার্মিনাল  পরীক্ষার ঠিক পরে পরে নতুন বছরের উৎসব অনুষ্ঠান নিয়ে হাজির হতো তখন বড়দিন। সেই অধীর আগ্রহ আর এক আকাশ উৎসাহ স্কুল ছাড়ার পর ফিকে হয়ে এলো। ঠিক যেমন ফিকে হয়ে গেছে ফেলে আসা টেক্সটবুক অথবা নার্সারী স্কুলের আগে প্রতিদিন মা'র জুতো বাঁধতে শেখানোর স্মৃতি। বড়ো হতে আর বড়দিনটা বড়ো কিছু রইলো না। কলেজজীবন থেকে সে নিখাদ ছুটি মাত্র। কেক শুধু শীতকালের আনুষঙ্গিক হয়ে বেঁচে নেই, সেও বড়ো হয়েছে, এখন তার বাহারি সাজ, রকমারি শোরুম, বহুল ব্যবহার। যাই হোক, অনেকবছর পরে কাল হটাত বড়দিন ভর করলো। কেক কিনতে গেলাম। ঢুকলাম একটি দোকানে যার নামবিপ্লব হয়ে গেছে কিছুদিন আগেই। দরজার বাইরে রঙিন ছাতা লাগিয়ে প্যাকেট কেকগুলো বিক্রি করছে একজন স্টাফ, বাড়তি ভিড় সামলানোর জন্য। ফলে ভেতরে মাত্র একজন। একটা মধ্যবয়সী চুল পাতলা হয়ে এসেছে, তিনি একা হাতে করছেন সবকিছু, জাস্ট বিলিং ছাড়া। বিলিং এ ভারী চেহারার এক মহিলা, বড়সড় টিপ আর সিল্ক এর শাড়ি পরে কার্ড এবং ক্যাশ নিয়ে চলেছেন। আপাতত অবশ্য তার হাতে একটি বড় গোলাকার টিফিনবাক্স, যা থেকে অল্প অল্প করে বয়েল্ড ভেজিটেবলস, স্পুনের সাহায্যে হাঁ মুখে চালান যাচ্ছে। পুরুষটি দুজন খরিদ্দারকে ছেড়ে দিয়ে আমার দিকে ফিরে বললেন, "একটু ওয়েট করবেন, দু'মিনিট ?" আমার আপত্তি করার প্রশ্ন নেই, দেখতেই পাচ্ছি ভদ্রলোকের দু'হাত জোড়া, কিছু প্যাকেট নামিয়ে ফেলেছেন, ভাঁজ করে বাক্স করবেন এখন। মহিলা একমনে বিনস্ খেতে ব্যস্ত। আমি পকেট থেকে ফোন বের করে চেক করতে যাব, শুনলাম, "দিদি, কাল সকালে একটু দেরি হবে আসতে।" দিদি গলা তুললেন না অথচ গম্ভীর স্বরে বললেন, "পঁচিশে ডিসেম্বর দেরি করলে চলবে?"
- "ছোট মেয়েটা এডমিট, এই মাসে রক্ত নেবার ডেট পড়েছে কাল, তাই আসলে।", একটু ইতস্তত করে বলছিলেন ভদ্রলোক।
বিনস্ শেষ, এবার বাক্সটা বন্ধ করলেন মহিলা। "তুমি লাঞ্চটাইম এর পর যাও বরং।" 
ভদ্রলোক দৃশ্যতই হতাশ, তবু বললেন, "দশটায় টাইম দিয়েছে ওর, তবে ঠিক আছে দিদি, দুপুরেই যাবো।"
আমি কেক কিনে দাম মিটিয়ে বেরোলাম। ভদ্রলোক হাতে মোবাইল নিয়ে সামনে সামনে। আমি বাইকের দিকে এগিয়ে যেতে যেতে শুনলাম, "হ্যালো, তুমি কি সুমির সাথে আছো?.., কাল আসলে আমি তিনটের আগে আসতে পারবোনা, তোমাকে একাই যেতে হবে। ওকে বোলো, বাবা কেক নিয়ে আসবে বিকেলে।" ফোন রেখে ম্লান মুখ তুলেই আমাকে দেখলেন, হাসলেন অল্প। আমিও চেষ্টা করলাম, পারলাম না বোধহয়। ঠিক দেখতে পেলাম হসপিটাল বেড এ শুয়ে থাকা ফুটফুটে একটা মেয়ে, যার হাতে বেশক'টা সূচের দাগ, স্যালাইন চলছে। তবুও সে হেসে চলেছে। যুদ্ধের পর আহত ফিরতি সেনার মুখে দূর সমুদ্র থেকে দেশ দেখলে 'পরে যেমন হাসি, ঠিক তেমনি। আর বিছানার পাশে, একটা হলুদ সেলোফেন পেপারে মোড়া বাদামি রঙের কেক হাতে তার বাবা। কী আশ্চর্য, হসপিটাল এর মধ্যে লোকটা লাল টুপি মাথায় দাঁড়িয়ে আছে! গায়েও একটা লালমতন কি যেন, আলখাল্লা বোধহয়।
#সপ্তর্ষি_বোস

Comments

Popular posts from this blog

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★ কলকাতার শীত ★★★ #স্মৃতির_বারান্দা

 বাঙালি শীতচাতক। অর্থাৎ শীতকাল কবে আসবে সে জিজ্ঞাসা তার কথা, কলম আর কীবোর্ডে সতত বিদ্যতে। পুজো সেপ্টেম্বরেই হোক না কেন, কোজাগরী থেকে বাঙালির 'ঠান্ডা'বোধ হতে থাকে। ভোরের কুয়াশাঘেরা চায়ের দোকানে অথবা অফিসফেরত পাড়ার মোড়ের টুপটাপ হিমপড়া আড্ডায়, একজন থাকবেই যে বলে উঠবে, "এবার কিন্তু বেশ ঠান্ডা পড়বে, দেখে নিস!" বাঙালির এই শীতপ্রীতি কিংবা অবসেশন হেমন্তকে বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে। দুর্গাপুজো বাদ দিলে শরৎ এরও প্রয়োজন নেই বিশেষ। তবে কদাচিৎ কোন কোন বছর শীত সত্যিই পড়ে বৈকি। এই ঘটনাটা সেরম একটা, একদশকের বেশি পুরোন মরশুমের। পুজো ছিল অক্টোবরের শেষাশেষি, কোজাগরী খাস নভেম্বর। কলেজে তখন পুজোর ছুটি থাকত ভাইফোঁটা অব্দি। কিন্তু একটা আর্জেন্ট নোটিস আসায়, অনেকটা হটাৎ করেই সেবার ক্লাস শুরু হয়ে গেল। কলকাতা ঢুকতেই শঙ্খ র ফোন। "তুই কি বাড়ি থেকে এসে গেছিস?" আমি 'হ্যাঁ' বলতে ফোনটা হাতবদল হয়ে গেল। ওপাশ থেকে কাকিমা বললেন, "বিকেলে চলে এসো। আর রাত্রে খেয়ে যাবে।" আমি স্বভাবতই, "না না কাকিমা, আজ কেন! আমি তো যেতেই থাকি।", বলে টলে ভদ্রতা রক্ষার চেষ্টা করছি। কা...